বটগাছের পেতনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাসেল ও সুমন দুই বন্ধু। ওরা এতটাই ভালো বন্ধু যে একজন আরেকজন ছাড়া থাকতেই পারে না। খাওয়া, গোসল, ঘুম, পড়াশোনা, খেলাধুলা—সব একসঙ্গে হয় তাদের। দুজন ছিল প্রাণের বন্ধু। একসঙ্গে স্কুলে যাওয়া-আসা করত। কিন্তু যে রাস্তা দিয়ে ওরা স্কুলে যাওয়া-আসা করত, সে রাস্তার পাশে ছিল একটা বটগাছ। আর সে জায়গাটা ছিল কিছুটা অন্ধকার। দিনের বেলায় মানুষ যেতেও ভয় পেত। গুজব আছে, এখানকার বটগাছটায় একটা পেতনি আছে। সে সুযোগ পেলে মানুষের ঘাড় মটকায়। কিন্তু এসব কথায় সুমন-রাসেল ভয় পায় না। ওরা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাওয়া-আসা করে। কিন্তু কেন জানি রাসেলের মনে আস্তে আস্তে ভয় জন্মাতে শুরু করে। সে একদিন সুমনকে বলল, ‘সুমন জানিস, আমি যখন ওই বটগাছের নিচ দিয়ে যাই, তখন কেন জানি আমার খুব ভয় করে। মনে হয় যেন কেউ পেছন থেকে আমাকে টেনে ধরে রাখতে চায়। আমার সব শক্তি কমে যায়।’ সুমন বলল, ‘আরে এটা তোর মনের ভয়।’ সেদিন বাড়ি যাওয়ার পর হঠাৎ সুমনের খুব জ্বর উঠল। পরের দিন সে স্কুলে যেতে না পারায় রাসেলকে একাই স্কুলে যেতে হলো। ছুটির পর রাসেল যখন একা একা বাড়ি ফিরছিল, তখন তার মনে হলো কেউ যেন তার ঘাড় কামড়ে ধরেছে।এদিকে, বিকেল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে, রাসেলের বাড়ি ফেরার নাম নেই। সবাই ওকে খুঁজতে বেরিয়েছে। রাসেলের বাবা খুঁজতে খুঁজতে যখন রাস্তার ধারে দাঁড়িয়েছেন, তখন তিনি দেখলেন বটগাছের নিচে রাসেল পড়ে আছে। দৌড়ে গেলেন তিনি সেখানে। কাছে গিয়ে দেখলেন রাসেলের জ্ঞান নেই। ওকে বাড়িতে আনার পর অনেক ডাক্তার-বদ্যি করার পর ভালো হলো রাসেল।সুমন বুঝতে পারল, এটা ওই পেতনির কাজ। পরের দিনই সে গেল ওই বটগাছের তলায়। তারপর অপেক্ষা করতে লাগল। হঠাৎ দেখল তার থেকে কিছুটা দূরে এক বুড়ো মহিলা কিছু খুঁজছে। সে জিজ্ঞেস করল বুড়ো মহিলাকে, ‘কী খুঁজছ দিদিমা?’ বুড়ো মহিলা বলল, ‘এখানে আমার চশমাটা পড়ে গেছে বাছা। আমি অন্ধ মানুষ। চোখে দেখি না। একটু খুঁজে দেবে আমার চশমাটা।’ সুমন বুড়ো মহিলার রক্তের মতো লাল চোখ দেখেই বুঝে ফেলেছিল, এটা সেই পেতনি, যে এখন মানুষের মতো অভিনয় করছে। সুমনও বুদ্ধি করে বুড়ির কাছে গেল। গিয়ে বলল, ‘এই নাও তোমার চশমা।’ বলেই সে খপ করে বুড়ির চুল ধরে টানতে লাগল। সঙ্গে সঙ্গে বুড়ির সব চুল উঠে এল। তার চোখ বেয়ে রক্ত পড়তে লাগল। সে বলল, ‘এবারের মতো আমায় ছেড়ে দে। আমি আর মানুষের ওপর হামলা কর ব না।’ সুমনও দেরি করল না। পেতনিটাকে এমন মার সে মারল যে বাপের নাম ভুলে গেল। এর পর থেকে সবাই ওই বটগাছের নিচ দিয়ে যাওয়া-আসা করে। কিন্তু অনেকেই নাকি মাঝেমধ্যে সেখানে পেতনিটার গলার আওয়াজ শুনতে পায়। সপ্তম শ্রেণী, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা