বদলে যাওয়ার শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের বাসার কাজের ছেলেটার নাম বশির। বয়স আর কত হবে? এই ধরো, দশ-এগারো। আমার চেয়ে এক-দেড় বছরের বড়। কিন্তু তবু ও আমার অনেক ভালো বন্ধু। আমার কোনো কাজে যখন ও সাহায্য করে, তখন আমার খুবই ভালো লাগে। ও আমার পড়ার টেবিল গুছিয়ে দেয়, জামাকাপড় ধুয়ে দেয়। আবার স্কুলে আনা-নেওয়াও করে। আমরা অ-নে-ক গল্প করি। আমার স্কুলের বন্ধুদের চেয়ে কিন্তু বশিরের সঙ্গে গল্প করতেই বেশি ভালো লাগে। কিন্তু মা এটা পছন্দ করে না। ওর সঙ্গে কথা বললে কিংবা খেলা করলে মা রাগ করে, বকা দেয়। এমনিতেই সারাটা দিন আমাকে লাগামহীন ঘোড়ার মতো চলতে হয়। এই স্কুল, এই হোমওয়ার্ক, ওই প্রাইভেট টিউটর করতে করতেই দিন কাটে। মাঝেমধ্যে হালকা যে অবসর থাকে, তখন নিজে নিজে খেলতে হয়। কারণ বশির তখন বাসার কাজে ব্যস্ত থাকে। যদি ও কখনো আমার সঙ্গে খেলা করে, তখন মা ওকে খুব মারে। আমার খুব খারাপ লাগে তখন। মাকে জিজ্ঞেস করি, ‘মা, তুমি ওকে মারো কেন?’ মা বলে, ‘ঘরে কত্ত কাজ পড়ে আছে। আর এই লাট সাহেব কিনা খেলাধুলা করে! তোর সঙ্গে খেললে ঘরের কাজগুলো কে করবে শুনি? আর বশিরকে তো তোর সঙ্গে খেলা করার জন্য রাখিনি, রেখেছি আমার কাজে সাহায্য করার জন্য।’আমি বলি, ‘ও তো মানুষ। সারাটা দিন কত্ত কাজ করে। একটু সময়ের জন্য খেলাধুলা করলে কী এমন ক্ষতি হয়?’মা আমার কথা শুনে রেগে গিয়ে বলে, ‘থাক, তোকে আর দয়া দেখাতে হবে না। আর তোকে না কত্তবার বলেছি, ওরা গরিব, ওদের সঙ্গে মেলামেশা করবি না।’মার কথার কোনো জবাব দিতে পারি না। জবাব দিতে চাইও না। কারণ, আমি জানি, অযৌক্তিক কথার উত্তর না দিয়ে চুপ থাকাই ভালো। মা মারতে মারতে বশিরকে আমার রুম থেকে নিয়ে গেল।বশিরের বাড়ি গ্রামে। আমার দাদাবাড়ির পাশের গ্রামেই। তিন-চার মাস পর পর বশিরের বাবা আমাদের বাসায় আসে বশিরের বেতনের টাকা নিয়ে যাওয়ার জন্য। তার মধ্যে কিছু টাকা বশিরকে ওর বাবা দিয়ে যায়। কিন্তু বশির ওই টাকা দিয়ে কী করে, তা আমি জানি না। ওকে কখনো ব্যাপারটা জিজ্ঞাসও করিনি। একদিন রাতে আমার ঘুম ভেঙে গেল। টয়লেটে যাওয়ার জন্য পা বাড়াচ্ছি অন্ধকারে হাতাতে হাতাতে। হঠাৎ রান্নাঘরে চোখ গেল আমার। এ কী! রান্নাঘরে লাইট জ্বলছে কেন? মা কি লাইট বন্ধ করতে ভুলে গেল? নাকি চোর-ডাকাত ঢুকল? চোর-ডাকাতের কথা মনে হতেই ভয়ে স্থির হয়ে থাকলাম। তার পরও সাহস করে রান্নাঘরের ভেতরে তাকালাম দরজা দিয়ে। রান্নাঘরের দিকে তাকিয়ে তো আমার চোখ ছানাবড়া। দেখি, বশির আর্ট পেপারে জলরং দিয়ে ছবি আঁকছে। বশিরকে আস্তে করে ডাক দিলাম। ডাক শুনে ভীত চোখে আমার দিকে তাকাল। আমি এগিয়ে গেলাম ওর দিকে। দেখলাম ওর আঁকা ছবিটা। দেখে মুগ্ধ না হয়ে পারলাম না। কারণ, ওর মতো সুন্দর আঁকা ছবি আমি আগে কখনো দেখিনি। ওকে অভয় দিয়ে বললাম, ‘ভয় পেয়ো না বশির। তুমি অনেক ভালো ছবি আঁকো। আঁকা চালিয়ে যাও। তোমার ছবি আঁকার কথা আমি কাউকে বলব না।’সেদিনের পর থেকে প্রায়ই মাঝরাতে রান্না ঘরে গিয়ে বশিরের আঁকা ছবি মুগ্ধ চোখে দেখতাম। বশির আমাকেও মাঝেমধ্যে ছবি আঁকা শেখাত। স্কুলের ছবি আঁকায় সাহায্য করত। তখন থেকেই বুঝলাম, ওর বাবা ওকে যে হাতখরচের টাকা দিত, সেটা দিয়ে ও কাগজ, রং, তুলি এসব কেনে। বশির গ্রামের স্কুলে চতুর্থ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছিল। সেই সুবাদে মাঝেমধ্যে ও আমাকে লেখাপড়ায়ও সাহায্য করে। তবে আব্বু-আম্মুকে বিষয়টা বলতে মানা করত। আমিও আব্বু-আম্মুকে বিষয়টা বলতাম না। যদি ওকে মারে বা বকা দেয়!হঠাৎ একদিন আমরা ধরা পড়ে গেলাম। অন্যান্য রাতের মতো সে রাতেও আমি বশিরের আঁকা দেখছি। কিন্তু কখন যে আম্মু এসে পেছনে দাঁড়িয়েছে, টেরই পাইনি। হঠাৎ মা চেঁচিয়ে উঠল, ‘এত রাতে তোরা কী করিস? মার চিৎকার শুনে আমি ভয় পেয়ে গেলাম। বশিরের হাত থেকে পড়ে গেল ওর তুলিটা। আমাদের কাছে এগিয়ে এসে মা চেঁচিয়ে বলল, ‘এই ছবি কে এঁকেছে?’ বশীর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ‘না, মানে খালাম্মা আমি!’ মা এবার কিছুটা নরম হয়ে বলল, ‘কত দিন ধরে আঁকিস? আর ছবি আঁকার সরঞ্জামগুলোই বা কোথায় পাস?’ বশির বলল, ‘বাবা যখন আমার বেতন নিতে আসে, তখন কিছু টাকা দিয়ে যায়। সেগুলো দিয়েই আমি কাগজ, রং, তুলি কিনি।’এর পরের ঘটনা খুব দ্রুত ঘটে যায়। সেদিনের পর থেকে মা বশিরের প্রতি নরম হলো। মা এখন বশিরকে কাজ শেষে সন্ধ্যার দিকে লেখাপড়া শেখায়। শুনেছি, সামনের বছর বশিরকে স্কুলে ভর্তি করাবে। বশির কদিন আগে ছবি আঁকার একটা একাডেমিতে ভর্তি হয়েছে। বেশ কিছু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কারও পেয়েছে। যখনই বশিরের পুরস্কারপ্রাপ্তির খবর শুনি, তখন যে কত্ত ভালো লাগে, কী বলব! আর সবচেয়ে বেশি ভালো লাগে মায়ের বদলে যাওয়ার শপথ। রেভা: পলস্ হাইস্কুল, খুলনা