গত ৪ জুলাই গালফ এয়ারলাইনসের পাখা দুটো তারা ফোটা আকাশে ডানা মেলতেই মনটা আনন্দে নেচে উঠল। ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে কানেকটিং ক্লাসরুমস প্রজেক্টে ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নির্বাচিত ছাত্রী হিসেবে আমার এই ইউরোপযাত্রা। সঙ্গে চার স্কুলের আরও চার ছাত্রছাত্রী, দুই শিক্ষক। আমাদের উদ্দেশ্য ‘আইল অব ওয়াইট’, ইউকের তিনটি স্কুল দেখা। নীলাভ জলরাশি ও সবুজ বিস্তীর্ণ মাঠের সমন্বয়ে গঠিত আইল অব ওয়াইট নির্মল সৌন্দর্য-ভূমি।গত ৬ জুলাই আমরা মেফিল্ড স্কুল পরিদর্শনে যাই এবং বাংলাদেশের পক্ষ থেকে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিই। জাতীয় পতাকার রঙে সেজে আমরা একটি দলীয় নাচ ও একক দেশাত্মবোধক সংগীত পরিবেশন করি। এ ছাড়া বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধ, প্রাকৃতিক সৌন্দর্য, ঢাকা শহরের প্রসিদ্ধ স্থান ও বাংলাদেশি স্কুল প্রভৃতি বিষয়ে আমরা পাওয়ার পয়েন্টে উপস্থাপন করি। প্রথমে ভীষণ ভয় পেয়েছিলাম। কিছুটা সময় পার হওয়ার পর অনুভূতিগুলো স্বাভাবিক হয়ে এল। দেশের গৌরবময় দিকগুলো বিদেশের মাটিতে তুলে ধরতে পেরে গর্বে মন ভরে উঠল।ইউকের পক্ষ থেকেও ছিল একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্লাস পরিদর্শন ও অংশগ্রহণ, ইউকে ছাত্রছাত্রীদের সঙ্গে বসে লাঞ্চ করা, মাঠে একত্র হয়ে ‘রাউন্ডারস’ নামের একটি নতুন খেলায় অংশগ্রহণ—কী আনন্দই না হলো। ৭ ও ৮ জুলাই আমরা গ্রিনমাউন্ট প্রাইমারি ও রাইড হাইস্কুল দেখতে যাই।ইংরেজরা দাম্ভিক ও স্বার্থপর—আমার এই ধারণা ভাঙল। তাদের বন্ধুসুলভ আচরণ, বাংলাদেশ সম্বন্ধে জানার আগ্রহ, সহযোগিতার মনোভাব আমাকে মুগ্ধ করেছে।শ্রেণীতে শিক্ষাদানপদ্ধতি, আধুনিক শিক্ষার উপরকরণ, শ্রেণীশিক্ষার পরিবেশ, শিক্ষক-ছাত্রের সম্পর্ক আর ছাত্রছাত্রীদের পাঠ্য বিষয়গুলো আমাকে আকৃষ্ট করেছে। ভাবতে ভালো লাগে, আমরাও ওদের সঙ্গে পাল্লা দিয়ে বিকশিত হব। সেদিন কি খুব বেশি দূরে? সুনেহরা তাসনিমসপ্তম শ্রেণী, ইংরেজি মাধ্যমভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।