পুতুলটি ফিরে এসেছিল
টুপটাপ বৃষ্টি ঝরছিল। জানালা দিয়ে দূরের মাঠটাকে দেখে জলরঙে বাবার আঁকা একটা ছবির মতোই মনে হয় চর্যার কাছে। জলরঙের কথা ভাবতেই বাবার কথা মনে হয় ওর। বাবা কোথায়? বালিশে মাথা রেখেই এদিকে ওদিকে তাকায় চর্যা। কই, বাবাকে তো দেখা যায় না। শুধু বেড়ালটার লেজ দেখতে পায় ও, বারান্দায় বসে আছে পাজিটা। বেড়ালটা কি বৃষ্টিতে ভিজতে চাইছে? ‘ভিজে বেড়াল’ কথাটা বাবার মুখে একবার শুনেছিল চর্যা। শুনেই এক জগ পানি ঢেলে দিয়েছিল বেড়ালটার গায়ে। তখন সে কী নাজেহাল অবস্থা তার! ভাবতেই হাসি পায় চর্যার। ‘মিনি মিনি’ বলে বার দুয়েক ডাক দেয় ও। তবে গলা দিয়ে কোনো শব্দ বোরোয় না। খুব কষ্ট হয় ওর। বাবাকে এক গ্লাস ধোঁয়া ওঠা গরম দুধ নিয়ে ঘরে ঢুকতে দেখে অনেক কষ্টেও হাসতে চেষ্টা করে চর্যা। ও কষ্টে থাকলে বাবা যেন কেমন কেমন করেন, দূরে থাকলেও তা বুঝতে পারেন। বাবা এত ভালো কেন?‘বাবা, পুলুর খোঁজ পেলে?’বাবা চর্যাকে বিছানা থেকে ওঠাতে ওঠাতে বলেন, ‘না রে মা, এখনো তো পল্টুটা এল না। চিন্তা করিস না, তোর পুলুকে ঠিকই খুঁজে নিয়ে আসবে ও। ওর মতো দস্যি যদি তোর পুতুলটাকে খুঁজে না পায়, তো কে পাবে বল?’‘আমার তো মনে হয়, পল্টু আমার পুলুকে খুঁজে পাবে না!’ বলতে বলতেই চর্যার গলা ধরে আসে। চোখে পানি।চারপাশের গাছপালা আর ঝুপঝুপ বৃষ্টিতে ভীষণ ভয় করছিল পুলুর। একটু কেঁদে যে নেবে, তারও উপায় নেই! কাঁদলে তো আর বোঝা যাবে না, বৃষ্টিতে ওর পুরো শরীর ভিজে একশা! আশপাশে একবার চোখ বুলিয়ে একটা বড় কাঠবাদামগাছের নিচে এসে দাঁড়ায় ও। ততক্ষণে বৃষ্টি কিছুটা কমে এসেছে। দূরের গাছপালাগুলো কেমন ঝাপসা ঝাপসা লাগে। পুলু ‘ঝাপসা’ শব্দটাও শিখেছিল চর্যার দাদির কাছে। চর্যার দাদি মাঝেমধ্যে বেড়াতে আসেন। চশমা হারিয়ে ফেললে বলেন, ‘ও রে চর্যা, আমি তো চোখে কেমন ঝাপসা দেখছি রে! আমার চশমাটা কোথায়, বলতে পারিস?’চর্যা দুষ্টু দুষ্টু হেসে বলে, ‘না তো দাদিমা, আমরা তো তোমার চশমা দেখিনি! তবে পাজি বেড়ালটাকে একবার দেখেছিলাম তোমার চশমার আশপাশে কেমন চোরের মতো ঘুরঘুর করছে। দাঁড়াও ওকে ধরলেই তোমার চশমা বেরিয়ে আসবে।’ চর্যা তখন ভীষণ রেগেমেগে পুলুকে নিয়ে পাশের ঘর থেকে দাদির চশমাটা নিয়ে আসে। বলে, ‘দেখলে তো, আমার কথাই ঠিক! ওই পাজি বেড়ালের কাজ! বিশ্বাস না হলে তুমি পুলুকে জিজ্ঞেস করো।’ কথাগুলো ভাবতে ভাবতে এবার খুব বেশি কান্না পায় পুলুর। কেন যে সে চর্যাকে কিছু না বলে দুষ্টু ফড়িঙের পেছনে ছুটতে গিয়েছিল! সেই সাতসকালে বেরিয়েছে, এখন তো প্রায় রাত হতে চলেছে! ভয়ে ওর মাথা বনবন করে ঘুরছে। ধপ করে একটা গাছের গুঁড়ির ওপর বসে পড়ে ও। চর্যা নিশ্চয়ই এতক্ষণে ওকে খুঁজে খুঁজে পাগল হয়ে গেছে। ও যে পথ ভুলে গেছে, সেটা কি চর্যা জানে? জানলেই কী, আর না জানলেই কী! আজ ওর কপালে দুঃখ আছে, পুলু তা বেশ ভালো করেই জানে।চারপাশে কেমন সবুজ-সবুজ আঁধার জমাট বাঁধছে। আজ আর পথ হেঁটে লাভ নেই। কাছেপিঠে ভালো একটা জায়গা খুঁজে ঘাপটি মেরে থাকতে হবে। কাল সকালে না হয় বাড়ি ফেরার রাস্তা খোঁজা যাবে। ঠান্ডা মাথায় ভেবে দেখে পুলু। একটা বৃষ্টিভেজা শালিক উড়ে যাচ্ছিল কাছ দিয়ে। পুলু ডেকে বলল, ‘শালিক ভাই, আমি তো পথ ভুলে গেছি! আজ রাতে তোমার বাসায় আমাকে থাকতে দেবে?’শালিক বলে, ‘আহা রে বাছা! থাকতে তো দেব, কিন্তু আমি যে থাকি ওই জারুলগাছের মগডালে। সেখানে কি তুমি উঠতে পারবে?’ পুলু মন খারাপ করে বলে, ‘না, আমি তো আর উড়তে পারি না! আচ্ছা, ঠিক আছে, আমি না-হয় ব্যাঙের কাছে যাই। দেখি, তার বাসায় থাকতে দেয় কি না।’পুলু গেল ব্যাঙের কাছে। ব্যাঙ সব শুনেটুনে বলল, ‘না রে বাপু, আমার ঘরে যে অতিথি এসেছে। তোমায় আজ থাকতে দিই কেমন করে! তুমি বরং প্রজাপতির কাছে যাও।’প্রজাপতির কাছে গিয়েও ফিরে আসতে হলো পুলুকে। প্রজাপতি থাকে একটা বুনো ঝোপের ভেতরে। ও তো আর সেখানে ঢুকতে পারবে না।দুটো জোনাকি উড়ছিল পুলুর আশপাশে। একসময় কাছে এসে বলল, ‘তুমি কি চর্যার হারিয়ে যাওয়া পুতুল?’বৃষ্টি নেই, গোল একটা চাঁদ উঠেছে আকাশে। চারপাশের সবকিছুই পরিষ্কার দেখা যাচ্ছে। পুলু ওদের ভালো করে দেখে অবাক হয়ে বলল, ‘হ্যাঁ, আমি চর্যার পুতুল! তোমরা কেমন করে জানলে?’‘জানব না! আমরা তো চর্যার ওখান থেকেই এলাম। তোমার চিন্তায় ওর জ্বর এসে গেছে!’আরেকটা জোনাকি ফরফর করে ডানা ঝাপটে বলল, ‘তুমি বাপু কেমন মানুষ! না বলেকয়ে কেউ ঘর থেকে বেরোয়! চলো আমাদের সঙ্গে। বেচারি চর্যার না-জানি কত কষ্টই হচ্ছে!’ জোনাকিদের কাছ থেকে এমন ধমক-ধামক খেয়েও পুলুর নাচতে ইচ্ছে করল। জোরে একটা চিৎকার দেওয়ার কথাও ভাবল ও। পরে ভাবল, নাহ্, জোনাকিদের সামনে এতটা বাড়াবাড়ি করা ঠিক হবে না। তাই সে মিটিমিটি হেসে বলল, ‘আর কখনো এমন হবে না, জোনাকি ভাই। চলো, আমি চর্যার কাছে যাব।’জানালা দিয়ে গোল চাঁদটাকে একটা চকচকে টিপের মতো লাগছে। বাবার কোলে মাথা রেখে চর্যা বলল, ‘বাবা, “চাঁদের কপালে চাঁদ” ছড়াটা শোনাবে একবার?’ বাবা ওর মাথায় বিলি কাটতে কাটতে বলেন, ‘কেন শোনাব না রে মা! বলছি।’ বাবা একটু কেশে গলা পরিষ্কার করে বলতে শুরু করেন, ‘আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। চাঁদের কপালে চাঁদ, টিপ দিয়ে যা...।’ছড়া শুনতে শুনতে চর্যা ঘুমিয়ে পড়েছিল। কী একটা স্বপ্ন দেখতেই ধড়মড় করে উঠে বসে ও। বাবা ভারি অবাক হয়ে বলেন, ‘কী রে মা, স্বপ্ন দেখেছিস কোনো? এমন করে উঠলি যে!’‘না বাবা, স্বপ্ন না। মনে হলো, পুলু ফিরে এসেছে! চলো তো, বাইরে গিয়ে একটু দেখি।’ বাবা ওকে আদর করে বলেন, ‘না রে মা, পুলু আসবে কোত্থেকে! ওকে অনেক খোঁজা হয়েছে। তোর গায়ে এখনো অনেক জ্বর। আমরা কাল খুব সকালে ওকে ভালো করে খুঁজে দেখব। তুই এখন লক্ষ্মী মেয়ের মতো শুয়ে থাক। একটা ছড়া শোনাই তোকে?’ চর্যা গাল ফুলিয়ে বলে, ‘না, ছড়া শুনব না! আমি এক্ষুনি বাইরে যাব।’ চর্যাকে ভালো করে চেনেন বাবা। ওর গাল ফোলানো মানে, তাকে এখন বাইরে বেরোতেই হবে। অগত্যা গায়ে একটা চাদর জড়িয়ে দিয়ে চর্যাকে নিয়ে বাইরে এসে দাঁড়ান বাবা। চাঁদের আলোয় চারপাশ ভেসে যাচ্ছে যেন। দূরে কোথাও একটা ডাহুক কুব কুব করে ডেকে যাচ্ছে। ভেজা একটা বাতাস চর্যার এলোমেলো চুল আরও বেশি এলোমেলো করে দিয়ে যায়। চারপাশে খুব ভালো করে তাকায় ও। ওর কেন জানি মনে হয়, পুলু ফিরে এসেছে। ভয়ে ওর সামনে দাঁড়াতে পারছে না।বাবা চর্যাকে জড়িয়ে ধরে বলেন, ‘কই রে মা, তোর পুলু কই? এত রাতে তুই কেমন করে ওকে খুঁজে পাবি, বল! কী যে পাগলামি করিস!’ বাবার কথা শুনতে শুনতে বকুলগাছটার নিচে যে ঝোপটা, সেখানে চোখ চলে যায় চর্যার। চাঁদের আলোয় সাদামতো কী একটা চোখে পড়ে ওর। এক মুহূর্ত দেরি না করে সেই দিকটায় দৌড় দেয় ও।‘কি রে মা, দৌড়াস কেন? পড়ে যাবি তো! দাঁড়া, দাঁড়া! কী হয়েছে বল।’ চর্যাকে হঠাৎ অমন ছুটতে দেখে বাবা ভীষণ ভয় পেয়ে ছুটতে থাকেন ওর পেছনে পেছনে। কী হলো হঠাৎ! কী দেখে অমন ছুটতে শুরু করল মেয়েটা? মুহূর্তে অনেকগুলো প্রশ্ন তাঁর মাথায় ঘুরপাক খায়।হঠাৎ বকুলতলার বুনো ঝোপটার কাছে থেমে যায় চর্যা। চোখ দুটো বড় বড় করে হাঁপাতে হাঁপাতে বলে, ‘দেখলে বাবা, বলেছিলাম না, পুলু ফিরে এসেছে! এই যে দেখো!’ ঝোপের দিকে তাকিয়ে তো বাবা অবাক! সত্যি সত্যিই সেখানে পুলু পড়ে আছে। চাঁদের আলোর থেকেও সুন্দর চর্যার দুটো ঝকঝকে চোখের দিকে তাকিয়ে বাবা বলেন, ‘সত্যিই তো রে মা, এ যে পুলু!’