প্যাঁচের পাঁচালি
প্যাঁচ! এই ছোট্ট শব্দটি নিয়ে নানা অনুভূতি মানুষের। পছন্দ আর অপছন্দের পাল্লা দুটোই সমান। গোল গোল প্যাঁচে ভরা জিলাপি কার না পছন্দ? আবার ডাল দিয়ে প্যাঁচ নামের যে জিনিসটা তৈরি হয়, ওটাও কিন্তু খেতে সুস্বাদু।কিন্তু গণিত আর ধাঁধার প্যাঁচ খুলতে যাও না, তখনই তা হয়ে যাবে রাজ্যের বিস্বাদ জিনিস। এর পরও প্রকৃতির মাঝে এমন কিছু প্যাঁচ রয়েছে, যা দেখলে মন ভরে যায়।‘নটিলাস’ নামের এক সামুদ্রিক প্রাণী আছে, যার খোলসে রয়েছে সারিবদ্ধ প্যাঁচ। এটা যত বড় হয়, এর খোলসের প্যাঁচও তত বাড়ে। এসব প্যাঁচ মিলে গড়ে তোলে সুদৃশ্য প্যাঁচালকাঠামো।‘ক্রিসমাস ট্রি ওয়ার্ম’ বলে সাগরে এক ধরনের জীব আছে, যা দেখতে রঙিন গাছের মতো। এটার গায়ে পালকের মতো এক ধরনের আবরণ থাকে, যা বৃত্তাকারে প্যাঁচানো থাকে জীবটার গায়ে। দেখলে অবশ্য মনে হয় যে ক্রিসমাস ট্রি ওয়ার্মের গা-জুড়ে রয়েছে সুদৃশ্য ঝালর। এই ঝালর কিন্তু খুব কাজের। এটা দিয়ে ওরা ভাসমান খাদ্যকণা আহরণ করে। পানি থেকে অক্সিজেন শুষে নেয়।ফার্ন-জাতীয় এক ধরনের উদ্ভিদ রয়েছে, যা ‘ফিডলহেড ফার্ন’ বলে পরিচিত। এটা প্রথম যখন বেরিয়ে আসে, সুন্দরভাবে মোড়ানো একটা কয়েল তৈরি করে। অনেকটা যেন ‘?’। এর মধ্যেও ফুটে থাকে চোখ জুড়ানো প্যাঁচাল আদল। তারপর এটা যখন নিজেকে মেলে ধরে, শিরদাঁড়ার মতো পাতাগুলো ছড়িয়ে অন্য রকম এক সৌন্দর্য ফুটিয়ে তোলে।‘মারকর’ বলে পরিচিত এই বুনো ছাগলটার দিকে তাকাও, প্যাঁচাল শিঙের বাহার কাকে বলে, তা টের পাবে। স্ত্রী মারকরের শিঙ তেমন বড় নয়। কিন্তু পুরুষ মারকরের শিঙ অনেক লম্বা হয়। আর পুরোটাই থাকে এমন প্যাঁচ প্যাঁচ। শামুকের গোটা শরীরটাই হচ্ছে খোলসের প্যাঁচ। এর মধ্যে কিছু শামুকের খোলসে থাকে রঙের বাহার, যা এই প্যাঁচকে করে তোলে আরও সুন্দর।একজাতের বড় প্রজাপতি আছে, যারা লম্বা জিভ দিয়ে ফুলের মধু খায়। যখন জিভের কাজ না থাকে, তখন এটা তারা প্যাঁচ মেরে গুটিয়ে রাখে মুখের নিচে। রং বদলানো গিরগিটি বলে পরিচিত ক্যামেলিয়ন যখন ঘুরে বেড়ায়, ওরা তখন সুদৃশ্য প্যাঁচের মধ্যে গুটিয়ে রাখে লেজটাকে। সাগরে ঘোড়ামাছ যখন কোনো জলজ উদ্ভিদে থিতু হতে চায়, তখন লেজ দিয়ে ওতে প্যাঁচ মারা কোনো উপায় থাকে না।হাতি প্রায় পুরো কর্মকাণ্ডের মূলে থাকে লম্বা শুঁড়। এই শুঁড় দিয়ে ওরা যে কাজই করুক না কেন, তা প্যাঁচ কষা ছাড়া হয় না। কিছু একটা খেতে গেলে ওটাকে শুঁড় দিয়ে ওদের প্যাঁচাতেই হবে।সরীসৃপ প্রাণীর মধ্যে কুণ্ডলি পাকাতে ওস্তাদ হচ্ছে সাপ। এটাও প্রকৃতির অনন্য প্যাঁচ। ভয় পেলে প্যাঁচের মধ্যে নিজেকে গুটিয়ে নেয় কেন্নো। এমনি আরও অনেক প্রাণীই রয়েছে। শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: রেঞ্জার রিক