ফোকলামুখো, ফোকলামুখো আর ফোকলামুখো। সবার মুখে ওই একই কথা। শুনতে একটুকুও ভালো লাগে না ফাতিমার। দুদিন আগে আর পরে মিলিয়ে সামনের পাটির ওপরের মাড়ির দুটো দাঁত পড়ে গেল। নিচের মাড়ির দুটো দাঁত পড়েছে সেই কবে। বড় হচ্ছে, তবে একটু একটু করে। এমনিতেই সামনে দিয়ে কিছুই চিবোতে পারে না, এখন আবার ওপরের মাড়ির দুটো দাঁত নেই। ফাতিমার শুধু কান্না পাচ্ছে। কাঁদতে কাঁদতে মাকে গিয়ে বলল, ‘দাঁত না উঠলে আমি স্কুলে যাব না।’ মা হাসতে হাসতে বললেন, ‘আরেকবার বল তো? ভারি সুন্দর দেখাচ্ছে তোকে।’ বড্ড রাগ হলো ফাতিমার। মুখ গোমড়া করে একটু রেগে আঙুল দিয়ে মুখ চেপে বলতে লাগল, ‘দেখো মা, কাল কিন্তু আমি সত্যি স্কুলে যাব না। যাব না।’ ‘কাল না তোর ক্লাস টেস্ট।’ ‘তাতে কী? দাঁত না ওঠা পর্যন্ত যাব না, যাব না, যাব না ব্যস্।’ চোখ গোল গোল করে বলল ফাতিমা। মা চুপ করে রইলেন। শুধু কাল স্কুল হবে, তারপর শুরু হবে গরমের ছুটি। মহাবিপদ। থাক আপাতত চুপ থাকাই ভালো। ফাতিমা একটু পর পর আয়নার সামনে দাঁড়ায়। ফোকলা দাঁত দেখে আর ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ওঠে। ইশ্ দেখতে কী পচা লাগছে। এভাবে স্কুলে যাওয়া যায় না। চুলায় যাক ক্লাস টেস্ট। সেদিন টুকুর সঙ্গে অনেক ঝগড়া করেছিল ফাতিমা। ওকে ফোকলামুখো বলেছিল বলে। টুকু যেন কাল কী বলবে? শুধু টুকু কেন? ক্লাসের সবাই...উহ্, আর মনে করতে পারছে না। ফাতিমা আয়নার সামনে আবার দাঁড়াল । এবার নিয়ে ২৫ বার। মা চুপটি করে পেছন থেকে ফাতিমাকে আলতো করে ধরে কোলে বসালেন। তারপর চুলে হাত বুলাতে বুলাতে বললেন, ‘কাল শুধু এক ঘণ্টার জন্য স্কুলে যাস, মা। শুধু ক্লাস টেস্টটা দিয়েই আমরা বাড়ি চলে আসব।’ ফাতিমা একটু চুপ থেকে কী যেন ভাবল, তারপর মাথা নাড়িয়ে বলল, ‘ঠিক আছে, শুধু এক ঘণ্টা, এর বেশি নয়।’ এই এক ঘণ্টা ফাতিমা কারও সঙ্গে কথা বলবে না। হাসবে না। ঝগড়া করবে না। ক্লাসের সবচেয়ে দুষ্টু ছেলে টুকু ওকে ফোকলামুখো, ভোঁতামুখো যা-ই বলুক। কোনো কথার উত্তর দেবে না। ঠোঁটে ঠোঁট চেপে কোনোমতে এক ঘণ্টা পার করে দিলে তো হলো। ভোরে মায়ের ডাকে ঘুম ভাঙল ফাতিমার। ব্যাগ-বই গুছিয়ে মায়ের হাত ধরে চলল স্কুলে। ক্লাসরুমে ঢুকে চুপটি করে বসে রইল। একি, টুকু দেখি চুপ করে বসে আছে! বড্ড অবাক হলো ফাতিমা। একটু পর ম্যাডাম এলেন। নাম ডাকার পর বললেন, ‘আজ তোমাদের ক্লাস টেস্টের পর স্কুল ছুটি দেওয়া হবে। তবে তোমরা কেউ বাসায় যেতে পারবে না। সবাই পার্টি রুমে চলে আসবে। তোমাদের জন্য রয়েছে...’ এরপর আর কিছু না বলেই সবাইকে প্রশ্নপত্র দিতে লাগলেন। যাক, বাঁচা গেল। মনে মনে খুশি হলো ফাতিমা। পরীক্ষা শেষে সবাই পার্টি রুমে জড়ো হলো। বাংলা ম্যাডাম সবার সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন, ‘তোমাদের মধ্যে যাদের দাঁত পড়েছে উঠে দাঁড়াও।’ এদিক-ওদিক তাকিয়ে মুখটা গোমড়া করে মাথা নিচু করে দাঁড়াল ফাতিমা। একটু পরে টুকু। এই জন্যই বুঝি টুকু আজ চুপটি করে বসে ছিল। ফাতিমা টুকুর দিকে তাকিয়ে হেসে দিল। টুকু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তো আছেই। ম্যাডাম এবার ব্যাগ থেকে চকচকে কাগজ দিয়ে প্যাঁচানো দুটো প্যাকেট বের করলেন। এরপর ফাতিমা আর টুকুকে ডাকলেন আর বলতে লাগলেন, ‘তোমাদের জন্য আছে দারুণ খবর, এখন থেকে যাদের দাঁত পড়বে, তাদের সবাইকে উপহার দেওয়া হবে।’ এ কথা শুনে সবাই হাততালি দিতে লাগল আর দাঁতে হাত দিয়ে দেখতে লাগল। কারও দাঁত নড়ছে, কারও বা নড়ছে না, যাদের দাঁত নড়ছে তাদের যেন খুশি আর ধরে না। এদিকে ফাতিমা আর টুকুর ফোকলা দাঁতের হাসি তো থামছেই না। উপহার নিয়ে দুজনই চলল বাড়ির দিকে। দুজনের বাড়ির মুখ একই দিকে। চলতে চলতে হঠাৎ ফাতিমা মায়ের হাত ছেড়ে দিয়ে দৌড়ে টুকুর পথ আগলে কানের কাছে ফিসফিস করে বলতে লাগল, ‘ফোকলা মুখো, ভোঁতা মুখো, থোতা মুখো।’ টুকু প্রথমে থমকে গেল, তারপর কী যেন ভাবল। এরপর হাসতে হাসতে মায়ের হাত ধরে চলতে লাগল।