প্রিয় লেখক প্রিয় মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি আজ একজন মানুষের গল্প বলব। নিউমার্কেটে বইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে বইগুলোর দিকে তাকিয়ে থাকতেন তিনি। ভাবতেন, ‘সেদিন কবে আসবে যেদিন আমি বইগুলো কিনতে পারব!’ এখন তিনি নিজেই একজন লেখক, আমাদের খুব প্রিয় একজন লেখক। তাঁর নাম মুহম্মদ জাফর ইকবাল। আমাদের জাফর স্যার। জন্ম তাঁর ১৯৫২ সালের ২৩ ডিসেম্বর, সিলেটের মিরাবাজারে। তাঁর জীবনের অধিকাংশ সময়ই কেটেছে দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে। দিনাজপুর, বান্দরবান—এসব জায়গায় অনেক সময় কাটিয়ে যখন কেবল কলেজ পাস করেছেন, এল ১৯৭১। শুরু হয়ে গেল মুক্তিযুদ্ধ। সম্ভবত এ সময়টাতেই তাঁকে সবচেয়ে বেশি কষ্ট পেতে হয়েছে। এ জায়গা থেকে ও জায়গায় লুকিয়ে থাকতে হত তাঁদের পরিবারকে। পিরোজপুর থেকে মোহনগঞ্জ, সেখান থেকে অনেক কষ্টে ঢাকায় এলেন। শেষে যখন তাঁরা যাত্রাবাড়িতে অবস্থান করছেন, ঠিক সে সময়ে বাংলাদেশ স্বাধীন হলো। তিনি যখন হলে থাকতেন, সব বন্ধু মিলে করতেন নানা রকম মজার কাজ! প্ল্যানচেট করে আত্মা ডাকা, গভীর রাতে হঠাৎ হাঁটতে বেরিয়ে পড়া—কিছুই বাদ দেননি! সে সময় তিনি ‘কপোট্রনিক সুখ-দুঃখ’ নামে একটি গল্প লিখে সাপ্তাহিক বিচিত্রায় পাঠিয়ে দেন। সেই গল্প ছাপা হলো। একজন লিখে পাঠালেন সেটা নাকি অন্য আরেকজনের লেখা! পরের সপ্তাহ থেকে তিনি ‘কপোট্রনিক সিরিজ’ লিখতে লাগলেন।মাস্টার্স শেষ করলেন ’৭৬ সালে। পিএইচডি করেছেন আমেরিকায়, ইউনিভার্সিটি অব ওয়াশিংটনে। ’৯৪ সাল থেকে তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।মুহম্মদ জাফর ইকবালের প্রথম লেখা কিশোর উপন্যাস হাত-কাটা রবিন। দুঃখের কথা, আমরা হাত-কাটা রবিন পুরোটা পড়তে পারিনি। প্রকাশকের কারণে গল্পটির এক-তৃতীয়াংশ বাদ দিতে হয়েছিল। আমার সবচেয়ে প্রিয় বই আমি তপু এবং আমার বন্ধু রাশেদ। দুটি বইই আমাকে কাঁদিয়েছিল। রাশেদের জন্য খুব বেশি খারাপ লেগেছে। রাশেদকে এভাবে কেন মেরে ফেলা হয়েছিল, স্যারের কাছে জানতে চেয়েছিলাম। তিনি বলেছিলেন, মুক্তিযুদ্ধের প্রতিটি ঘটনাই কষ্টের। তিনি সেই কষ্টটাই আমাদের বোঝাতে চেয়েছেন। আজ আমার শুধু রাশেদের জন্য কষ্ট লাগে না, রাশেদের মতো প্রাণ দিয়েছে এমন সবার জন্যই কষ্ট হয়।মুহম্মদ জাফর ইকবালের বই শুধু কাঁদায় না, হাসায়ও। রঙিন চশমা তার চমৎকার উদাহরণ। দেশের বাইরে দেশ,আমেরিকাও কম হাসায়নি। কিশোর উপন্যাসগুলোর মধ্যে শান্তা পরিবার, আধ ডজন স্কুল, দীপু নাম্বার টু, বকুলাপ্পুু, দস্যি ক’জন, লিটু বৃত্তান্ত, নিতু ও তার বন্ধুরা। এককথায় বলতে গেলে চমৎকার সায়েন্স ফিকশন রচনায়ও তিনি দক্ষ। বেজি, অনিক লুম্বা, টুকুনজিল, অক্টোপাসের চোখ, নায়ীরা, অবনীল বইগুলো অসাধারণ!আমাদের জন্য শিক্ষাবিষয়ক বইও লিখেছেন তিনি। এগুলোর মধ্যে রয়েছে গণিতের মজা, মজার গণিত, দেখা আলোর না দেখা রূপ, নিউরনে অনুরণন, একটু খানি বিজ্ঞান। জটিল কিছু বিষয় তিনি এত সহজভাবে বুঝিয়ে দিতে পারেন যে বইগুলো না পড়লে বিশ্বাস করা কঠিন! ভূতের গল্পের মধ্যে ছায়ালীন,পিশাচিনী, নিশিকন্যার কথা মনে পড়ছে। এ ছাড়া আমাদের কঠিন কিছু প্রশ্নের সোজা উত্তর পেয়ে যাই তোমাদের প্রশ্ন, আমার উত্তর বইটিতে। ২০০৯ সালে স্যারের লেখা ‘ত্রাতুলের জগত’ গল্পটির অ্যানিমেশন ছবিও তৈরি করা হয়।জাফর স্যারের লেখা যেমন আমার ভালো লাগে, ভালো লাগে স্যারকেও। সবশেষে স্যারকে বলব, ‘অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করি, আপনাকে আরও বহু বছর কাছে পাব। শুভ জন্মদিন!’  ৭ম শ্রেণী, ভিকারুন নিসা নূন স্কুল, ঢাকা।