পুত্রজায়ার আজব মানুষ
তোমরা জানো, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। কিন্তু আরেকটি রাজধানীও আছে, যেখানে সরকারি কাজকর্ম হয়। ধরো, প্রধানমন্ত্রী। তিনি কুয়ালালামপুরে বসেন না, পুত্রজায়ায় বসেন। শুধু মন্ত্রিপরিষদের নয়, সরকারি বেশ কিছু অফিস, বড় আদালত—সব এখানে। পুত্রজায়া শহরের বয়স তোমাদের সমান বা একটু এদিক-ওদিক হতে পারে—১২ বছর। এখানে ছোট পাহাড় যেমন আছে, সমতল জায়গাও আছে। আছে বিশাল এক হ্রদ—লেক পুত্রজায়া। রীতিমতো মাটি কেটে এটা তৈরি করা হয়েছে। এই হ্রদ পুত্রজায়ার ইকোব্যবস্থার অন্তর্গত। হ্রদের দুই পাশে বড় বড় ভবন। ভবনগুলো একটার সঙ্গে একটা লাগানো নয়, বরং একটা থেকে অন্যটা বেশ দূরে। হ্রদের দুই পাশ আবার যুক্ত করা হয়েছে এক চমৎকার সেতু দিয়ে। বেশ লম্বা সেতু। ঝুলন্ত সেতুর মতো। নাম ‘ওয়া ওয়া সানব্রিজ’।এখানে আছে বিরাট এক মসজিদ—পুত্র মস্ক্। বিরাট মানে বি-রা-ট। দেখার মতো। লেকের পাশে হাঁটাচলা, খাওয়াদাওয়ার জন্য বেশ বড় বাঁধানো জায়গা। এমনিতে গরম, কিন্তু লেকের পাশে দাঁড়িয়ে মধুর হিমস্পর্শ পাওয়া যায়। আমরা যাচ্ছি বোটে চেপে হ্রদে ঘুরতে।বোটের দিকে যেতে চোখে পড়বে আজব এক মানুষ। তিনি নানা ধরনের পাখি ও বিরাট এক সাপ নিয়ে একটা জায়গা জুড়ে বসে আছেন। প্রতিটি প্রাণী তাঁর পোষা। পাখিগুলোকে যা বলা হয় তা-ই শোনে। খুব মজা পেলাম। একটা মেয়ে এগিয়ে গেল। একটা সুন্দর পাখি দেখিয়ে দিল সে। পাখিওয়ালা বললেন, ‘এই পাখি, ওর হাতে গিয়ে বস।’ তাঁর ইশারায় পাখিটি মেয়েটির হাতে এসে বসল। আরেকটা পাখিকে বললেন, ওর কাঁধে বস। পাখিটি মেয়েটির কাঁধে এসে বসল। তুমি যদি চাও, সে ছবি তুলে দেবে। এবং ছবিটা তোমার হাতে দিয়ে দেবে দুই মিনিটের মধ্যে।বড় সাপটা দেখে আমরা ভয় পেয়েছিলাম। পাখিওয়ালা কিংবা সাপওয়ালা বললেন, কোনো ভয় নেই। এত বড় সাপটা গলায় পেঁচিয়ে তিনি এগিয়ে এলেন। বাচ্চাদের বললেন, ধরো। বাচ্চারা পালায়। আবার এগিয়ে আসে গুটি গুটি পায়ে। সাহস আছে বলতে হবে। সাপওয়ালা বললেন, ‘নিন, সাপটা গলায় পেঁচিয়ে নিন।’ লোকটা সত্যি গলায় পেঁচিয়ে নিলেন সাপটা। ভয়ে ভয়ে তাঁর মেয়েও গিয়ে দাঁড়াল পাশে। লোকটা ছবি তুললেন। আমিও তুললাম। লোকটার কাছ থেকে সাপওয়ালা টাকা নিলেন ১০টা। ওদের দেশের টাকা—রিংগিত।এক জায়গায় কতগুলো বোট বাঁধা। এর মধ্যে একটি বেশ বড়। তার ছাউনি আছে। উঠে দেখি একটা ক্লাসরুমের মতো। একটা স্কুল থেকে ১০-১২ বছরের মেয়েরা এসেছে পুত্রজায়া দেখতে। তারা সবাই বসেছে। পেছনে বসেছেন তাদের শিক্ষিকারা। তারও পেছনে আমরা কজন জায়গা পেয়ে বসে গেলাম। ওই বোটেরই এক কর্মী পুত্রজায়া সম্পর্কে বাচ্চাদের বললেন। বোট চলছে, তিনিও লেকের দুই পাশের নানা ভবন সম্পর্কে বলে যাচ্ছেন। তিনি প্রধানত বলছিলেন মালয় ভাষায়। মাঝে মাঝে সংক্ষেপে ইংরেজিতে।টলটলে পানি কেটে বোট এগিয়ে যায়। একটা ভবন তো অনেক ফাঁকা জায়গা। লম্বা সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় কী ভালোই না লাগে! আরও সামনে তৈরি হচ্ছে মনোরেল সেতু।পুত্রজায়া—একটা রাজধানী। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজকর্ম হয় এখানে। কিন্তু এর লোকসংখ্যা কত, জানো? মাত্র আশি হাজার।কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরে যেতেই পুত্রজায়া পড়বে। আমরা ২০ মে কুয়ালালামপুরে গিয়েছি। পরদিন মাইক্রোবাসে পুত্রজায়ায় এসেছি। কতক্ষণ লাগে? ৩০ মিনিট। সেই যাত্রাপথও দেখার মতো।