ফার্স্ট বয়-সেকেন্ড বয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা শুরু হয়ে গেল। আমরা প্রশ্নপত্র পেয়ে খাতায় লিখতে শুরু করেছি। এমন সময় কয়েকজন স্যার অস্থিরভাবে জনে জনে গলা খাটো করে জিজ্ঞাসা করলেন, ‘কী রে, পরীক্ষা যে শুরু হয়ে গেল, মনির তো এখনো আসেনি। তার কোনো সমস্যা-টমস্যা হলো নাকি! তোরা জানিস কিছু?’ আশ্চর্য হয়ে জবাব দিলাম, ‘না, আমরা তো কিছুই জানি না, স্যার।’ মন খারাপ করে চলে গেলেন স্যার।সপ্তম শ্রেণীর ফার্স্ট বয় মনির। সে আজ অনুপস্থিত। তার অনুপস্থিতির কারণ জানে না কেউ।আমাদের তিনটি সেকশনে ১৬৫ জন ছাত্র। আমার রোল নম্বর ২। তার সঙ্গে খুব প্রতিযোগিতা আমার। যতই চেষ্টা করি না কেন, মনিরের সঙ্গে কোনোভাবেই কুলিয়ে উঠতে পারি না। মনে মনে খুব হিংসা করি তাকে। সে স্কুলে না এলে, অসুস্থ হলে কিংবা কখনো পড়া একটু কম পারলে খুব খুশি হই। কিন্তু আজ সে পরীক্ষা না দিতে আসায় যতটা আনন্দিত হওয়ার কথা, ততটা আনন্দ লাগছে না। তার জন্য কেন জানি খুব খারাপ লাগছে আমার।আজকের পরীক্ষা শেষ হওয়ার পর বাসায় যেতে আর মন চাইল না। মনিরের জন্য মন খুব খারাপ হয়ে আছে। আমাদের ক্লাসের রনি ও শুভকে নিয়ে আমি মনিরের খোঁজ নিতে বের হয়ে গেলাম। কিন্তু তার বাসা যে কোথায়, তা আমরা জানি না। ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র আমাদের নিয়ে গেল। কুড়ি মিনিটের মতো হাঁটার পর ছেলেটি রাস্তায় দাঁড়িয়ে আমাদের বলল, ‘ওই যে বস্তিটা দেখা যায়, মনির ভাই ওইখান থেকেই আসে।’বস্তিটা পানিতে ভাসছে। এলোমেলো ছোট ছোট খুপরিঘর। মাঝেমধ্যে দু-একজনের খলখল করে হাঁটাচলার ও শিশুর কান্নার শব্দ পাওয়া যাচ্ছে। আমরা প্যান্ট গুটিয়ে জুতো হাতে নিয়ে নেমে গেলাম পানিতে। মনে হলো, ঢেউগুলো দাঁড়িয়ে থাকা বস্তির নড়বড়ে খুপরিঘরগুলোকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করছে।মনিরের কথা বলতেই বস্তির একজন হাত-ইশারায় একটা ছোট ঘর দেখিয়ে দিল। ঘরে হাঁটুসমান পানি। চুপি দিয়ে দেখি, খুঁটির ওপর জোড়াতালি দেওয়া কয়েকটা কাঠের ওপর জবুথবু হয়ে বসে আছে মনির। ‘মনির, তুই যে আজ পরীক্ষা দিতে যাসনি! সবাই চিন্তা করছি। কী হয়েছে তোর?’ সে চমকে উঠল। সে কিছু বলার আগেই বুঝতে পারলাম, সে খুব অসুস্থ। শুকিয়ে একেবারে ছোট হয়ে গেছে। কপালে হাত দিয়ে অনুভব করলাম, তার প্রচণ্ড জ্বর। সে কাঁপছে। ঠোঁট-মুখ শুকিয়ে গেছে। তার সামনে একটি টিনের বাসনে ভাজা চাল, পাউরুটির কিছু অংশ ও ইংরেজি দ্বিতীয় পত্র বইটি পড়ে আছে। বাসনে মাছিরা ভনভন করছে।মনিরের বাবা নেই। তার মা ও বোন অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতে গেছে। ঘরে সে একা। মনির লজ্জায় আরও ছোট হয়ে ভাঙা স্বরে বলল, ‘ভাই, আমি তোদের বসতেও দিতে পারছি না। তোরা কেন খালি খালি কষ্ট করছিস? পরীক্ষা কেমন হলো রে’ বলেই ফুঁপিয়ে কাঁদতে লাগল সে।বৃষ্টি ও বন্যার পানিতে কাত হয়ে কোনোমতে দাঁড়িয়ে আছে তার খুপরিঘরটি। ঘরের কোনায় দেখলাম তার খাতা, জুতো ও বইয়ের পাতা ভাসছে। একটি কাঠিতে ঝুলে আছে তার ছেঁড়া ও ময়লা ইউনিফর্মটি। আমরা কোনো দিন অনুমান করতে পারিনি আমাদের ক্লাসের ফার্স্ট বয় মনির এত গরিব। তার অবস্থা দেখে আমাদের চোখও ভিজে গেল। মনে মনে বললাম, কত ছাত্রের কত কষ্ট যে ইউনিফর্মের তলে এভাবে চাপা পড়ে থাকে!মনির লজ্জায় বারবার বলছে, ‘কোনো চিন্তা করিস না, ভাই। আমি এমনিতেই ভালো হয়ে যাব। পরীক্ষার জন্য ভীষণ কষ্ট হচ্ছে।’ আমরা আর কোনো কথা বাড়ালাম না। আসি, বলে দ্রুত বের হয়ে মেইন রোডে এসে তিনজন পরামর্শ করলাম, কী করা যায় মনিরের জন্য। চট করে বুদ্ধি পেয়ে গেলাম। আমরা তিনজন একত্রে তিনজনের বাসায় গিয়ে বাবা-মাকে মনিরের কষ্টের কথা খুলে বললাম। তাঁরা আমাদের অস্থিরতা আর আন্তরিকতা দেখে খুব খুশি হলেন। তিনজনের আব্বুর কাছ থেকে ৫০০ করে ১৫০০ টাকা পেলাম। এই টাকা নিয়ে মনিরের বাসায় রওনা হয়ে গেলাম। মনের ভেতরে প্রচণ্ড আনন্দ। যাওয়ার পথে একটা চকি, স্যালাইন, ফিটকিরি ও পথ্য নিয়ে চকি মাথায় হুড়মুড়িয়ে গিয়ে উঠলাম তার ঘরে। আমাদের হাতে ও মাথায় ওসব দেখে তার মা, বোন ও মনিরের মুখ আনন্দ-কৃতজ্ঞতায় উজ্জ্বল হয়ে উঠল। আমরা চকি পেতে তার ওপর মনিরকে টেনে নিয়ে বসে কথা বলছি। আশপাশের কেউ কেউ এসে আমাদের অনেক প্রশংসা করতে লাগলেন। তার বোন ছোটাছুটি করে এক প্যাকেট বিস্কুট এনে আমাদের আদর করে খাওয়ালেন। পরে আমরা মনিরকে অবশিষ্ট টাকা ও অভয় দিয়ে চলে এলাম।স্কুলে এসে স্যারদের কাছে সব খুলে বললাম। আমাদের এই উদ্যোগ আর আয়োজনের কথা শুনে স্যাররা অনেক খুশি হলেন। হেডস্যার আমাদের মাথায় হাত বুলিয়ে ধন্যবাদ দিয়ে বললেন, ‘ভালো কাজ কখনো হারিয়ে যায় না রে। তোদের এই ছোট্ট একটা ভালো কাজের দৃষ্টান্ত ভবিষ্যতের বৃহৎ কাজের প্রেরণা হয়ে থাকবে।’ স্যারের এসব কথায় আমরা ভালো কিছু করার আনন্দ নিয়ে বাসায় ফিরে গেলাম।পরীক্ষা শেষ হওয়ার তিন দিন পর মনির দুর্বল শরীর নিয়ে স্কুলে এল। তার বিষয়টি নিয়ে স্যাররা জরুরি মিটিং করলেন। পরে বিশেষ ব্যবস্থায় মনিরের পরীক্ষা নেওয়া হলো।পরীক্ষার ফল প্রকাশের দিন সবার চক্ষু ছানাবড়া। এবারও ফার্স্ট হয়েছে মনির!