ফুস্মন্তর!
‘অসম্ভব! এ হতেই পারে না!’ ভূতশিরোমণি, ভূতসম্রাট, ভূতেশ্বরাম্ভুভূতোরাজাধিরাজ ক্রিংমিৎ হঠাৎ চিৎকার করে উঠলেন। আরাম কেদারায় বসে ঝিমুচ্ছিলেন ভূতরাজ্যের প্রধানমন্ত্রী ভূতোশ্চন্দ্র। রাজার হঠাৎ হুঙ্কারে আসন থেকে একটু হলেই পড়ে গিয়েছিলেন ৭৯৩ বছর বয়সী এই বৃদ্ধ, জ্ঞানী ভূত। সাড়ে ৩৩টা চোখের ওপর বসানো বিদ্ঘুটে চশমাটা তাঁর কাত হয়ে গেছে একদিকে। কোনোরকমে সামলেসুমলে ভূতোশ্চন্দ্র বোঝার চেষ্টা করতে লাগলেন, কী অসম্ভব, কেন অসম্ভব, কীভাবে অসম্ভব? রাজসভার বাকিরা এতশত বোঝেন না। সেটার ধারও ধারেন না। রাজার কথাই শেষ কথা। আগপিছ ভাবার কোনো দরকারই নেই। তাঁরাও সমস্বরে তুললেন কোরাস, ‘অ-স-ম্ভ-ব! অ-স-ম্ভ-ব! এ হতেই পারে না।’কিন্তু কী হতে পারে না?একটু পরেই খোলাসা হয়ে গেল সব। হয়েছে কি, ভূতরাজা ক্রিংমিৎয়ের একটা যন্ত্র আছে—পৃ-ভিজুয়ালাইজেশনাপডেট। হতচ্ছিরি এই যন্ত্রটা তাঁকে বানিয়ে দিয়েছে ভূতরাজ্যের সেরা বিজ্ঞানী ড. ঘুটঘুট ড.। নামের আগেও ‘ডক্টর’ শেষেও ‘ডক্টর’। বোঝাই যাচ্ছে, বিজ্ঞানী হিসেবে তিনি আসলে ডাবল ডিগ্রিধারী। কিন্তু কী কাজ এই প্রি-ভিজুয়ালাই-জেশনাপডেট যন্ত্রের? পৃথিবীর যাবতীয় খবরাখবর পাচার করে আনা ভূতরাজ্যে। পৃথিবীটা তো একসময় ভূতদের দখলেই ছিল। তখনো মানুষ আলো জিনিসটা নিজেদের কবজায় আনতে পারেনি। আর অন্ধকার মানেই তো ভূতদের একচ্ছত্র আধিপত্য। আলো আবিষ্কারের সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে রাজ্যপাট লোপাট হয়ে যেতে থাকল ভূতদের। মানুষ আর তাদের ভয় পায় না। বরং ভূতেরাই কিম্ভূত প্রজাতির এই মানব সম্প্রদায়কে উল্টো ভয় পেতে শুরু করল...। সে যা-ই হোক, এ সবই পুরোনো কথা। নতুন খবর হলো, সেই প্রি-ভিজুয়ালাইজেশনাপডেট যন্ত্রটা ঘটাশমটাশ শব্দ তুলে একটা তথ্য জানিয়েছে। পুরো পৃথিবীই নাকি এখন ফুটবল বিশ্বকাপে মশগুল। রাজা ক্রিংমিৎয়ের হাতে ইদানীং তেমন কোনো কাজ নেই। মনোযোগ দিয়ে তিনি ফুটবল এবং এর ইতিহাস আদ্যোপান্ত পড়ে ফেললেন। পড়তে গিয়েই তাঁর ধারণা হলো, এই খেলাটা আসলে ভূতদেরই আবিষ্কার। ৭৪৩ ভূতপূর্বাব্দে লবটফু বলে একটা খেলা প্রচলিত ছিল ভূতসভ্যতায়। কাটামুণ্ড নিয়ে বেদম লাথি মারামারি আরকি। সেই খেলাটাই ঘষেমেজে মানুষ বানিয়ে ফেলেছে ফুটবল। লবটফু উল্টো দিক দিয়ে তো ফুটবলই হয়, নাকি?মানুষ ভূতদের কাছ থেকে আরও অনেক কিছুর মতো এই খেলাটাও চুরি করে এখন নিজেদের করে ফেলেছে। সেই ফুটবল নিয়ে তাদের সে কী মাতামাতি! রাগে গা জ্বলে যায়। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের দৃশ্য দেখে আর সহ্য করতে পারেননি ভূতসম্রাট। অসহ্য রাগে তাই চিৎকার করে উঠেছিলেন, ‘অসম্ভব!’ পুরো বিষয়টা খোলাসা করতেই প্রধানমন্ত্রী ভূতোশ্চন্দ্র একটু গলা খাকারি দিয়ে কেশে নিলেন। এরপর ৪৩টা শুঁড় দিয়ে সাড়ে ৩৩টা চশমার কাচ পরিষ্কারের একটা বৃথা চেষ্টা চালালেন। বোঝাই যাচ্ছে, এরপর তিনি একটা বক্তব্য ঝাড়বেন। সেই বক্তব্য শোনার জন্য প্রস্তুত হলেন সবাই। প্রস্তুত আর কি—কেউ ঘুমিয়ে পড়লেন পাশের জনকে টের পেতে না দিয়ে, কেউ কানে দিলেন তুলো, আর কেউ তাকিয়ে রইলেন আনমনা।শুধু রাজাই মনোযোগ দিয়ে ভূতোশ্চন্দ্রের কথা শোনেন। এবারও তা-ই হলো। প্রধানমন্ত্রীর পরামর্শটাও মনে ধরল ক্রিংমিৎয়ের। মানবজাতিকে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে। ওদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যে দল, তাদের সঙ্গে খেলবে ভূতোকাপের চ্যাম্পিয়নরা। এরপর পৃথিবীর মানুষ বুঝবে, কত সরষেতে কত ভূত। বুঝবে, ভূতেরাই আসলে এখনো সেরা।কিন্তু বললেই তো হলো না। ভূতরাজ্যে খেলাধুলার তেমন একটা অভ্যাস নেই। আগে তো তাঁদের একমাত্র বিনোদন বলতে ছিল মানুষকে ভয় দেখানো। কিন্তু ভয় ব্যাপারটাই তো এখন জাদুঘরে থাকে। কে আর কাকে ডরায়। তাই ভূতেরাও খেলাধুলা ছেড়ে শুধু পড়াশোনায় মন দিয়েছিল। হ্যাঁ, তাতে তারা অনেক দূর এগিয়ে গেছেন বটে। মানুষ এখনো মঙ্গলগ্রহে পা রাখতে পারেনি। কিন্তু মঙ্গল তো বটেই, ভূতেরা জয় করে ফেলেছেন বহু আলোকবর্ষ দূরের আরেক নক্ষত্রপুঞ্জ অ্যান্ড্রোমিডা।তবে এখন দেখা যাচ্ছে, পড়াশোনাই সব নয়। খেলাধুলাটাও জরুরি। না হলে মানুষের সঙ্গে পাল্লা দেওয়া কিসের। রাজা কি আর অতশত বোঝেন! আবাধ্য ছোট ছেলের মতো তিনি হাত-পা ছুড়তে আরম্ভ করলেন ভূতাসনে বসে। কাঁদো কাঁদো গলায় বললেন, ‘কিছু একটা করতেই হবে, ভূতোশ্চন্দ্র। ডাকো ব্যাটা ড. ঘুটঘুটকে। বলে দাও, দ্রুত একটা সমাধান বের করতে না পারলে ওর নামের আগেপিছের দুটো ডিগ্রিই বাজেয়াপ্ত ঘোষণা করা হবে। ব্যাটা শুধু নাকে তেল দিয়ে ঘুমায় তাঁর যন্তরমন্তর গুহায়। কাজের কাজ কিসসু করে না। ডাকো ওকে।’ রাজাকে বোঝানোর কেউ নেই যে মুখস্থ বিদ্যা যেমন কোনো কাজে আসে না, তেমনই চাইলেই গবেষণাগারে ফুটবলার বা শিল্পীও বানানো সম্ভব নয়। এর জন্য চাই শ্রম, চাই সাধনা। আর তা ছাড়া মনুষ্য পৃথিবীতে লিওনেল মেসি নামের এক অবিশ্বাস্য কাণ্ডকারখানা করে দেখানো ফুটবল জাদুকর নাকি আছে। আছে ক্রিস্টিয়ানো রোনালদো, কাকা। তাঁদের নাম শুনলে প্রতিপক্ষের নাকি ঘাম ছুটে যায়। ফুটবল-অজ্ঞ ভূতেরা পারবে কী করে?উপায় বের করার দায়িত্ব তো আর রাজা ক্রিংমিৎয়ের না। এত টাকা দিয়ে মন্ত্রী-পারিষদ তবে তিনি পুষছেন কোন কচুটা কাটতে? আর ঘুটঘুট ব্যাটাই বা করে কী? ড. ঘুটঘুট ড. তখন তাঁর যন্তরমন্তর গুহায়। গুহা নয়, আসলে অত্যাধুনিক এক গবেষণাগার। এখান থেকেই তিনি করেছেন নিত্যনতুন কত সব আবিষ্কার। ভূতসমাজের আকাশে আজ যখন দুর্যোগের ঘনঘটা, তখন কিছু একটা তো করতেই হয়। নাওয়া-খাওয়া ভুলে গেছেন তিনি। দিন-রাত গবেষণা করে চলেছেন একটা সমাধান বের করার জন্য। রাত পেরিয়ে দিন আসে, দিন পেরিয়ে আবার আসে রাত। কিন্তু ঘুটঘুটের কোনো দেখা নেই। তিনি ডুব মেরে বসে আছেন যন্তরমন্তরে। অবশেষে একদিন ছুটে এলেন তিনি। অন্য কোনো সময় হলে ‘ইউরেকা’ ‘ইউরেকা’ বলে চিৎকার করে ছুটে আসতেন। কিন্তু হায় রে কপাল! এই ‘ডায়ালগ’ও তো সেই কবে ভূতদের কাছ থেকে চুরি করে ফেলেছে মানুষ। তাই তিনি ছুটে এলেন নিঃশব্দে। ছুটে এলেন রাজসভায়, রাজা ক্রিংমিৎয়ের কাছে।‘পেয়েছি, মহারাজ, পেয়েছি/ পেয়েছি সমাধান/ বানিয়ে ফেলেছি জাদুকরী এক বল/ ফুস্মন্তর যার নাম।’ বিজ্ঞানী হলেও আগে ঘুটঘুট ছিলেন কবি। এখনো অতি উচ্ছ্বাস-উত্তেজনায় ভুগলে তাঁর ভেতরের কবিটা যেন ঘুম থেকে জেগে ওঠে। মুখ দিয়ে একের পর এক ছন্দোময় বাক্য ছোটে। সেই উত্তেজনা সংক্রমিত হয় রাজার মধ্যেও। তিনিও কাব্য করার বৃথা চেষ্টা চালান।‘বাহ্, সুন্দর তো নাম! কিন্তু কী কাম? বলি বলটার কাজ কী? কী এমন জাদু আছে, ঘুটঘুট, তোমার ওই বলে? বল কি কথা বলে?’রাজার কৌতূহল মেটাতে ঝোলা থেকে বলটা বের করলেন ড. ঘুটঘুট। দেখতে সাধারণ বলের মতোই। ফুস্মন্তর নামটার সার্থকতা ঠিক বোঝা গেল না। কৌতূহলী দৃষ্টিতে সবাই তাকিয়ে আছে বলটার দিকে। সেটা তখন মেঝেতে। চুপচাপ ঘাপটি মেরে পড়ে আছে। এবার ঘুটঘুট তাঁর ৫২ পকেটের একটায় হাত চালান করে দিলেন। বের করে নিয়ে এলেন রেফারির বাঁশি। যেই না তাতে ফুঁ দিলেন, অমনি কী আশ্চর্য, বলটা জ্যান্ত হয়ে উঠল! সোজা শূন্যে। ঘুটঘুট এবার বাঁশিতে ফুঁ দিলেন দুইবার। অমনি বলটা ইচ্ছেমতো ছুটতে শুরু করল রাজসভায়! একবার প্রধানমন্ত্রীর ৪৩টা শুঁড়ের ফাঁকফোকর দিয়ে ঘুরে এল, একবার উড়ে গেল সেনাপতির কাছে, গিয়ে মারল তাঁকে এক ঢুস। বলের এক ঢুসেই হুঁশ হারিয়ে ফেললেন পেল্লায় সাইজের দৈত্যটাও। বলটার ভেতর থেকে কে যেন খিলখিল হাসিও হেসে উঠল। এবং কী আশ্চর্য, ঘুটঘুট তিনবার বাঁশিতে ফুঁ দেওয়া মাত্রই অদৃশ্য হয়ে গেল বলটা!আনন্দে হাততালি দিয়ে উঠলেন রাজাধিরাজ ক্রিংমিৎ, ‘পেয়েছি! এই তো চাই। এবার দেখবে মনুষ্য জাতি, কত সরষেতে...!’ রাজার মুখ থেকে কথা নিল সভার সবাই। উঠল কোরাস, ‘কত ভূত!’