বর্ণ নিয়ে সারা দিন
ছুটির দিন বলে রাস্তাঘাট একটু ফাঁকা। এখানে-সেখানে রিকশা-গাড়ির হট্টগোল নেই। কিন্তু ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সামনের রাস্তায় ঢুকতেই সব পাল্টে গেল। ওরে বাবারে বাবা! দুনিয়ার সব গাড়ি এই রাস্তায় নাকি?শুধু কি গাড়ি! তোমাদের বয়সী বন্ধুরা সব কাতারে কাতারে ঢুকছে ধানমন্ডিতে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। কারও চোখে চশমা, কারও হাতে ছবি আঁকার খাতা-পেন্সিল, আবার কারও হাতে বড় বড় কী সব কাগজপত্র। ভিড় ঠেলে কোনোমতে ভেতরে ঢুকতেই চোখ চড়কগাছ। এ তো দেখি বিশাল বড় এক ‘ব’!মাঠের কিনারে একটু কাত হয়ে দাঁড়িয়ে থাকা সেই ‘ব’-এর কাঁধে চড়ে বসেছে সব বন্ধু। তুলি আর রং নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে ‘ব’-এর সঙ্গে। যুদ্ধ, নাকি খেলা?যুদ্ধ, খেলা, মজা—যা খুশি বলতে পারো। তবে সব মিলিয়ে ব্যাপারটা মেলা—বর্ণমেলা। চারদিকে চোখ বুলিয়ে মনে হলো, মেলা ছাড়া এ উত্সবের নাম অন্য কিছু হতেই পারত না। বর্ণ ধাঁধা, বর্ণ ছবি, বর্ণ পোশাক, বর্ণ জাদুঘর, বর্ণ দোলা, বর্ণ খাবার, হাতেখড়ি আর দিনভর গান-বাজনা-নাটক—সব মিলে ছোটবেলায় দেখা সেই মেলা যেন ফিরে এল একুশে ফেব্রুয়ারি।একুশে ফেব্রুয়ারি বর্ণমেলায় কী কী হলো, সে তো তোমরা এতক্ষণে জেনেই গেছ। কেউ নিজেরা গিয়ে দেখেছ, কেউ পত্রিকায় পড়ে জেনেছ। এ কথাও নিশ্চয়ই জেনেছ, সেদিন ধানমন্ডিতে দারুণ মজার এই বর্ণমেলার আয়োজন করেছিল প্রথম আলো। এ মেলার পরিকল্পনায় সহায়তা করেছে গ্রে অ্যাডভারটাইজিং লিমিটেড।কেমন মজার, সেটা টের পাওয়া গেল মাঠে ঢুকতেই। মাঠের চারপাশে সারি সারি স্টল সাজানো। মাঠের মাঝখানে বায়োস্কোপ। তোমরা সত্যিকারের বায়োস্কোপ কি দেখেছ?একসময় গ্রামের হাটে হাটে নানা রকম গান গেয়ে বায়োস্কোপে ছবি দেখানো হতো। হারিয়ে যাওয়া সেই বায়োস্কোপ ফিরে এল মেলায়। তাতে ছোটদের নিয়ে বানানো কিছু টুকরো টুকরো ছবি দেখানোও হলো। আর সেই ছবি দেখতে কী ভিড়! চোখের দুই পাশে হাত দিয়ে ছোট্ট একটা গোল ফুটো দিয়ে ছবি দেখার জন্য তাড়াহুড়ো চলছে।কেউ কেউ আবার বায়োস্কোপের পাশে গিয়ে ছবি দেখা ছেড়ে ছবি আঁকা নিয়ে মেতে উঠল। বায়োস্কোপের সাদা বাক্সটা রং-পেন্সিল দিয়ে রাঙিয়ে ফেলতে শুরু করে দিল অনেকে। ওদিকে ছবি আঁকা চলছে ক্রীড়া কমপ্লেক্সের বারান্দায়ও। সেটা অবশ্য প্রতিযোগিতা। ওই বারান্দায় খানিক পর হাতের লেখা প্রতিযোগিতাও শুরু হলো। কাগজের সামনে ঝুঁকে পড়ে সারি সারি বন্ধুর সে কী গভীর মনোযোগ। একটা অক্ষরও যেন দেখতে খারাপ হয়ে না যায়। কারও লেখাই যে খারাপ হয়নি, সেটা পরে বিচারের সময় টের পাওয়া গেল। কাইয়ুম চৌধুরী, সমরজিত্ চৌধুরী, আবুল বারক আলভী, আবদুল মান্নান ও শিশির ভট্টাচার্য্যের মতো দেশসেরা শিল্পীরা রীতিমতো ঘামতে থাকলেন। কাকে ছেড়ে কাকে পুরস্কার দেবেন!ওই একই বিপদ হয়েছিল বর্ণশোভার বিচার করতে গিয়ে। সারা দেশ থেকে বন্ধুরা বোতাম, ফুল, সুতো, কাগজ দিয়ে বর্ণ বানিয়ে পাঠিয়েছে। পরিকল্পনা ছিল দুই বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—তিনটি করে পুরস্কার দেওয়া হবে। কিন্তু এত এত চমত্কার বর্ণ এল যে বিচারকেরা তিনটি করে পুরস্কারে আর আটকে থাকতে চাইলেন না। শেষমেশ দুটি প্রথম, দুটি দ্বিতীয় ও তিনটি করে তৃতীয় পুরস্কার দিতে হলো।বর্ণশোভার স্টলে ঢুকে মনে হলো, তাতেও পুরস্কার কম দেওয়া হয়ে গেল! রাজবাড়ী থেকে আসা তোমাদের একজন অভিভাবক আবদুস সাত্তার অবাক হয়ে বললেন, ‘আমাদের ছেলেমেয়েরা এত সুন্দর অক্ষর বানাতে পারে!’এ বিস্ময় সব স্টলে ঢুকেই। বর্ণ জাদুঘরে ঢুকে সেই হাজার বছর আগের বাংলা হরফ দেখে টুম্পা যেমন অবাক, ‘আসলেই আমাদের বাংলা এমন ছিল?’ বর্ণ দোলায় চড়তে লম্বা লাইন। কেউ আবার বর্ণ দোলায় না চড়ে বরং বর্ণ গোলকধাঁধায় হারিয়ে যেতে বেশি মজা পাচ্ছে। মাঝের চার কোনায় বানিয়ে রাখা গোলকধাঁধায় ঢুকে সে কী মজা! একবার ভেতরে ঢুকে হারালেই হলো। মা দেখতে পাবে, কিন্তু ধরতে পারবে না। কেউ আবার বর্ণ খাবারের স্টলের সামনে গিয়ে বায়না ধরল, ‘মা, আমি একটা “ঘ” খাব।’ মানেটা কী! মানে হলো, বিভিন্ন বর্ণের মতো করে জিলাপি আর পিঠা বানানো হয়েছে। বর্ণের সঙ্গে সারা দিন বন্ধুতার পাশাপাশি বর্ণ খাওয়াও চলে। আবার বর্ণ নিয়ে খেলা চলে। বিশাল বিশাল ছক্কার মতো বর্ণ বানিয়ে ফেলে রাখা হয়েছে মাঠের মধ্যে। কেউ সেগুলো দিয়ে বাড়ি বানাচ্ছে। আবার কেউ বর্ণ কাঁধে ছবি তুলছে। শুধু ছোটরা নয়, বড়রাও এসব কাজে কম গেলেন না!নাহ্, এখানে আর দাঁড়িয়ে থাকা চলবে না। সবাই যেন কোথায় ছুটছে। সঙ্গে ছুটতে গিয়ে বোঝা গেল, এখানে হাতেখড়ি হবে। হাতে কলম দিয়ে হাত ধরে লিখিয়ে দেওয়া হবে প্রথম বর্ণ। কে লিখিয়ে দেবেন?কাইয়ুম চৌধুরী, নির্মলেন্দু গুণ, সমরজিত্ চৌধুরী, আবুল বারক আলভী, আবদুল মান্নান, শিশির ভট্টাচার্য্য, আনিসুল হক, আফজাল হোসেনেরা। হাতেখড়ির জন্য রীতিমতো তুলকালাম কাণ্ড বেধে গেল। কে কার আগে হাতেখড়ি দেবে। ওদের আর দোষ কী বলো। মেলা দেখতে আসা অপি করিম হেসে বলছিলেন, ‘আহা, এসব মানুষের কাছে হাতেখড়ি নেওয়ার ভাগ্য যদি হতো!’ সত্যি আমাদের যাদের হাতেখড়ি আগেই হয়ে গেছে, তাদের বড় কষ্ট লাগছিল।কিন্তু কষ্ট পাওয়ার সময় কই। ওদিকে মঞ্চে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কিন্তু পুরস্কার দেওয়া শুরুর আগেই মঞ্চে এ কে হাজির! এ যে টুকটুকি! হ্যাঁ, সিসিমপুরের টুকটুকি। একটু পর হাজির হালুমও। আর যায় কোথায়। সব কেতাকানুন ফেলে বন্ধুরা লাফ দিয়ে উঠল মঞ্চে। কেউ টুকটুকিকে জড়িয়ে ধরে, কেউ হালুমের সঙ্গে হাত মেলায়।সবাইকে শান্ত করে পুরস্কার বিতরণ শুরু হলো। কারা কারা পুরস্কার পেল, তা তো সবাই জেনে গেছ। পুরস্কারের আনন্দ ফুরোতে না ফুরোতে শুরু হলো নাটক। নাটক মানে ভাষা আন্দোলন নিয়ে চট্টগ্রামে নাটুয়া শিল্পগোষ্ঠীর নাটক মা। মঞ্চে দেখা গেল এক মায়ের ভাষা কোন দৈত্যরা যেন কেড়ে নিয়ে গেছে। সেই ভাষা উদ্ধার করতে দৈত্যপুরীতে ছোট্ট ছেলেমেয়ের সে কী ভীষণ অভিযান! সবশেষে অনেক কষ্টে ফিরে এল সেই ভাষা।ভাষা ফিরতেই শুরু হলো পুতুল খেলা। পুতুলের মুখে মুখে অভিনয়ে হলো আরেক নাটক। সব মিলিয়ে মঞ্চ জমজমাট। জমাট মঞ্চ একটু সময়ের জন্য নীরব হলো। কিন্তু ঠিক দুপুরেও নীরব হলো না মেলার মাঠ। দুপুর বেলায়ও কেউ ছুটে বেড়াচ্ছে, কেউ গোলকধাঁধায় হারাচ্ছে আর বেশির ভাগ মহা উত্সাহ নিয়ে রং করে চলেছে সেই ‘ব’-এর শরীরে।রং চলতে চলতে বিকেল গড়িয়ে গেল। শুরু হলো গান। একের পর এক দেশের গান, ভাষার গান। গান চলতে চলতে মাঠে শুরু হলো ঘুড়ি ওড়ানো। দেখতে দেখতে বেলা পড়ে এল। মঞ্চে জাগরণ সাংস্কৃতিকচর্চা কেন্দ্রের গান চলছে। হঠাত্ ভেসে এল ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...।’সারা দিনের মেলায় একটা দুঃখের সুর ফিরে এল যেন। সবাই একটু থমকে গেল। শোকের কথাটা মনে করিয়ে দিয়ে মেলার শেষ বাঁশি বাজল। শেষ মানে অবশ্য শেষ নয়। আরও একটা মেলার জন্য অপেক্ষা শুরু হলো। তোমরা অপেক্ষা করবে না?