পিয়ালের দাদু
দাদুর সঙ্গে সবকিছুতেই খুব মজা পায় পিয়াল। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত দাদুর সঙ্গে তার খুনসুটি লেগেই থাকে।সকালে ঘুম থেকে উঠতে একদম ইচ্ছা হয় না পিয়ালের। আম্মুর ডাকাডাকিতে কোনো রকমে ঘুম থেকে উঠলেও স্কুলে যেতে একটুও মন চায় না। কিন্তু না উঠেও উপায় নেই। দেরি হলে আবার আব্বু কোলে করে উঠিয়ে একদম দাঁড় করিয়ে দেন।নাশতা খেতেও ইচ্ছা করে না। কিন্তু তাহলে কী হবে, একবার স্কুলে গেলেই সব ঠিক। আর আসতে ইচ্ছা করে না। তখন পিয়ালের মনে হয় স্কুলটা কত মজার। সারাক্ষণ বন্ধুদের সঙ্গে খেলাধুলা আর দুষ্টুমি। কী মজা! বাসার কথা মনেই থাকে না।স্কুল ছুটি হলেই দাদু এসে হাজির। দুজন মিলে রিকশায় উঠে বাসার দিকে রওনা দেন। দাদু খুব ভালো। প্রতিদিন স্কুল ছুটির পর পিয়ালকে আইসক্রিম কিনে দেন।বাসায় যখন ফেরে, তখন আব্বু-আম্মু দুজনই অফিসে থাকেন। বাসায় এলে কাপড়চোপড় পরিবর্তন করে খেলতে বসে যায়, নয়তো কার্টুন দেখতে থাকে। কার্টুন দেখতে কী যে মজা লাগে! সবচেয়ে মজা লাগে টম অ্যান্ড জেরি। নিজেকে খালি জেরি জেরি মনে হয়। মনে হয়, টমকে যদি হাতের কাছে পেত, তাহলে আচ্ছা করে পিটুনি দিত। টম এত দুষ্টু, বলার মতো নয়।পিয়াল দুপুরের খাবার খায় টিভির সামনে বসে। দাদি খাইয়ে দেন। আর পিয়াল হা করে শুধু টিভির দিকে তাকিয়ে থাকে।আজ দেখে দাদু এসে আগে থেকেই টিভি ছেড়ে বসে আছেন। পিয়াল একবার বলল, দাদু, কার্টুন দেখব।বলেই দাদুর দিকে তাকিয়ে দেখে দাদুর চোখে পানি। পিয়াল আরও কিছু বলতে গিয়েও না বলে দাদির হাত থেকে খাবার মুখে দিয়ে টিভির দিকে তাকায়।একটু দেখেই বুঝতে পারে পিয়াল। মুক্তিযুদ্ধের নাটক হচ্ছে।মুক্তিযুদ্ধের নাটক দেখতে গেলে প্রায়ই দাদুর চোখে পানি এসে যায়।আসবে না? দাদু তো মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযোদ্ধা। দাদুর কাছে কত যুদ্ধের গল্প শুনেছে পিয়াল।ওই গল্পটা তো প্রায়ই পিয়ালকে বলেন দাদু। যুদ্ধ করেছিলেন নিজ গ্রামে। পাকিস্তানি বাহিনী আর রাজাকারদের বিরুদ্ধে কী দুঃসাহসী যুদ্ধ করেছিলেন দাদু, সেই গল্প প্রায় মুখস্থ পিয়ালের।যুদ্ধের মধ্যে জন্ম হলো পিয়ালের বাবার। চারপাশে গোলাগুলি। এরই মধ্যে দাদি আব্বুকে নিয়ে নৌকায় করে দাদুর শ্বশুরবাড়িতে নিরাপদে রেখে আসেন। তখন দাদুদের গ্রামে ভয়ংকর যুদ্ধ চলছিল।একদিন দাদু নাকি একদম একা একটা রাজাকারের দলের সামনে পড়ে গিয়েছিলেন। রাজাকাররা তো দাদুকে দূর থেকে দেখেই গুলি ছুড়তে শুরু করেছে। ভাগ্য ভালো, দাদু আগেই বুঝে ফেলেছিলেন। নয়তো আজ আর পিয়ালের সামনে বসে থাকতে হতো না।সেদিন রাজাকাররা কিছু বুঝে ওঠার আগেই দাদু পাশের কচুরিপানা ভর্তি খালে লাফ দেন। তারপর এক ডুবে অনেক দূর গিয়ে ওঠেন। কিন্তু পুরোপুরি না উঠে শুধু নাকটা ভাসিয়ে এক জায়গায় কচুরিপানার নিচে লুকিয়ে ছিলেন। রাজাকাররা খুঁজেও দাদুকে পায়নি।জীবনবাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছেন দাদুর মতো মুক্তিযোদ্ধারা। তাই তো আজ বাংলাদেশ স্বাধীন।পিয়ালদের ক্লাসের বইতেও এ রকম মুক্তিযুদ্ধের গল্প আছে। ওটা পড়লে পিয়ালের দাদুর কথা মনে পড়ে যায়। গর্বে দাদুকে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছা করে।