প্রীতি ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকনাম একটু ছোট হয়। জগন্নাথ এ কারণে হয় ‘জগা’, জগলুল হয় ‘জগলু’। তো জগলুর মাথায় বুদ্ধিটা প্রথমে এল। চারদিকে ফুটবল নিয়ে যেমন মাতামাতি চলছে তাতে বন্ধুদের নিয়ে একটা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করলে কেমন হয়? টিটু শুনেই লাফিয়ে উঠল, ‘হ্যাঁ, হ্যাঁ, উত্তম প্রস্তাব!’ রঞ্জু বরাবরই একটু গম্ভীর প্রকৃতির। সেও মাথা নেড়ে সায় দিল, ‘হুঁ, হতে পারে।’বন্ধুদের কোনো কিছুতে না বলাটা নাবিলের স্বভাবে নেই। অতি উৎসাহে সেও গলা মেলাল, ‘পারে মানে? আলবত পারে!’জগলু, জগা, নাবিল, টিটু অনেক দিন পর একটা উপলক্ষ পেয়ে যেন গা ঝাড়া দিয়ে উঠল। বন্ধুদের মধ্যে শিপলুর আবার গানের প্রতি ঝোঁক আছে। সে তো খুশিতে তখনই গাইতে শুরু করল, ‘জগলু-জগা হে হে, আমিনা-মিনা হো হো, দিস টাইম ফর মদনপুর।’জগলু-জগা জিনিসটা কী? জগার জোরালো অবজেকশন! এভাবে তাকে নিয়ে প্যারোডি গান বানানোটা তার পছন্দ হলো না। তা ছাড়া ‘আমিনা-মিনা’ এ দুটি নাম নিয়েও তার কিঞ্চিৎ আপত্তি আছে। কিন্তু কে শোনে সে কথা! বন্ধু শাহীন এরই মধ্যে স্কুলের দেয়াল পত্রিকায় ছড়া লিখে সুনাম কুড়িয়েছে। সে তো ঘোষণার সুরে বলেই ফেলল, এটা প্রীতি ম্যাচের অফিশিয়াল গান। অতএব এ গান সবাই গাইবে এবং জগলু, জগাকে শুনতে হবে। পাভেল কাগজের বল বানিয়ে এতক্ষণ প্র্যাকটিস করছিল। শুনে সেও শিপলুর সঙ্গে গলা মেলাল, ‘হ্যাঁ, হ্যাঁ, গাইতে হবে।’নাবিলও লাফিয়ে উঠল, ‘হ্যাভি গান হইছে! আলবত গাইতে হবে।’ বন্ধুদের সমর্থন পেয়ে শিপলুকে আর পায় কে? সে নতুন উদ্যমে গাইতে শুরু করল, ‘জগলু-জগা হে হে...।’এবার ধমকে উঠল জগলু। ডিফেন্সে কে থাকবে, স্ট্রাইকার কে হবে, গোলকিপার বাছাই—কত কাজ বাকি, অথচ এরা কিনা গান নিয়ে ব্যস্ত। টিম দাঁড় করানো কি চাট্টিখানি ব্যাপার। তাই তো! সবার যেন হুঁশ ফিরল। খেলাটা হবে আমিনা-মিনা যে পাড়ায় থাকে তাদের সঙ্গে। ও-পাড়ার ওরা ভালো খেলে। ওদের সঙ্গে পাল্লা দিতে হলে ডিফেন্সিভ খেললে হবে না। এ কথা শুনে টিটু হাসের মতো গলা বাড়িয়ে বলল, ‘তাহলে আমরা অ্যাটাকিং মুডে খেলব। সেটা না হয় খেলব, কিন্তু আমাদের স্ট্রাইকার কে?’ জগলুর এ কথায় দেখা গেল, প্রায় সবাই স্ট্রাইকিং পজিশনে খেলতে রাজি, কিন্তু গোলকিপার হতে কেউ রাজি নয়। বন্ধুদের মধ্যে একমাত্র মোস্তাকই এক রিকশায় একা চড়ে। সুতরাং জোর করে তাকেই গোলকিপার সাব্যস্ত করা হলো। কারণ মোটা হওয়ায় ওর দম এমনিতেই কম। গোলকিপার হলে দৌড়াতে হবে না। তা ছাড়া গোলবারের নিচে ও দাঁড়ালে শরীরে লেগেই অনেক বল ফিরে আসবে। সুতরাং নো চিন্তা! ডিফেন্স সামলাবে পাভেল। কারণ ওর নাকের সামনে দিয়ে মাছি পর্যন্ত পার হতে পারে না। কথার মাঝখানে নাক গলানো, মারামারিতে কনুই চালানোতে ও সিদ্ধহস্ত। সুতরাং প্রতিপক্ষের খেলোয়াড়দের সে ভালোই সমলাতে পারবে। মাঝমাঠে থাকবে টিটু, রঞ্জু, নাবিল। লিকলিকে টিটু দৌড়াতে পারে ভালো। একবার স্কুলের গাছ থেকে আম চুরির সময় বন্ধুরা ঢুলু স্যারের হাতে ধরা পড়লেও টিটুকে স্যার ধরতে পারেনি। টিটু এক দৌড়ে পগার পার। অবশ্য নাবিল এখনো দাবি করে, আমভর্তি ব্যাগটা ওর হাতে না থাকলে সেদিন ঢুলু স্যার তাকেও ধরতে পারত না। সে যাক! এখন স্ট্রাইকিং পজিশনে খেলবে কে সেটাই চিন্তার বিষয়! সবাই খেলতে চাইলেই তো হবে না। গুরুত্বপূর্ণ পজিশন। দায়িত্ব অনেক। শেষ পর্যন্ত জগলু ও জগার ঘাড়েই পড়ল এ দায়িত্ব। তাহলে শিপলুর কী হবে? শিপলু পারলে কেঁদেই ফেলে। ঘটনা হলো, শিপলু ফুটবল বুঝলেও ফুটবল শিপলুকে বোঝে না। ও হেড করতে গেলে কেমন করে যেন হ্যান্ড বল হয়ে যায়। কিন্তু এটা তো আর বলা যায় না। তাই অনেক বুঝিয়ে ওকে আপাতত অতিরিক্ত খেলোয়াড়ের তালিকায় রাখা হলো। এভাবে সবাই যখন খেলোয়াড় বাছাই নিয়ে ব্যস্ত তখন কে কে (কালা কুচকুচা) জুয়েল মনে করিয়ে দিল রেফারির বিষয়টি। যেন-তেন রেফারি হলে হবে না। বিগ ম্যাচ, মান-সম্মানের ব্যাপার। অভিজ্ঞ রেফারি ছাড়া হবে না। এখন উপায়? সিদ্ধান্ত সবাই নিতে পারে না, কেউ কেউ পারে। এর মধ্যে বুইড়া রিপন অন্যতম। বয়সের একটা ব্যাপার আছে। অতএব সিদ্ধান্ত হলো, রিপন হবে রেফারি।নির্দিষ্ট দিনে খেলা শুরু হলো। মাইকে ধারা বর্ণনায় রইল ছড়াকার শাহীন। জগলুর গোলবার বরাবর চোখ ধাঁধানো শটের বর্ণনা দিতে গিয়ে উত্তেজনায় বেচারা একবার বলেই ফেলল, ‘ক্যাপ্টেন জগলুর জোরালো শট, মাঠ চলে যাচ্ছে বলের বাইরে, ছক্কা!’শিপলু পাশ থেকে ভুলটা ধরিয়ে দিল। ‘ছক্কা না, বল গোওল! গোওল!’ তাই শুনে চারদিক ‘গোওল! গোওল!’ শোরগোল পড়ে গেল। ওদিকে পাভেলের চোরা কনুইয়ের গুঁতো খেয়ে মাঠে চিৎপটাং হয়ে পড়ল প্রতিপক্ষের খেলায়ার পিরু। নিশ্চিত ফাউল। কিন্তু সমস্যা হলো কার্ড দেখাতে গিয়ে। রেফারি দৌড়ে এসে পকেট থেকে হলুদ কার্ড বের করতে গিয়ে ভুল করে লাল কার্ড বের করে উঁচিয়ে ধরল। ব্যস, মাঠের শোরগোল রূপ নিল গণ্ডগোলে। জগা, জগলু, টিটু এমনকি সাইড বেঞ্চ থেকে শিপলু দৌড়ে গিয়ে ঘিরে ধরল রেফারি রিপনকে। কারণ এখন তার ওপরই নির্ভর করছে পাভেলের ভবিষ্যৎ। কিন্তু বুইড়া রিপন তার সিদ্ধান্তে অটল। ভুল হয়েছে হোক, ভদ্রলোকের এক কথা। ওদিকে পাভেল সিদ্ধান্তে হতভম্ভ। অথচ কিছুই করার নেই। কিন্তু সে কথা মানতে রাজি নয় মোস্তাক। উত্তেজনায় ‘রেফারি ভালো খেলছে না!’ এই অজুহাতে সে তার ইয়া বড় শরীর নিয়ে অ্যাটাকিং মুডে এগিয়ে গেল রেফারির দিকে। মুহূর্তেই রেফারি বুঝে গেল যা বোঝার। বাঁশি বাজাতে বাজাতে অ্যাম্বুলেন্সের গতিতে এক দৌড়ে সে মাঠ পার। টিটুর মতো দৌড়বিদও দৌড়ে তাকে ধরতে পারল না। ফলাফল, বাজে রেফারিংয়ের কারণে প্রীতি ম্যাচ পরিত্যক্ত এবং রেফারি রিপন পলাতক। তবে শিপলু এখনো জগলু-জগাকে দেখলে সুর করে গায়, ‘জগলু-জগা হে হে, আমিনা-মিনা হো হো, দিস টাইম ফর মদনপুর।’