পেটুক পান্ডা

খবর শুনেছ? এবার বিশ্বকাপ ফুটবলে চীনের কিছু পান্ডা নাকি জ্যোতিষীর কাজ করবে! খেলা শুরু হওয়ার আগেই বলে দেবে, কোন দল জিতবে আর কে হারবে! তাদের এই ভবিষ্যদ্বাণীর পদ্ধতিও আজব৷ পান্ডাগুলোর সামনে রাখা হবে ‘জয়’, ‘পরাজয়’ ও ‘ড্র’ লেখা তিনটি বাঁশের ঝুড়ি৷ কোনো পান্ডা ছুটে গিয়ে সবার আগে যে ঝুড়িটি স্পর্শ করবে, সেটিই হবে খেলার ফলাফল! আছে আরও বিচিত্র সব পদ্ধতি৷
যা হোক, পান্ডা কতটুকু পণ্ডিতি জানে, তা আমরা বিশ্বকাপ শুরু হলেই বুঝতে পারব৷ আগে চলো, ভবিষ্যদ্বাণী রেখে তোমাদের একটু অতীত মনে করিয়ে দিই৷ ‘পো’-র কথা মনে আছে? হ্যাঁ, ঠিক ধরেছ, অ্যানিমেটেড চলচ্চিত্র কুংফু পান্ডার ‘নায়ক’ পোর কথাই বলছি৷ পাণ্ডা হলে কি হবে, আর দশটা সুপারহিরোর চেয়ে এই পো ‘ঢিসুম ঢুসুম’ কম জানে না! গল্পটা প্রাচীন চীনের৷ তোমরা কি জানো, চীন আসলেই বিশালদেহী পান্ডাদের দেশ?
তাই বলে আবার ভেবো না যেন, চীন দেশটাই বুঝি পান্ডা দিয়ে ভরা! আসলে পৃথিবীতে পান্ডার সংখ্যা দিন দিন কমে আসছে৷ গোটা পৃথিবীতেই নাকি পান্ডার সংখ্যা মাত্র দুই হাজারের কাছাকাছি৷ এর কারণ হলো, ওদের প্রাকৃতিক বাসস্থানের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে৷ আবার কখনো কখনো অন্য প্রাণীর জন্য পেতে রাখা ফাঁদেও ধরা পড়ে যায় ওরা৷

পান্ডার চোখের চারপাশজুড়ে থাকে কালো লোম৷ এ ছাড়া শরীরের অন্যান্য অংশে রয়েছে সাদাকালোর মিশেল৷ তবে জন্মের সময় এদের গায়ের রং থাকে সাদা৷ একটি প্রাপ্তবয়স্ক পান্ডার ওজন কিন্তু তোমার ওজনের চেয়ে অনেক বেশি৷ আর ওরা খাবারও খায় প্রচুর৷ কী খায় পান্ডা? মূলত বাঁশই ওদের খাবার৷ প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ পাউন্ড বাঁশ প্রয়োজন একেকটি পান্ডার৷ অবাক হচ্ছ? চিড়িয়াখানায় পান্ডা রাখতে হলেও খরচ হয় খুব বেশি৷ পান্ডা প্রতিদিন গড়ে ১৪ থেকে ১৬ ঘণ্টা সময় ব্যয় করে খাওয়াদাওয়া করতে৷ পান্ডার হাতে একটি বিশেষ আঙুলও থাকে বাঁশ ধরার জন্য৷ দাঁতের সাহায্যে বাঁশের শক্ত আবরণটা ছাড়িয়ে নিয়ে ভেতরের নরম অংশটা বের করে নেয় ওরা৷ বাঁশ ছাড়াও পান্ডারা মাঝেমধ্যে ঘাস, ফলমূল আর পোকা খায়৷
কুংফু পান্ডার পো—এর মতো মতো কুংফুর নানান কৌশল অবশ্য সত্যিকারের পান্ডারা জানে না৷ তবে সোজা হয়ে দাঁড়াতে পারে ওরা, যদিও ওদের পেছনের পা দুটি খুব বেশি শক্তিশালী নয়৷ ওরা গাছ বেয়ে উঠতে পারে, কখনো আবার কোনো ঢালু জায়গায় গড়িয়েও চলতে পারে৷ বিপদে পড়লে কাছাকাছি কোনো গাছে উঠে পড়ে৷ আর ওরা কিন্তু বেশ ভালো সাঁতারু৷ পোর মতো কথা বলতে না জানলেও মুখ দিয়ে আওয়াজ করতে পারে৷ ওদের ঘ্রাণশক্তি বেশ প্রখর, রাতের অন্ধকারেও সবচেয়ে ভালো বাঁশটা পান্ডারা চিনে নিতে পারে কেবল বাঁশের ঘ্রাণ শুঁকেই!
পান্ডা একা থাকতেই বেশি পছন্দ করে৷ প্রতিটি পান্ডারই থাকে নির্দিষ্ট এলাকা৷ তবে নিজের বাচ্চাটিকে ভীষণ যত্নে রাখে মা পান্ডা৷ একটি থাবার সাহায্যে বুকের কাছে রাখে নিজের বাচ্চাটিকে৷ যত দিন না সে নিজের মতো করে বাঁচতে শেখে, তত দিন মা-ই আগলে রাখে তাকে৷ কোনো পান্ডা যদি অন্য কোনো পান্ডাকে ভয় দেখাতে চায়, তাহলে সে নাকি মাথা নিচু করে তার দিকে তাকিয়ে থাকে৷ মানুষকে ওরা আক্রমণ করে না, তবে মানুষ যদি ওদের বিরক্ত করে, তাহলে আক্রমণ করতেও পারে৷ চীনে নাদুস নুদুস এই প্রাণীটিকে বলা হয় শান্তির প্রতীক৷
রাফিয়া আলম, সূত্র: সাইন্সকিডস