প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিদিম দিদিম দিদিম বোল
বাজছে বাঁশি, বাজছে ঢোল।
নাচছে পুতুল, নাচছে মন
ছোট্ট মনের সিংহাসন।
মুড়কি মোয়া ঢ্যাপের খই
কই ফাবিহা সিফাত কই
নিমকি গজা রসকদম
কে খাবি আয় দশ কদম।
রঙিন ঘুড়ি চরকা সই
গুড়জিলাপি মিষ্টি দই।
কিনব লাটিম ঝুমঝুমি
কই রোদসী মুম রুমি।
আয় রে কিনি তালপাখা
করব ফিরে হালখাতা।
মাটির হাঁড়ি কাঠের টুল
কিনব মায়ের কানের দুল।
জারিসারি বটমূলে
শুনব যে আজ মন খুলে
নাগরদোলায় দুলব আজ
মনের আগল খুলব আজ।
নদীর ধারে বাউলগান
শুনলে পরে জুড়ায় প্রাণ
এসব করে ফুরায় দিন
মনটা নাচে তাধিন ধিন।