পুঁচকে এক ছিঁচকে চোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বাড়ির এ খোঁজে, আরে, তার ছোট তোয়ালেটা কই? সে বাড়ির আরেকজন খোঁজে, রোজ যে আঁটো ছোট প্যান্ট পরে সে সাঁতার কাটতে যায়, সেটি গেল কোথায়? ও বাড়ির ছোট্ট বাবু কাঁদে, কে যেন তার প্রিয় খেলনা ভালুকটা নিয়ে গেছে। এভাবে রোজই তাদের ছোটখাটো ব্যবহার্য জিনিস খোয়া যায়। কিন্তু জিনিসগুলো কোথায় যায় বা কে নেয়, এর কোনো হদিস নেই।এই ছিঁচকে চুরিতে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগীরা পাহারা বসাল। বসানো হলো গোপন ভিডিও ক্যামেরা। দেখা গেল, একটি বিড়াল চুপি চুপি এ-বাড়ি ও-বাড়িতে হানা দিয়ে নিয়ে যাচ্ছে এসব জিনিস। ডাস্টি নামে পরিচিত এই বিড়ালটির বাস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান মাটেও শহরে। বিড়ালটির এই চুরির বদভ্যাসে এখন ভারি বিব্রত তার মনিব জ্যাঁ চু। পাঁচ বছর বয়সী বিড়ালটিকে প্রাণী সংরক্ষণ সংস্থা হিউম্যান সোসাইটির স্থানীয় কার্যালয় থেকে সংগ্রহ করেছেন জ্যাঁ চু। বিড়াল বলতেই ছিঁচকে চুরির বাতিক থাকবে—এ তো সবার জানা। মাছের লোভনীয় টুকরোটা, দুধে ভাসা সরটা, ছানা-পায়েস—এসব খাবার সবার অগোচরে সাফ করা বিড়ালের নতুন কোনো স্বভাব নয়। অনেকে পোষা বিড়ালের এই স্বভাবকে আদুরে দৃষ্টিতে দেখে থাকে। বেশি জ্বালাতন করলে একটু-আধটু শাসন চলে। ব্যস, এই। কিন্তু খাবার চুরি না করে অন্যের বাড়ি থেকে তোয়ালে, জুতো, খেলনা—এসব অখাদ্য চুরি করে আনবে, এ কেমন কথা?জ্যাঁ চুর স্বামী জিম কোলম্যান জানান, এ পর্যন্ত ১১ ধরনের গৃহস্থালি জিনিস চুরি করে তাঁদের বাসায় এনেছে ডাস্টি। সব মিলিয়ে এসব জিনিস ছয় শতাধিক। এর মধ্যে তোয়ালে, সাঁতারের পোশাক ও ছোটদের খেলনা চুরি ডাস্টির সবচেয়ে বেশি পছন্দ।শুরুতে পাড়াপড়শিরা এই ছিঁচকে চুরিতে খুব রেগে গেলেও এখন আর তাদের রাগ নেই। একটি বিড়ালের সঙ্গে রাগ করে কী লাভ? এ জন্য বিষয়টি আর থানা-পুলিশ পর্যন্ত গড়ায়নি।বিশেষজ্ঞরা বলেন, বিড়ালজাতীয় প্রাণীর সহজাত বৈশিষ্ট্য হচ্ছে শিকার করা। যেমন ইঁদুর দেখলেই বিড়াল ধেয়ে যায়। কিন্তু ডাস্টির এই বৈশিষ্ট্য স্বাভাবিক গুণ থেকে সরে গেছে। এ জন্য এটি আশপাশের বাড়ি থেকে এটা-সেটা চুরি করছে।  শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: ডেইলি মেইল