প্রথম জন্মদিন

আমার বয়স এগারো মাস পাঁচ দিন। সবাই নিজের পরিচয় হিসেবে নামটাই আগে ব্যবহার করে। কেউ জিজ্ঞাসা করলে বয়সটা জানায়।
আমার নিজের নামটি মোটেও পছন্দ নয়। বড় হয়ে আগে আমি নিজের নামটা বদলে ফেলব। নাম রাখব ফারিহা তাহসীন। এখন আমার নাম রওশান, কী প্যানপ্যানা নাম! কেউ এসে যখন বলে, রওশানটা কী মিষ্টি হয়েছে, আর আমার গালে দুই হাত দিয়ে টিপে দুই পাশে নাড়াতে থাকে, তখন মনে হয় ঘরের ছাদ ফাটিয়ে কান্না জুড়ে দিই!
সেদিন পাশের ফ্ল্যাটের আন্টি এসে আম্মুকে বলল, ‘আপা, আপনার মেয়েটা তো বেশ শান্ত। আমার নামে এত বড় অপবাদ! শুধু আন্টিকে দেখানোর জন্য কাঁদতে শুরু করলাম, সঙ্গে গগনবিদারি চিত্কার। আম্মু আমাকে কোলে নিয়ে বলল, ‘জানেন আপা, খুব জেদি হয়েছে। পাশে কেউ না থাকলে যদি সিলিংয়ের ওই পাজি টিকটিকিটা ঘাড়ের ওপর এসে পড়বে, তখন?’
পাশের বাড়ির বাচ্চাও খুব পাজি। একদিন এসে বলল, ‘এই পিচকি, তোকে আমি বিয়ে করব!’ তখনো বিয়ে কী আমি জানতাম না। বিয়ে জিনিসটা খুব একটা ভালো না। বিয়ে করেই তো আব্বু-আম্মু ঝগড়া করে। কি জানি! সব আব্বু-আম্মুই হয়তো করে। ঝগড়ার সময় যে তার বাচ্চারা সামনে থাকে, সেটা খেয়ালই করে না। তারা বোঝে না যে আমরা সব বুঝতে পারি।
আসলে আমরা বাচ্চারা সব বুঝি। শুধু বলতে পারি না। বলতে গেলেই কান্না চলে আসে।
এই তো সেদিন আব্বু-আম্মুর ঝগড়া হলো! চিত্কার, তরকারি চামচ ছোড়াছুড়ি, কিছুই বাকি নেই। আম্মু আব্বুকে বলে বসল, ‘তুমি একটা ভ্যাবদা পুরুষ মানুষ।’ আব্বুও বলল, ‘তুমি একটা ভ্যাবদা মহিলা।’ আমি এত থামাতে চাইলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। আম্মু বলল, ‘তুমি খালি খালি তর্ক করো।’
‘আমি? তুমি যে করো সেটা সবাই জানে।’
‘কী? কে জানে শুনি?’
অবশ্যি এসব ঝগড়া বেশিক্ষণ স্থায়ী হয় না। সন্ধ্যায় আম্মুর জন্য আব্বু ভ্যানিলা আইসক্রিম নিয়ে আসে। রাতে আম্মু আব্বুর পছন্দের মিষ্টিকুমড়া ভাজি করে।
আমার জন্মদিনের দিন নানু এসে ঘোষণা করল, আমাকে টাক করে দেওয়া হবে। ভাবছি যদি তাই হয় তাহলে নানুর নামে মানহানির মামলা করব। আমার এত সাধের চুল!
বিকেলে ঘুম থেকে উঠে শুনি আম্মু আব্বুকে বলছে, তোমাকে একটা গিফট দেব। আব্বু বলল, ‘মেয়ের জন্মদিনে বাবাকে গিফট দিচ্ছ, ব্যাপার কী?’
‘কোনো ব্যাপার না। তোমাকে রওশানের জন্য আলাদা খাট বানাতে বলেছিলাম, করেছ?’
‘না তো। খাট কেন লাগবে? এই খাটেই তো ঠিক আছে।’
‘না, ঠিক নেই। নতুন সদস্য আসছে।’
‘মানে? সত্যি?’
‘সত্যি না তো কী? আমি তোমার সঙ্গে ফাজলামো করছি?’
আব্বু বলল, ‘দেখো মেয়েটা কী পাজি! আমাদের কথা শুনে হাসছে। মনে হয় ও সব বুঝতে পারছে।’
‘বোঝেই তো। আমার রওশান সব বোঝে। তাই না, মা?’
আমি মনে মনে বললাম, ‘হ্যাঁ আম্মু, আমি সবই বুঝি।’
পরিশিষ্ট: আব্বু আম্মুকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল পরের দিন। ডাক্তার কী বলেছে জানি না, তবে আমার জন্য আলাদা খাট এসেছে। নানু আমাকে টাক করে দিয়েছিল। প্রথমে যতটা খারাপ ভেবেছিলাম, ব্যাপারটা ততটা খারাপ না। তবে খারাপ ব্যাপারটা হচ্ছে, আমার সবকিছু আর মনে নেই। আমার শৈশব কি আমি ধরে রাখতে পারব না? তবে আমি ঠিক করেছি আমার নাম পাল্টাব না। আব্বু-আম্মু এত শখ করে নাম দিয়েছে, সেটা কি পাল্টানো উচিত?
দশম শ্রেণি, চৌগাছা শাহাদত পাইলট মাধ্যমিক বিদ্যালয়