পু এসেছে আবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পু-র কথা নিশ্চয়ই ভুলে যাওনি তোমরা। কুংফু পান্ডা ছবিটা যে দেখেছে, তার পক্ষে পুকে ভোলা অসম্ভব। সেই যে নাদুস-নুদুস চেহারার পেটুক পান্ডাটা। যে কাজ করে, বাবা নুডলস-শিল্পী পিংয়ের রেস্তোরাঁয়। সারা দিন শুধু খাই খাই করে। আর দিবাস্বপ্ন দেখে, ফিউরিয়াস ফাইভ নামের দুর্ধর্ষ কুংফু দলের মধ্যে ভিড়ে গেছে সেও। তার পরও নেহাতই দুর্ঘটনাবশত ফিউরিয়াস ফাইভ দলে সে ঢুকলই না; হয়ে গেল তাদের দলনেতাও। হয়ে গেল ড্রাগন ওয়ারির্য়স!অথচ সে কিনা কুংফুর ‘ক’ও জানে না! তার পরও কীভাবে সেই পু-ই কুংফু শিখে গেল, মন জয় করে নিল মাস্টার শিফুর, বধ্ করল শিফুরই কাছ থেকে শিক্ষা নিয়ে পরে খারাপ রাস্তায় চলে যাওয়া পরাক্রমশালী ভিলেন তাই লংকে।২০০৮ সালে এমনই দারুণ গল্প নিয়ে মুক্তি পেয়েছিল অ্যাকশন-কমেডি অ্যানিমেশন ছবি কুংফু পান্ডা। সুপার-ডুপার হিট সেই ছবির সিক্যুয়াল কুংফু পান্ডা টু মুক্তি পেয়েছে কিছুদিন হলো। এবারও যথারীতি পু আর তাঁর পাঁচ সঙ্গী—টাইগ্রেস, ভাইপার, মাঙ্কি, মান্টিস আর ক্রেনের জয়জয়কার। এবারের ছবিটায় আছে আগের চেয়ে বেশি অ্যাকশন। এবারের ভিলেন লর্ড শেনও আরও দুর্ধর্ষ। প্রথম পর্বের তাই লংয়ের অস্ত্র ছিল শুধু কুংফু। এবারের ভিলেন কুংফু তো জানেই, পাশাপাশি ভয়ংকর এক মারণাস্ত্রও আছে তার। ফলে পু আর ফিউরিয়াস ফাইভের জন্য এবারের পরীক্ষাটা আরও কঠিন।ছবির গল্পটাও সুন্দর। ছবির প্রথমেই দেখা যায় শেন পুরো চীন দখলের সংকল্প করেছে। কিন্তু তার ভয় একটাই, সুথসেয়ার ভবিষ্যদ্বাণী করেছে, শেনের মৃত্যু হবে এক পান্ডার হাতে। এই ভয়ে সুথ অনেক আগেই চীনের সব পান্ডাকে মেরেই ফেলেছিল। সেই পান্ডা নিধনের সময় কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায় পু। কারণ, ছোট্ট পুকে তার মা লুকিয়ে রেখেছিল পিংয়ের সবজির বাক্সে। তখন থেকেই রেস্তোরাঁর মালিক পিং বাবা-মায়ের স্নেহ দিয়ে বড় করেছেন পুকে। এই সত্যের মুখোমুখি হয়ে বাবা-মায়ের হত্যার প্রতিশোধ নেয় পু। মুখোমুখি হয় লর্ড শেনের। সঙ্গে আছে ফিউরিয়াস ফাইভও। কিন্তু শেনের আছে সেই মারাত্মক অস্ত্র, আর আছে কুংফুকে চিরতরে শেষ করে দেওয়ার প্রতিজ্ঞা। জয় কার হবে? পু নাকি শেনের? সেটা বলে দিলে তো আর সিনেমাটি দেখার মজা তোমরা পাবে না। সেটা বরং সিনেমাটি দেখেই জেনে নাও। তবে একটা তথ্য দেওয়া যায়, ছবিটার শেষ দৃশ্যে ইঙ্গিত আছে কুংফু পান্ডার তৃতীয় ছবি নির্মাণের। কারণ, একেবারেই শেষে আবির্ভাব হয় পুর বাবার, আরও কিছু পান্ডার সঙ্গে যারা গোপন জায়গায় আশ্রয় নিয়েছে। তার মানে কুফং পান্ডা থ্রিও আসছে!প্রথম ছবির মতো এবারও কণ্ঠ দিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি, জ্যাকি চ্যানের মতো তারকারা। ছবিটি পরিচালনা করেছেন জেনিফার নেলসন। এককভাবে কোনো অ্যানিমেশন ছবি পরিচালনা করা হলিউডের প্রথম নারী পরিচালক তিনি।