প্রাপক, প্রিয় বাংলাদেশ
মাঝখানে মাত্র পাঁচ দিন। তারপরই ১৬ ডিসেম্বর আমরা উদ্যাপন করব বাংলাদেশের বিজয়ের ৫০ বছর। এ উপলক্ষে তোমাদের বলেছিলাম প্রিয় বাংলাদেশকে চিঠি লিখতে। দারুণ সব চিঠি পেয়েছি। সেসব দিয়েই সাজানো হলো এবারের সংখ্যা
১.
প্রিয় বাংলাদেশ,
তোমার জন্য আমার অনেক কিছুই করতে ইচ্ছা করে। তুমি জানো, আমরা পরিচ্ছন্ন পরিবেশ চাই। তাই আমি যতটুকু পারি, আমার স্কুল, বাসা এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখি। তোমাকে অসাম্প্রদায়িক দেশ হিসেবেও পেতে চাই আমরা। সে জন্য আমার বন্ধুরা মিলে সবাইকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। আর নিরাপদ সড়ক চাই বলে আমি সব সময় ওভারব্রিজ ব্যবহার করি। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা।
ইতি
ইশরাত জাহান
সপ্তম শ্রেণি, তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা
২.
প্রিয় বাংলাদেশ,
আমাকে বলতে পারো তোমার এক ছোট্ট প্রেমিক। তোমার রূপ আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। এক পরীক্ষায় আমায় যখন বলা হলো, তোমাকে একটা শক্তি দেওয়া হবে, তুমি কী হতে চাও? বলেছিলাম, পাখি হব, শুধু বাংলাদেশটা ঘুরে ঘুরে দেখার জন্য। তোমার বুকে থেকে লেখক হতে চাই আমি। লিখতে চাই তোমাকে নিয়ে, তোমার মানুষদের নিয়ে।
ইতি
আজমিন আরাফ
সপ্তম শ্রেণি, শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা
৩.
প্রিয় বাংলাদেশ,
তুমি সুজলা, সুফলা, শস্য-শ্যামলা চিরসবুজের দেশ। তুমি স্বাধীন, সার্বভৌম। তুমি দেখতে আঁকা রঙিন ছবির মতো। আসছে ১৬ ডিসেম্বর, তোমার বিজয় দিবস। তোমাকে শুভেচ্ছা।
ইতি
সাইকা রাইয়ান
পঞ্চম শ্রেণি, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, রংপুর
৪.
প্রিয় বাংলাদেশ,
আমি ভালো আছি তোমার মাটিতে বসবাস করে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর লাখো মানুষের রক্তের বিনিময়ে পেয়েছি তোমাকে। ১৬ ডিসেম্বর তোমার ৫০ বছর পূর্ণ হবে। তাই শুভ জন্মদিন। ভালো থেকো। আর এভাবেই তোমার ভালোবাসা দিয়ে আমাদের বাঁচিয়ে রেখো।
ইতি
তানহা আফিয়া চৌধুরী
পঞ্চম শ্রেণি, রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল, বড়লেখা, মৌলভীবাজার
৫.
প্রিয় বাংলাদেশ,
তোমাকে নিয়ে আমার খুব গর্ব হয়। সেই যে ১৯৭১ সালে তোমাকে পরাজিত করতে এসেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তখন তোমার বীর সন্তানেরা তোমাকে ভালোবেসে ১৬ ডিসেম্বরে এনে দিয়েছিলেন স্বাধীনতা। তাঁরা হয়তো হারিয়েছেন জীবন, কিন্তু তোমার সবুজ বুকে একদিন হাসি ফুটবে, ভেবে মৃত্যুর আগে তাঁদের মুখে একচিলতে হাসি ফুটে উঠেছিল নিশ্চয়ই। বীর মুক্তিযোদ্ধারা কী সাহসী ছিলেন! আমি যখন বড় হব, তখন চেষ্টা করব যেন দেশের সবাই বিজ্ঞানচর্চা করতে পারে। আশা করি, আমি তোমার উন্নয়নের ইতিহাসে একটু হলেও ভূমিকা রাখতে পারব। আমি চাই, সবাই তোমাকে ভালোবাসুক, আমাদের ভাষা বাংলাকে ভালোবাসুক। তোমার অর্ধশতবর্ষে বুকভরা ভালোবাসা।
ইতি
সুকন্যা প্রাচী
অষ্টম শ্রেণি, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
৬.
প্রিয় বাংলাদেশ,
এই চিঠি লিখতে আমার হাত এতটুকুও কাঁপছে না। কারণ, আমি যে স্বাধীন দেশের নাগরিক! তোমাকে যে কতটা ভালোবাসি, হাজার পৃষ্ঠার চিঠি লিখেও বোঝাতে পারব না। অনেক সুন্দর স্বপ্ন দেখি তোমাকে নিয়ে। আমি এখনো ছোট। আমি যখন বড় হব, তোমাকে ঘুরে দেখব।
ইতি
বিবি মরিয়ম
দশম শ্রেণি, ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ভান্ডারিয়া, পিরোজপুর
৭.
প্রিয় বাংলাদেশ,
তোমাকে বিজয় দিবসের শুভেচ্ছা। তুমি আমার মায়ের মতো। আমি বড় হয়ে চিকিৎসক হতে চাই। মানুষের কল্যাণ করতে চাই। এই করোনা পরিস্থিতি আমাকে চিকিৎসক হতে আরও বেশি অনুপ্রাণিত করেছে। তুমি সব সময় ভালো এবং সুন্দর থেকো।
ইতি
স্বস্তিকা চৌধুরী
চতুর্থ শ্রেণি, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম
৮.
প্রিয় বাংলাদেশ,
আশা করি তুমি ভালো আছ। তোমাকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ। তোমার জন্যই আমি এই সবুজ-শ্যামল গাছপালার সৌন্দর্য উপভোগ করতে পারছি। তোমার আছে ছয়টি ঋতু, যা বিশ্বে বিরল। কিন্তু তোমার অনেক গাছপালা কেটে ফেলা হচ্ছে। দূষিত হচ্ছে পরিবেশ এবং অনেক পশুপাখি হারাচ্ছে ঘরবাড়ি। এ কারণে অনেক পশুপাখিই আজ বিলুপ্তপ্রায়। তাই আমি অনেক গাছ লাগিয়ে তোমাকে আরও সবুজ-শ্যামল করে তুলব। প্রিয় বাংলাদেশ, ভালো থেকো।
ইতি
ওয়াসিফ সাত্তার
চতুর্থ শ্রেণি, সেইন্ট প্লাসিডস স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম
৯.
প্রিয় বাংলাদেশ,
শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ো। আজ থেকে ৫০ বছর আগে তোমাকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করতে তোমার বীর সন্তানেরা বুকের রক্ত দিয়েছিলেন। আমিও তাঁদের মতো তোমার যেকোনো বিপদে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পিছপা হব না।
ইতি
সপ্তদীপ সাহা
পঞ্চম শ্রেণি, নরসিংদী ল্যাবরেটরি স্কুল, নরসিংদী
১০.
প্রিয় বাংলাদেশ,
আমার বাবা যখন ছোট ছিলেন, তখন মুক্তিযুদ্ধ চলছিল। আমি তাঁর কাছে মুক্তিযুদ্ধের অনেক গল্প শুনেছি। জানতে পেরেছি, আমার এক দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন। তাঁকে ও দেশের সব বীর মুক্তিযোদ্ধাকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাঁদের মতো বীর বাঙালির জন্যই তো তোমাকে পেয়েছি!
ইতি
ইরা জাহান
ষষ্ঠ শ্রেণি, আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্র উচ্চবিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া
১১.
প্রিয় বাংলাদেশ,
তোমার অশ্বত্থগাছে বসে থাকা ঘুঘুর ডাকের বদলে কানে বাজছে হর্নের কর্কশ আওয়াজ। আকাশ ঢাকা পড়ছে কংক্রিটের দালানে। এত কিছুর পরও তোমার প্রতি আমাদের অনেক ঋণ। তোমার ছেলেদের রক্তের দাগ শুকায়নি। প্রতিজ্ঞা করছি, বীরের আত্মত্যাগকে আমরা সার্থক করে তুলব।
সামিয়া
অষ্টম শ্রেণি, বাংলাদেশ মিলিটারি একাডেমি উচ্চবিদ্যালয়, সীতাকুণ্ড , চট্টগ্রাম
১২.
প্রিয় বাংলাদেশ,
তোমাকে আমরা সবচেয়ে সুন্দর দেশ বলি, কিন্তু পরিবেশদূষণের কারণে তোমার সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। তাই আমরা যেন যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলি। তোমার গাছপালা কমে যাচ্ছে। তাই তোমার তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। আমি তোমাকে ভালো রাখার এই কথাগুলো সবাইকে শোনাতে চাই, সচেতন করতে চাই।
ইতি
সিদ্রাতুল মুনতাহা
চতুর্থ শ্রেণি, ফয়যুর রহমান আইডিয়াল স্কুল, মালিবাগ, ঢাকা
১৩.
প্রিয় বাংলাদেশ,
আমি চাই, তুমি হবে শোষণ, বঞ্চনা, অন্যায় ও অর্থনৈতিক বৈষম্যমুক্ত। এ দেশের প্রতিটি শিশুই সত্যিকারের মানুষের মতো বেড়ে উঠবে। অনাহারে, বিনা চিকিৎসায় মারা যাবে না একজনও।
ইতি
নুসরাত ফাতিমা
অষ্টম শ্রেণি, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয়, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
১৪.
প্রিয় বাংলাদেশ,
আজ স্মরণ করছি সেই সব বীর সন্তানকে, যাঁরা তোমাকে মুক্ত করতে অবদান রেখেছিলেন। প্রিয় দেশ, আমি আজ তোমার কাছে প্রতিজ্ঞা করছি, তোমার সব সুখ-দুঃখ আমি ভাগ করে নেব, কখনোই তোমার বিপদ দেখে পিছু হটব না।
ইতি
রাকিকা শাহলা
পঞ্চম শ্রেণি, এসওএস হারম্যান মেইনার কলেজ, ঢাকা
১৫.
প্রিয় বাংলাদেশ,
ধন্যবাদ আমাকে তোমার মাটিতে জন্ম দিয়ে ধন্য করার জন্য, গর্বিত করার জন্য। তুমি ভালো থেকো। আশা করি, তুমি আমাদের আরও সাফল্য এনে দেবে এবং এগিয়ে যাবে দুর্বার গতিতে।
ইতি
মেহেরাজ করিম
সপ্তম শ্রেণি, ভগবান সরকারি উচ্চবিদ্যালয়, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা
১৬.
প্রিয় বাংলাদেশ,
কেমন আছ? তোমার আলো-বাতাসে আমি ভালো আছি। তোমার সবুজ মাঠ, খেতখামার, নদী দেখে আমি মুগ্ধ। ১৬ ডিসেম্বর তোমার ৫০তম জন্মবার্ষিকী। তাই জন্মদিনের শুভেচ্ছা। তোমার আরও উন্নতি হোক। ভালো থেকো, প্রিয় বন্ধু।
ইতি
মানহা আফিয়া চৌধুরী
পঞ্চম শ্রেণি, রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল, বড়লেখা, মৌলভীবাজার