বরফ সাদায় শ্বেতভল্লুক

শীতের দাপটে তোমাদের কি দাঁতকপাটি লেগে যাওয়ার অবস্থা হয়েছে? আচ্ছা, কটা দাঁত তোমাদের, গুণে দেখো তো! ২৮টা? বড় হয়ে গেলে সংখ্যাটা দাঁড়াবে বত্রিশে। বরফ সাদা শ্বেতভল্লুকদের দাঁত কটা জানো? ৪২টা! এমন তথ্য জেনে অবাক হতে পারো। তবে এতগুলো দাঁত এদের থাকবে নাই-বা কেন, বলো? পৃথিবীর স্থলভাগে যত মাংশাসী প্রাণী আছে, এদের মধ্যে শ্বেতভল্লুক বা ‘পোলার বিয়ার’ সবচেয়ে বড়। এত বড় একটা প্রাণীর দাঁতের সংখ্যাটা একটু বেশি হতেই পারে।
গায়ের লোমগুলো সাদা বলে যে এদের শ্বেতভালুক বলা হয়, তা তো বুঝতেই পারছ। মজার ব্যাপার হলো, এদের লোমগুলোকে দেখতে সাদা মনে হলেও এগুলো আসলে সাদা নয়। বরং এদের লোম স্বচ্ছ।
উত্তর মেরুতে থাকে বলে এদের তোমরা মেরুভালুকও বলতে পারো। পৃথিবীর উত্তর গোলার্ধের বিভিন্ন অংশে এদের দেখা মেলে। বছরের বেশির ভাগ সময় বরফে ঢাকা এসব এলাকায় মেরুভালুকেরা সিলমাছ খেয়ে বেঁচে থাকে। বরফের চাঁইয়ের ওপর থেকে সিলমাছ শিকার করতে এরা বেশ পটু। এদের থাবা পুরোপুরি মসৃণ নয় বলে বরফ থেকে পিছলে যায় না। ঘ্রাণশক্তি এতটাই ভালো যে প্রায় এক মাইল দূর থেকেও সিলমাছের উপস্থিতি টের পায়। সাঁতরাতেও পারে ঘণ্টায় ছয় মাইল গতিতে, যা পৃথিবীর সেরা সাঁতারুদের চেয়েও বেশি! তবে শুকনা জায়গায় এরা ছুটতে পারে আরও দ্রুত, ঘণ্টায় ২৫ মাইল গতিতে। বিশালদেহী ‘মোটু’গুলো কীভাবে এত দ্রুত ছোটে, কে জানে!
প্রচণ্ড শীতে শ্বেতভল্লুকরা কীভাবে টিকে থাকে জানো? একটা পূর্ণবয়স্ক শ্বেতভল্লুকের চামড়ার নিচে থাকে প্রায় ১০ সেন্টিমিটার পুরু চর্বির স্তর। এই স্তর এদের শরীরের তাপ ধরে রাখতে সাহায্য করে। ভেবে দেখো, ইয়া বড় প্রাণীগুলো শরীরের ভেতরেই আস্ত ‘কম্বল’ নিয়ে ঘুরে বেড়াচ্ছে! শীতে এদের সমস্যা তো হয়ই না, বরং গরম আবহাওয়াতেই এরা বিপাকে পড়ে বলে শোনা যায়। জীবনের বেশির ভাগ সময়ই এরা সমুদ্রে কাটিয়ে দেয়। আর একটানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে সাঁতার কাটতে পারে।
মা শ্বেতভল্লুক যখন শিকার করে, তখন তার ছানারা স্থির হয়ে থাকে। একটু নড়াচড়া করলেই হলো, মা শ্বেতভল্লুক ঠাস করে মাথায় একটা চাঁটি মেরে দেয়! তবে মজার এই প্রাণীদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, সে জন্য দায়ী আমরাই। অর্থাৎ মানুষ। আমাদের নানা কর্মকাণ্ডে পরিবেশ বিপন্ন হচ্ছে, মেরু অঞ্চলে গলছে বরফ, আর বিশালদেহী ভল্লুকগুলো মন খারাপ করে তাদের বাসস্থানের বিপর্যয় দেখছে। সবাই হয়তো এদের কথা ভাবে না, কিন্তু তোমরা এদের নিশ্চয়ই ভালোবাসবে। ভাববে, কেমন করে এই প্রাণীটিকে টিকিয়ে রাখা যায়।
রাফিয়া আলম
সূত্র: সাইন্সকিডস