বর্ণমেলা, কত্ত খেলা!
‘অ’ আছে অপেক্ষায়
‘আ’ বলছে আয়রে
‘ই’ ডাকে ইশারায়
এ বর্ণমেলায়রে!
হ্যাঁ! আবারও এসে গেছে বর্ণমেলা! প্রিয় বাংলা বর্ণগুলো সেজেগুজে আছে তোমাদের অপেক্ষায়! ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে এই উৎসবের আসর বসছে সপ্তমবারের মতো। সুখবর হলো, ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে এবার বর্ণমেলা হবে রাজশাহীতেও! ঢাকায় ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ, চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠ ও রাজশাহীতে কলেজিয়েট স্কুল ও কলেজ মাঠে সকাল আটটা থেকে শুরু হবে নানা আয়োজন।
অনুষ্ঠানের প্রধান অতিথি তো তোমরাই! তোমাদের সঙ্গে থাকবেন দেশসেরা লেখক, চিত্রশিল্পী, গায়ক, বুদ্ধিজীবীসহ প্রিয়জনেরা। হাতেখড়ি, বর্ণ-রঙের খেলা, বর্ণমালা ও ভাষা আন্দোলনের ইতিহাস, বর্ণ ও ভাষার নকশায় করা পোশাক, বই, ভাষা ও বর্ণের গান, কবিতা, পুতুলখেলা, নাগরদোলা, জাদু ও বর্ণের ডাকটিকিট প্রদর্শন—কী নেই এই উৎসবে!
অংশ নিতে পারো বেশ কয়েকটি প্রতিযোগিতায়। অনুষ্ঠানের দিন হবে ছবি আঁকা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা। এ ছাড়া বর্ণ বানানোর প্রতিযোগিতা তো আছেই। সহজে নষ্ট হয় না, এমন যেকোনো কিছু দিয়ে তোমার প্রিয় বাংলা বর্ণ তৈরি করে পাঠিয়ে দাও প্রথম আলোর ঠিকানায়। ঢাকার প্রতিযোগীরা ঢাকার প্রথম আলো কার্যালয়ে বর্ণ পাঠাবে। তেমনি রাজশাহী ও চট্টগ্রামের বর্ণ কারিগরেরা নিজেদের তৈরি বর্ণ পৌঁছে দেবে সেখানকার প্রথম আলো কার্যালয়ে। বর্ণের মজার ছবি তুলে যারা পাঠাবে, তাদের জন্য থাকছে আলাদা পুরস্কার। এ জন্য আব্বু-আম্মুকে বলো ছবিটি #bornomela (হ্যাশট্যাগ বর্ণমেলা) দিয়ে ফেসবুকে আপলোড করে দিতে। এরপর ফেসবুকে ছবির লিঙ্কসহ ছবিটি পাঠাতে হবে [email protected]—এই ঠিকানায়।
বর্ণ পৌঁছানোর শেষ সময়: ১৭ ফেব্রুয়ারি, ২০১৬। এ ছাড়া বিস্তারিত জানতে প্রথম আলোর পাতাগুলোতে চোখ রাখো। ইউনিলিভারের ব্র্যান্ড সার্ফ এক্সেলের সহযোগিতায় তোমাদের জন্য এ অনুষ্ঠান আয়োজন করেছে প্রথম আলো।