ফটেং
একটু আগে বৃষ্টি থেমেছে। বৃষ্টির পর একটা গন্ধ আসে। ভেজা মাটির গন্ধ। পদ্মপুর হাইস্কুলের অঙ্কের শিক্ষক শহিদুল হক মাটির সঙ্গে খিচুড়ির গন্ধও পাচ্ছেন। একটু আগে চড়িয়েছেন। এখন টগবগ করে ফুটছে। শহিদুল হক একা একটা টিনের চালের ঘরে থাকেন। বিয়ে করেননি। বয়স পঞ্চান্নর মতো। পরিবারে কেউ নেই। নিজেই রান্না করেন। আজ রান্না করেছেন ডিম-খিচুড়ি। বর্ষার রাতে এর তুলনা হয় না।দরজায় খটখট কড়া নাড়ার শব্দে ধ্যান ভাঙে। রাত এগারোটা। গ্রামের হিসেবে নিশুতি রাত। এত রাতে আবার কে এল!‘কে রে?’‘স্যার, দরজা খোলেন। আমার নাম ফটেং। খিচুড়ির গেরান পাইয়া আসছি। খিদা লাগসে।’অন্য কেউ হলে রেগে যেতেন। কিন্তু বাচ্চা ছেলের কণ্ঠ শুনে চিন্তায় পড়ে গেলেন শহিদুল হক। এত রাতে কার না-কার বাচ্চা পথ হারিয়েছে। সারা দিন নিশ্চয়ই খাওয়া হয়নি।দরজা খুলতেই মেজাজ খারাপ হয়ে গেল। ভেবেছিলেন কাঁদো কাঁদো মুখে দাঁড়িয়ে থাকবে। তা না, উল্টো চোখ কুঁচকে তার দিকে তাকিয়ে আছে খালি গায়ে হাফপ্যান্ট পরা ছেলেটা। চোখগুলো বড় বড়। শরীরটা লিকলিকে। কোমরে হাত দিয়ে যেভাবে দাঁড়িয়ে আছে, তাতে মনে হয় তেজ আছে খুব।‘সইরা না দাঁড়াইলে ঢুকি কেমনে?’‘কী নাম বললে?’‘ফটেং।’‘ফাইজলামি করবা না। পুরো নাম বলো।’‘পুরা নামই কইসি। অর্ধেক নাম কইলে কইতাম আমার নাম ফ। খালি ফ।’ছেলেটা ক্ষুধার্ত বলে আপাতত কিছু বলতে পারলেন না শহিদুল হক। ‘খিচুড়ির জব্বর গেরান আসছে। জলদি বাড়েন। লগে একটা কাঁচা মরিচ।’খাওয়ার সময় একটা কথাও বলল না ফটেং। শহিদুল হক ঠিক করেছেন তাকে আর প্রশ্ন করবেন না। খাওয়া হয়েছে, এরপর বিদেয় হবে। কিন্তু যাবে কোথায়? বাড়ি কই?‘স্যার, আপনি রাইতে ঘুইরা বেড়ান। আমি আপনেরে দেখি।’‘তোমার বাড়ি নাই? তুমি রাইতে আমারে দেখো কেমনে?’ফটেং উত্তর দিল না। মাথা নিচু করে আয়েশ করে খাচ্ছে। শহিদুল হক নিজেও প্লেটে নিয়ে খানিকটা খেলেন। যদিও তাঁর খিদে নষ্ট হয়ে গেছে।‘স্যার, চলেন। আইজকা দুইজনে ঘুরি। মজার খেলা দেখামু।’অঙ্কের শিক্ষক শহিদুল হক ঘটনাটার কোনো সূত্র খুঁজে পাচ্ছেন না। ফটেং নিজের সম্পর্কে কিছুই বলেনি। কিন্তু তাঁর সম্পর্কে অনেক কথাই সে জানে। এই যেমন শহিদুল হক রাতে মফিজের দোকানে চিনি ছাড়া চা খান। চায়ে যে চিনি খান না, এটা ফটেংয়ের জানার কথা না।দুজনে হাঁটতে হাঁটতে পদ্মপুর রেলস্টেশনে চলে এল। স্টেশনের এক পাশে ঘন ঝোপঝাড়। তারপর একটা খাল। খাল গিয়ে মিশেছে নদীতে। পূর্ণিমা না হলেও চাঁদের আলো আছে। জোনাকিও আছে। ফটেং কোনো কারণ ছাড়াই তিড়িং-বিড়িং করে লাফাচ্ছে। ‘স্যার, চলেন জোনাকি ধরি।’‘নারে তুই ধর। এই বয়সে আমি জোনাকি ধরব কেমনে।’ফটেংকে এখন তুই বলে সম্বোধন করছেন। শহিদুল হকের মেজাজ আগের চেয়ে এখন ঠান্ডা।‘স্যার, আপনের বয়স কত? নব্বই? তাইলে খাড়াইয়া থাইকা গীত ধরেন। আমি জোনাকি ধরি।’ উড়াল দিয়ে ঝোপের কাছে গেল ফটেং। ছেলেটাকে অদ্ভুতভাবে লাফ দিয়ে উড়ে যেতে দেখেও অবাক হলেন না শহিদুল হক। নাম যার ফটেং, সে তো এমন উড়বেই। ‘স্যার, লন যাই, চা খাই।’‘এতক্ষণে দোকান খোলা আছে কি না, কে জানে।’‘না থাইকলে ব্যাডার ঘুম ভাঙামু।’স্টেশন থেকে পূর্ব দিকে মিনিট দশেকের হাঁটাপথ। একটা পরিত্যক্ত স্কুল পার হয়ে বাঁশঝাড়ের পাশের রাস্তা ধরতে হয়। তারপর কবরস্থান। সেখান থেকে দূরে মফিজের দোকানের টিমটিমে কুপি বাতির আলো চোখে পড়ে। বাঁশঝাড় পার হচ্ছে দুজন। এর মাঝে অনেক কথাই হলো।‘স্যার, আপনে রাইতে ঘুরেন, ভূতের ডর করে না।’‘ভূত বলে কিছু নাইরে। তবে মানুষেরে ডরাই। মানুষ খুব ডেঞ্জারাস।’‘ঠিক কইছেন, স্যার। মানুষ চুরি-ডাকাতি করে, ভূত করে না।’‘তুই এত সাহস পেলি কোত্থেকে? আর ভালো কথা, আমাকে তো কী জানি খেলা দেখানোর কথা।’‘জি স্যার, দেখামু। কিন্তুক খেলা দেখাইতে আরও মানুষ লাগব।’বাঁশঝাড়ের শেষ মাথায় টর্চের আলো দেখতেই দাঁড়িয়ে গেল দুজন। শহিদুল হকের গায়ে কাঁটা দিয়ে উঠল। ডাকাত নয় তো! ফটেংও কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে গেল। টর্চের আলো দ্রুত এগিয়ে এল। টেকো মাথার একটা লোক। সঙ্গে গামছাওয়ালা আরেকজন। দুজনেরই হাতে রামদা। ‘টেকাপয়সা কিছু আছে?’শহিদুল হক উত্তর দিতে পারলেন না। ফটেং বলল, ‘আছে তো, ওই টেকা দিয়া আমরা চা খামু। তোমাগো দিব না।’‘তবে রে!’টেকো মাথার লোকটা রামদা হাতে তেড়ে আসতেই তিড়িং করে লাফ দিল ফটেং। এক লাফে টেকো লোকটার মাথায় চড়ে বসল। এরপর টেকো লোকটার মাথায় দুই হাতে ভর রেখে পা সোজা ওপরের দিকে তুলে দিল। লোকটার হাত থেকে রামদা পড়ে গেল। সে শুধু হাত বাড়িয়ে বলছে, ‘ওই নাম! নাম কইলাম!’ ফটেংয়ের নামার জো নেই। টেকো লোকটার মাথায় দুই হাত রেখে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। এরপর ঘটল মজার কাণ্ড। ফটেং তার হাতে ভর দিয়েই লোকটার মাথার ওপর নাচতে শুরু করে দিল। নাচতে নাচতে ছড়াও কাটছে। ‘কতবেল বেরেক ফেইল, কতবেল বেরেক ফেইল। তাকডুমাডুম মজার খেইল।’পাশের গামছা পেঁচানো লোকটা অদ্ভুত কাণ্ড দেখে ভয় পেয়ে গেল। ফটেংয়ের দিকে দুয়েকবার রামদা উঁচিয়ে বলল, ‘এই যাহ, যাহ ভূতের ছাওয়াল, যা!’শহিদুল হকও বুঝতে পারলেন। ঘটনা স্বাভাবিক না। এভাবে কোনো শিশুর পক্ষে এক হাতে ভর দিয়ে কারও মাথার ওপর নাচা সম্ভব নয়।টেকো মাথার লোকটা দৌড়াতে শুরু করেছে। তার পরও ফটেং নামছে না। মাথার ওপর নেচেই যাচ্ছে, কতবেল বেরেক ফেইল, কতবেল বেরেক ফেইল।এক ঘণ্টা পরের কথা। মফিজের দোকানে চা খাওয়া শেষে দুজন এখন নদীর পাড়ে বসে আছে। শহিদুল হকের হাতঘড়িতে সময় রাত একটা। শান্ত নদীতে চাঁদের আলো চিকচিক করছে। অদ্ভুত ঘটনাটার পর দুজনের আর খুব একটা কথা হয়নি। ফটেংও চুপ মেরে গেছে। মাঝেমধ্যে দুয়েকটা মেজাজ গরম করার মতো কথা বললেও শহিদুল হক রাগ করতে পারছেন না। ‘আইচ্ছা স্যার, এখন ধরেন নদীতে যদি আমরা সাঁতরাইতে নামি, তাইলে কি মাছের ঘুম ভাইঙা যাইব?’ ‘জানি না রে।’ ‘স্যারের কি শইল খারাপ?’‘কদিন ধইরা বুকে কফ।’‘তাইলে বাসায় যান গা। আমি সাঁতার কাইটা লই।’শহিদুল হক উঠে দাঁড়ালেন। ফটেংয়ের সঙ্গে আরও গল্প করতে পারলে ভালো লাগত। কিন্তু মন বলছে উঠে দাঁড়ানো দরকার। পেটে খিদে রয়ে গেছে। একটা কিছু মুখে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে। প্রচণ্ড ঘুমও পাচ্ছে।ঝপাং। ফটেং কোনো কথা না বলে পানিতে লাফ দিয়েছে। একটু পর হুসসস করে মাথা তুলল মাঝ নদীতে।‘স্যার, নাইমা দেখেন, দারুণ মজা। নদীর পানি, গাঙের পানির গন্ধ কেমুন জানি।’শহিদুল হক ঘুরে দাঁড়িয়ে হাঁটতে লাগলেন। ফটেংয়ের আবোলতাবোল ছড়ায় কান দেওয়ার মানে হয় না।বাসায় ফিরে দেখেন দরজা লাগাতে ভুলে গিয়েছিলেন। খিদায় অন্ধকার দেখছেন চোখে। পাতিলের ঢাকনা তুলতেই কপাল কুঁচকে গেল শহিদুল হকের। পাতিল কানায় কানায় ভর্তি। গরম খিচুড়ি থেকে ধোঁয়া উঠছে। যেন এইমাত্র রান্না করা!