বটগাছের পেত্নী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাসেল ও সুমন এতটাই ভালো বন্ধু যে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না। ওদের খাওয়া, গোসল, ঘুম, পড়াশোনা, খেলাধুলা—সব একসঙ্গে। একসঙ্গে স্কুলে যায়, আসে। যে রাস্তা দিয়ে ওরা স্কুলে যাওয়া-আসা করে, সে রাস্তার পাশে ছিল একটা বটগাছ। ঝাঁকড়া গাছের কারণে জায়গাটা কিছুটা অন্ধকার। দিনের বেলায়ও মানুষ যেতে ভয় পায়। শোনা যায়, বটগাছটায় একটা পেত্নী আছে। সুযোগ পেলে মানুষের ঘাড় মটকায়। এসব কথায় সুমন-রাসেল অবশ্য ভয় পায় না।কেন জানি রাসেলের মনে আস্তে আস্তে ভয় জন্মাতে শুরু করে। সে একদিন সুমনকে বলল, ‘সুমন, জানিস, আমি যখন বটগাছের নিচ দিয়ে যাই, তখন কেন জানি আমার খুব ভয় করে। মনে হয় কেউ পেছন থেকে আমাকে টেনে ধরে রাখতে চায়। আমার শক্তি কমে যায়।’ সুমন বলল, ‘এটা তোর মনের ভয়।’সেদিন বাড়িতে যাওয়ার পর সুমনের জ্বর এল। পরদিন সে স্কুলে যেতে পারল না। রাসেল একা স্কুলে গেল। ছুটির পর একা বাড়ি ফেরার সময় তার মনে হলো, কেউ যেন তার ঘাড় কামড়ে ধরেছে।বিকেল গড়িয়ে সন্ধ্যা, রাসেলের বাড়ি ফেরার নাম নেই। সবাই ওকে খুঁজছে। রাসেলের বাবা খুঁজতে খুঁজতে যখন রাস্তার ধারে দাঁড়িয়ে দেখেন, বটগাছের নিচে রাসেল পড়ে আছে। দৌড়ে কাছে গিয়ে দেখেন, রাসেলের জ্ঞান নেই। ওকে বাড়িতে আনার পর অনেক ডাক্তার-বদ্যি করার পর ভালো হলো রাসেল। সুমন বুঝতে পারল, এটা ওই পেত্নীর কাজ। সে পরদিনই গেল ওই বটগাছের তলায়। গিয়ে অপেক্ষা করতে লাগল। হঠাৎ দেখল, এক বুড়ি কিছু একটা খুঁজছে। সে জিজ্ঞেস করল, ‘কী খুঁজছ দিদিমা?’ বুড়ি বলল, ‘আমার চশমাটা পড়ে গেছে বাছা। একটু খুঁজে দেবে চশমাটা।’ সুমন বুড়োর রক্তের মতো লাল চোখ দেখেই বুঝে ফেলেছে, এটা সেই পেত্নী, এখন মানুষের রূপ ধরেছে। সুমন বুদ্ধি করে বুড়ির কাছে গেল। গিয়ে বলল, ‘এই নাও তোমার চশমা।’ বলেই সে খপ করে বুড়ির চুল ধরে টানতে লাগল। সঙ্গে সঙ্গে বুড়ির সব চুল উঠে এল। তার চোখ বেয়ে রক্ত পড়তে লাগল। বুড়ি বলল, ‘এবারের মতো আমায় ছেড়ে দে। আমি আর মানুষ মারব না। না না।’ সুমন পেত্নীটাকে এমন মার মারল যে গুষ্টির নাম ভুলে গেল। এর পর পেত্নীটা কাউকে আর আক্রমণ করেনি। তবে অনেকেই মাঝে মাঝে সেখানে পেত্নীটার গলার আওয়াজ শুনতে পায়।সপ্তম শ্রেণী, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা