পুতুলের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কবি সুফিয়া কামাল লিখেছিলেন, ‘আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুলখেলা, তোমরা এখন সেই বয়সেই লেখাপড়া করো মেলা।’ হুম, পুঁচকে বয়সেই এত্ত লেখাপড়া করতে করতে তোমরা হাঁপিয়ে উঠেছ ঠিক। তবে গত ২১ মার্চ ছিল সত্যিই সারাবেলা পুতুল নিয়ে মেতে থাকার দিন। এই দিন বিশ্ব পুতুলনাট্য দিবস। দিনভর মজার সব আয়োজন ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে।
বেলা তিনটায় ‘জল পাপেট’-এর সদস্যরা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রের চত্বরে আয়োজন করে উন্মুক্ত পাপেট নির্মাণ কর্মশালা। সুবিধাবঞ্চিত ও বিশেষ শিশুসহ প্রায় ৫০ জন শিশু-কিশোর অধীর হয়ে অপেক্ষা করছিল—কখন হবে শুরু।
দেখা গেল, মঞ্চে তিনটা পুতুলগাছ। গাছের আড়ালে বর্ণিল পুতুল নিয়ে দাঁড়িয়ে তিনজন। একাডেমীর সভাপতি লিয়াকত আলী কর্মশালার উদ্বোধন করতে এসে বললেন, পুতলদের অনুষ্ঠান পুতুলরাই উদ্বোধন করুক। ব্যস, পুতুলের দল এবার কথা বলার সুযোগ পেয়ে গেল। কাকে থামিয়ে কে কথা বলবে, এই নিয়ে যুদ্ধ! হলুদ পাঞ্জাবিতে হিমুর পোশাক পরা পুতুলটা বলছিল, ‘আজ তো আমার অঅঅনেক ভালো লাগছে। কত ছোট্ট ছোট্ট, কচিকচি বন্ধুরা আসছে। অ্যাঁ...আজকে...’ এইটুক বলতেই আরেকটা পুতুল কথা কেড়ে নিল। সে কী তুমুল ঝগড়া! শেষে সভাপতি এসে থামালেন, ‘আজকে পুতুলনাট্য দিবস, ঝগড়া কোরো না।’ বলতেই ওরা থামল। সবাই মিলে করে ফেলল শুভ উদ্বোধন।
উদ্বোধন শেষে সবাই গোল হয়ে কয়েকটি দলে ভাগ হয়ে মাদুর পেতে বসল। ‘জল পাপেট’-এর সদস্যরা এবার শেখাতে লাগলেন, কীভাবে হাতের কাছের তুচ্ছ ও ফেলনা জিনিস থেকে পুতুল তৈরি করা যায়। ওয়ান টাইম প্লাস্টিকের চামচ, প্লেট, গ্লাস, টিস্যু পেপার, রঙিন কাগজ, কাগজের ঠোঙা, কপালের টিপ, স্ট্র, রিলে জড়ানো চিকন কাপড়, আইকা বা গাম ও কাঁচির সাহয্যে চোখের পলকে তৈরি হয়ে যাচ্ছিল দারুণ সব বিচিত্র পুতুল। কিশোরী, রাজকুমার, রাজকুমারী, কৃষক, এলিয়েন, হাতি, ঘোড়া, কুকুর, পাখি এমন আরও কত কী! এমনকি ভূতও! নালন্দা হাইস্কুলের চতুর্থ শ্রেণিপড়ুয়া সমৃদ্ধ সুহৃদ যেমন তৈরি করল স্পাইক ভূত! গত বছর বানিয়েছিল, সং সাজা জোকার। পাশে বসা রিফা তাসনিয়া বানিয়েছে রাজকুমারী। পুতুল বানানো শেষে হলো পুতুল নিয়ে শোভাযাত্রা। সেখানে উপস্থিত ছিলেন প্রিয় শিল্পী মুস্তাফা মনোয়ারও। সবশেষে ছিল স্বাস্থ্যসচেতনতা নিয়ে পুতুল নাটক।
এমনি করে ‘জল পুতুল’ শিশুদের নিয়ে কাজ করে আনন্দ পায়। পাপেট বানানো শেখায়, পাপেট নিয়ে গল্প তৈরি করে ও পাপেট নাটক উপস্থাপন করে। তোমাদের স্কুলের যেকোনো আয়োজনে তাঁদের আমন্ত্রণ জানাতে পারো। ‘জল পুতুল’ নিশ্চয়ই ‘হুররেএএ’ বলে হাজির হয়ে যাবে তোমাদের সঙ্গ দিতে।

ফেলনা জিনিস দিয়ে সুন্দর সব পুতুল তৈরি করেছিল ছোটরা
ফেলনা জিনিস দিয়ে সুন্দর সব পুতুল তৈরি করেছিল ছোটরা