পিবিজ্ঞানী পিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ যেমন নাছোড়বান্দা হয়, পিপি তেমনি নাছোড়পিঁপড়া। কিছুই ছাড়বে না সে। হাতের কাছে যা পাবে, তা-ই ধরে দেখবে। যদি নতুন একটা কিছু বানানো যায়! গত বছর এভাবে একটা মাটি খোঁড়ার বেলচা আর মোটর জুড়ে দিয়ে বানিয়ে ফেলেছিল আজব এক যন্ত্র। সবাই দারুণ প্রশংসা করেছিল পিপির। যন্ত্রটা দিয়ে এক সেকেন্ডের মধ্যে মাটি খুঁড়ে ভেতরে ঢুকে যাওয়া যায়। মানুষের পায়ের চাপ থেকে বাঁচার জন্য যন্ত্রটার জুড়ি নেই। যন্ত্রটার জন্য পিপি বছরের সেরা পিবিজ্ঞান পুরস্কার পেয়েছিল। মহল্লার রানি পিঁপড়া তাকে নিজ হাতে চিনির দানা খাইয়ে দিয়েছিলেন।আহা! সেই স্বাদ এখনো ভুলতে পারছে না পিপি। কিন্তু কী করবে, এ বছরে একটা নতুন আবিষ্কারও করতে পারেনি বেচারি। বসে বসে কেবল ভেবেছে আর ভেবেছে। তবে আজকে একেবারে মাথার দুটো শুঁড় বেঁধে নেমে পড়েছে পিপি। নতুন কিছু আবিষ্কার করেই ছাড়বে।সকাল থেকে পিপিকে খুঁজে পাচ্ছে না তার মা চি বেগম। মেয়েটা অল্প বয়সেই বেশি ভাবুক হয়ে গেছে। স্কুলেও যায় না ঠিকমতো। অথচ কদিন পরই তাকে খাদ্য ও দুর্যোগ দপ্তরে যোগ দিতে হবে। তখন যে কীভাবে সবার সঙ্গে লাইন ধরে খাবার আনবে!গর্তের প্রতিটা খোঁপে একবার করে ঢুঁ মারছেন চি বেগম। এমন সময় পাড়ার মুরব্বি জনাব টুঁ বললেন, ‘লাভ নাই চি বেগম, তোমার দস্যি মেয়ে আশপাশে নাই। সাতসকালে বাক্স-পুঁটলি নিয়া ধোলাইখালে গেছে।’ চি বেগম চিন্তিত মনে বাসায় ফিরে এলেন। পিপির বাবা কাজ করতেন ধোলাইখালে। তিনি ছিলেন মহল্লার ১ নম্বর কারিগর। চিনি খোঁজার জন্য তিনিই প্রথম সুগার ডিটেক্টর যন্ত্র বানিয়েছিলেন। কিন্তু তিনি বেঁচে নেই। ধোলাইখালের যন্ত্রপাতির তলায় চাপা পড়েই...। নাহ, চি বেগমের দুশ্চিন্তা আরও বেড়ে গেল। পিপি ধোলাইখালে যায়নি। সে এসেছে বুয়েট নামের একটা জায়গায়। দাদার কাছে এ জায়গার গল্প অনেক শুনেছে সে। মানুষ এখানে অনেক কিছু বানায়। কিন্তু পিপির বাবা কোনো দিন এখানে আসেনি। ওসব দিয়ে নাকি পিঁপড়েদের কাজ নেই। তবে পিপি এ কথা মানতে নারাজ। আকারে ছোট-বড় হওয়ার সঙ্গে বিজ্ঞানের কী সম্পর্ক। মানুষ নাকি এখন ছোট ছোট জিনিস নিয়েই বেশি মাথা ঘামায়। এমন সব জিনিস বানায়, যা নাকি পিঁপড়েরাও খালি চোখে দেখবে না। পিপি তাই মোটেও হতাশ নয়। সে বুয়েটের একটা গবেষণাগারে ঢুকে পড়ল।‘ওয়েলকাম মিস...।’‘পিপি, মাই নেম ইজ পিপি।’‘ওকে পিপি...আমি হচ্ছি চিহি।’‘এখানে কী করছ?’‘আমি এখানেই থাকি। ওরা মজার মজার সব জাদু দেখায়।’‘জাদু নয় বোকা, ওটা হলো সায়েন্স। মানে বিজ্ঞান।’‘ওম্মা। তুমি দেখি পিবিজ্ঞানী! এখানে এসেছ কেন? এটা তো মানুষের ল্যাবরেটরি।’চিহি নামের মোটা পিঁপড়েটার প্রশ্নের উত্তর বেশ গম্ভীর কণ্ঠে দিল পিপি। ‘বিজ্ঞান সবার জন্য সমান, বুঝলে। আমি এসেছি আবিষ্কার করতে। এখন বলো, কোথায় গেলে ছোট যন্ত্র পাওয়া যাবে।’‘হুম্।’ চিহি কিছুক্ষণ পিপির দিকে তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করল। যখন সে কিছুই আন্দাজ করতে পারল না, তখনই চেঁচিয়ে উঠল। ‘পেয়েছি! তুমি ওই মাইক্রো-মেকানিকস লেখা ঘরটায় যাও। ছোট ছোট জাদুর বাক্স আছে ওখানে। গুন গুন শব্দ করে সারাক্ষণ।’পিপি বীরদর্পে হাঁটতে লাগল। দুবার অবশ্য মানুষের পা থেকে বাঁচতে টেবিলের আড়ালে দাঁড়াতে হয়েছে তাকে। কিন্তু সাহস কমল না এতটুকু। মাইক্রো মানে ছোট আর মেকানিকস হলো কারিগরি। তার মানে ওই ঘরে পিঁপড়েদের জন্য ছোট কিছু বানানোর যন্ত্র থাকবেই। কিন্তু কী বানাবে পিপি? কী বানালে রানি-পিঁপড়া তাকে আবার চিনির দানা খাওয়াবেন? রানির কথা মনে পড়তেই আইডিয়া পেয়ে গেল পিপি। মনে মনে বলল, ‘ইয়েস, পেয়েছি! রানিকে চমকে দেব এবার। তার মতো আমরাও উড়ব!’‘হুম্, আমি দেখেই বুঝেছি, তুমি একটা পিবিজ্ঞানী। আমি তোমার পিছু ছাড়ছি না। আমিও শিখব কীভাবে যন্ত্র বানাতে হয়।’হুট করে চিহিকে পেছনে কথা বলতে শুনে চমকে গেল না পিপি। খানিকটা বিরক্ত হলেও তা প্রকাশ করল না। বরং ওর সঙ্গে ব্যাপারটা নিয়ে আলোচনা করা যায়। ‘আচ্ছা চিহি, তোমার কি উড়তে ইচ্ছে করে?’‘নাহ্। কখনো না। আমি কেন উড়ব। আমি তো রানি না।’পিপি হতাশ হলো না। চিহি না করলেও তার মতো নিশ্চয়ই আরও অনেকের উড়তে ইচ্ছে করে। রানি পারলে সবাই উড়তে পারবে। এখন গণতন্ত্রের যুগ। সব পিঁপড়ের সমান অধিকার থাকা দরকার।হিজিবিজি ভাবতে ভাবতে পিপি এগিয়ে চলল ল্যাবরেটরির একটা টেবিলের দিকে। ওটার ওপর অনেক যন্ত্র আছে। ওর দরকার শুধু পাখার মতো পাতলা দুটো জিনিস। পিঠের ছোট থলে থেকে পিপি তার আবিষ্কার করা মিনি সিসিসি যন্ত্রটা বের করল। ওটা দিয়ে মানুষের বানানো লোহালক্কড় থেকে সামান্য একটু ছেঁচে নেওয়া যায়। দুই মিনিটের মধ্যে কাজ হয়ে গেল। পাতলা দুটো পাত তৈরি হয়ে গেল। পাখির ডানার মতোই দেখতে। এখন সোলার প্যানেল তৈরির জন্য দরকার সিলিকন। থলের ভেতর ওটাও আছে। পথেঘাটে তো আর ধুলোবালির অভাব নেই। ওর মধ্যেই আছে অনেক সিলিকন। পিপি তার আবিষ্কার করা ওয়্যারিং জেলিটা বের করে তিন মিনিটের মাথায় সিলিকন আর ধাতব পাত জুড়ে দিল। সঙ্গে ছোট্ট একটা ব্যাটারিও আছে। বাকি কাজ সামান্য জটিল। বালুর কণার সমান একটা চুম্বকের চারপাশে কীভাবে যেন তার পেঁচিয়ে মোটরও বানিয়ে ফেলল। সুইচ আর গিয়ার বানাতে লাগল আরও ১০ মিনিট। এবার পুরো যন্ত্রটাকে ধরে পিঠে বয়ে নিলেই হলো। সূর্যের আলো পড়বে সিলিকনের ওপর। ওটা থেকে ছোট ছোট ইলেকট্রনের কণা বের হলেই চার্জ হবে ব্যাটারি। ওটাই চালাবে মোটর। চাকতির মতো দেখতে খাঁজকাটা গিয়ারের কারণে ওপর-নিচ ওঠানামা করবে পাখা। ব্যস, হয়ে গেল ইলেকট্রনিক ডানা। এবার বাইরে গিয়ে সূর্যের আলোতে দাঁড়ালেই হয়ে গেল। চিহিকেও পরে একটা বানিয়ে দেবে সে।পিপির ঠিক পেছনেই একটা বড় মনিটর লাগানো। সে টেরই পেল না যে খুব মনোযোগ দিয়ে ওই মনিটরে তার কাজকর্ম দেখছে একটা মানুষ!ডানাটা থলের মধ্যে ঢুকিয়ে পেছন ফিরে তাকাতেই থমকে দাঁড়াল পিপি। তার ঠিক পেছনেই বিশাল এক দানবের ছবি। মানুষটাকে আগেই দেখেছে সে। মানুষকে ভয় নেই, কিন্তু ওই দানবটা এল কোত্থেকে? ভয়ে পিপির শুঁড় দুটো নড়ে উঠতেই দেখল দানবের শুঁড়ও নড়ে উঠল। কিন্তু একি! দানবটাও দেখি ভয় পেয়ে হাঁ করে তাকিয়ে আছে। পিপি তার ডান পাশের শুঁড়টা নাড়ল। দানবটার শুঁড়ও নড়ে উঠল। একটু পরেই ব্যাপারটা টের পেল পিপি। সে আসলে নিজেকেই দেখতে পাচ্ছে। তার চেয়েও বড় কথা হলো, মানুষের চোখে ধরা পড়ে গেছে সে। কে জানত, এখানে এই ধাতব পাতটার ওপর একটা মাইক্রোস্কোপ তাক করা ছিল!মানুষটা একদৃষ্টে তাকিয়ে আছে। শুঁড় নাড়াতেও ভুলে গেছে পিপি। মানুষটা কি এখন তাকে ফুঁ দিয়ে ফেলে দেবে? নাকি টিপে ভর্তা বানাবে! অবশ্য কেন যেন পিপির ভয় লাগছে না। মানুষ বিজ্ঞানীদের সে খুব একটা ভয় পায় না। হুট করে পেছনে সরে গিয়ে পইপই করে কী যেন খুঁজল মানুষটা। আবার ফিরে এল। দুই আঙুলে লম্বা একটা লাঠি ধরে পিপির সামনে এনে রাখল। দুই পা সরে গেল পিপি। লাঠিটা পিপির সামনে রেখে মানুষটা আবার সরে গেল। পিপি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ‘আমার অভিবাদন নিন হে মানুষ। আমার নাম পিপি। মাই নেম ইজ পিপি।’ সঙ্গে সঙ্গে গোটা ঘরে গমগম করে উঠল পিপির কণ্ঠ। এত জোরে শোনা গেল যে ভীষণ ঘাবড়ে গেল পিপি।মানুষটাকে দেখল তিড়িং-বিড়িং করে লাফাতে। পাগলের মতো চিৎকারও জুড়ে দিল। ‘আমি জানতাম! পিঁপড়েরা পারে! ওরা পারে না এমন কিছু নেই! আমি জানতাম।’‘হায়! হায়!’ মনে মনে চমকে উঠল পিপি। মানুষটা এসব কী বলছে! পিঁপড়েরা পারবে না কেন? মানুষই তো বোকার হদ্দ। পিপি এখন বাসায় গিয়ে সবাইকে পাখা বানানো শিখিয়ে দেবে। মানুষ তো আর সেটা করে না। ওদের অত সময় কোথায়। দুই দিনের মধ্যে গোটা পিঁপড়ে সমাজ ইলেকট্রনিক পাখা বানানো শিখে যাবে! মানুষটার চেঁচামেচি শোনার কোনো মানে হয় না। পিপি দ্রুত টেবিলের পায়া বেয়ে নেমে এল।‘হাই পিপি! বানিয়েছ?’‘হ্যাঁ, তোমাকেও বানিয়ে দেব।’‘আমার ভাই টুটুর জন্যও একটা দিয়ো। ওর আবার পাইলট হওয়ার খুব ইচ্ছে ছিল।’‘ওকে বলো, কদিন পর একটা বিমানও বানাব। মানুষেরটার চেয়ে ভালো বিমান। কোনো ধোঁয়াটোয়া বের হবে না। তুমি কালই একবার টিটিনপুরে এসো।’থলে থেকে ডানা বের করে কাঁধে চেপে ধরল পিপি। রাস্তায় প্রখর সূর্যের আলো। সুইচ টিপতেই কান-ফাটানো গুন গুন শব্দে উড়ে গেল। নিচে চিহি হাত নাড়িয়েই যাচ্ছে। একটু পর দৃষ্টির আড়ালে চলে গেল চিহি। সামনে উড়ে যাচ্ছে পিপি। বাড়ি যেতে এখন দুই মিনিটও লাগবে না।টিটিনপুরের সব কটা পিঁপড়ে এসেছে পিপির নতুন আবিষ্কার দেখতে। সবাই বাহবা দিলেও পিপি খুব একটা খুশি নয়। সে ভাবছে ওই মানুষটার কথা। মানুষ তাদের কী ভাবে! পিঁপড়ে বলে তাদের বুদ্ধিসুদ্ধি নেই! যত্ত সব! তারা কী সুন্দর দলবেঁধে থাকে, এক গর্তে থাকে। মানুষেরা মোটেই অমন নয়। এদিকে বিমর্ষ মুখে রানিও এসে পিপিকে বাহবা দিলেন, ‘পিবিজ্ঞানী পিপির নতুন এ আবিষ্কারে আমাদের পিঁপড়ে সমাজ আরও অনেক দূর এগিয়ে যাবে। আমরা আরও দ্রুত দুর্যোগের খাবার জমিয়ে রাখতে পারব। আমরা...।’নাহ্, রানির ভাষণ শোনার সময় নেই পিপির। ভোঁ করে ডানা ঝাপটে চলে গেল নিজের গর্তে। তার মা চি বেগম তার জন্য চিনির বদলে স্বাস্থ্যকর গ্লুকোজের দানা নিয়ে অপেক্ষা করছেন।