পান্তাবুড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যে ছিল পান্তাবুড়ি। তিন কুলে তার কেউ ছিল না। থাকে গ্রামের শেষ মাথায় একটা কুঁড়েঘরে। সেই ঘরের একেবারে পড়ো পড়ো দশা। বুড়ির চুলগুলো যেন শণের গোছা। তার সামনের পাটিতে একটা দাঁতও নেই। পরনে যে শাড়ি, তাতে হাজারটা তালি। কাঁধে একটা ঝোলা। হাতে লাঠি। তার ওপর ভর করেই চষে বেড়ায় সারাটা গাঁও।এখন শোনো, কেন সে পান্তাবুড়ি। পান্তাই যে তার সবচেয়ে প্রিয় খাবার। রাতে ভাত রেঁধে গরম ভাতেই ঢালত পানি। সকালে ঘুম থেকে উঠে খেত সেই পান্তা। কী দিয়ে খেত, জানো? শুধুই শুকনো মরিচ পোড়া, লবণ আর পেঁয়াজ দিয়ে। আর তা খেয়েই বুড়ির সে কী আনন্দ! এমন যে বুড়ি, তার নাম তো পান্তাবুড়ি হওয়াই স্বাভাবিক।একদিন হলো কি, গাঁয়ে এল একটা দুষ্টু চোর। গায়ের রং তার মিশমিশে কালো আর গড়ন তার পাতলা লিকলিকে। চুরি করাই তার একমাত্র কাজ। হাতের কাছে যা পায়, তা-ই সে চুরি করে নিয়ে যায়। এ রকম যে চোর, সে কিনা গাঁয়ের এবাড়ি-সেবাড়ি চুরি করতে করতে এক রাতে এল পান্তাবুড়ির বাড়ি। বুড়ির তো খান দুই তালিমারা শাড়ি, ঝোলা আর একটা লাঠি ছাড়া আর কিছুই নেই। চোর আঁতিপাঁতি করে খুঁজতে খুঁজতে পেয়ে গেল ভাতের হাঁড়ি। দেখেই তো তার চোখ জোড়া লোভে চকচক করে উঠল। গপগপ করে খেয়ে ফেলল সবটুকু পান্তা। কেবল সেদিনই নয়, এর পর থেকে রোজ রোজই সে করতে লাগল একই কাণ্ড।পরদিন সকালে বুড়ি খেতে গিয়ে দেখে কি, ভাতের হাঁড়ি একদম খালি। একটা ভাতও নেই। বেচারা পান্তাবুড়ি কী আর করে, ঘরে তো আর কোনো খাবার নেই। সারা দিন খিদেয় কষ্ট পেল খুব। কেবল সেদিনই নয়, পরদিন, তার পরদিন, তার পরদিনও—একই রকম কষ্ট পেল। শেষে করল কি, খিদে আর সইতে না পেরে বুড়ি চলল রাজার কাছে বিচার চাইতে।পথে যেতে যেতে বুড়ির সঙ্গে দেখা হলো একটা গরু, একটা শিং মাছ, একটা বেলগাছ আর একটা ক্ষুরের সঙ্গে। সবাই বুড়ির কুশল জিগ্যেস করল। একথা-সেকথা বলার পর বুড়িকে গরু বলল গোবর পরিষ্কার করে দিতে। শিং মাছ বলল তাকে পুকুরে ছেড়ে দিতে। বেলগাছ বলল তার গোড়া থেকে আগাছা সাফ করে দিতে। আর ক্ষুর বলল তাকে ছায়ায় রেখে দিতে। খিদের চোটে তখন চোখে আঁধার দেখছিল বুড়ি। তার পরও সে সবার সব কথা শুনল। তারপর গেল রাজার বাড়ি।রাজদরবার। রাজা বসে আছেন সিংহাসনে। সামনে মন্ত্রী, সেপাই, পাত্রমিত্র। সে এক এলাহি কারবার! রাজদরবার বলে কথা। আমাদের পান্তাবুড়ি তো সেই রাজদরবারে লাঠি ঠুকঠুকিয়ে হাজির। এমন রাজকীয় পরিবেশে ছেঁড়া তালিমারা শাড়িপরা পান্তাবুড়ি একেবারেই বেমানান। রাজা তো বুড়িকে দেখে অবাক। বুড়ি সালাম দিয়ে রাজাকে সব কথা বলল, চাইল ন্যায়বিচার। রাজা বললেন, চোর কে? বুড়ি উত্তর দিল, তা তো জানি না, রাজা মশাই। রাজা বললেন, তবে তো আমি কিছুই করতে পারব না।মন খারাপ করে ফিরে চলল বুড়ি। পথে গরু, শিং মাছ, বেলগাছ, ক্ষুর সবার সঙ্গে আবার তার দেখা হলো। তার মন খারাপ দেখে সবাই জিগ্যেস করল, তার কী হয়েছে। সবকিছু খুলে বলতেই তারা বুড়িকে বলল, ভেবো না, আমরাই চোরকে শায়েস্তা করব। গরু বুড়িকে একটু গোবর দিল, শিং মাছ দিল একটা দুষ্টু শিং মাছ, বেলগাছ দিল একটা বেল আর ক্ষুর নিজেই চলল তার সঙ্গে।বাড়ি ফিরে ওদের কথামতো বুড়ি শিং মাছ রাখল ভাতের হাঁড়িতে। বেল রাখল চুলার ভেতরে, গোবর রাখল দরজার সামনে আর ক্ষুরটা রাখল উঠানে ঘাসের মধ্যে। রাতে চোর এসে যে-ই ভাতের হাঁড়িতে হাত দিয়েছে, অমনি শিং মাছ চোরের হাতে কুটুস করে দিল কাঁটা ফুটিয়ে। ব্যথার চোটে চোর গেল যেই চুলোয় হাত সেঁকতে, অমনি ফটাশ করে বেল ফেটে লাগল চোরের চোখেমুখে। চোর ওই অবস্থায় যে-ই ছুটে বের হতে যাবে, অমনি গোবরে পা পিছলে উপুড় হয়ে পড়ে গেল। উঠে দাঁড়িয়ে ঘাসে পা মুছতে গিয়ে ক্ষুরে কেটে গেল তার পা। প্রাণ যাওয়ার দশা হলো তার। সেই অবস্থায় একেবারে ‘বাবা রে, মা রে’ করে চোর ছুটে পালাল গাঁও ছেড়ে। আর পরদিন থেকে বুড়ি পান্তা খেতে লাগল অনেক অনেক শান্তিতে। (প্রচলিত গল্প থেকে)