বর্ণালী আর হাদিসার গল্প শোনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ণালীর ‘পুরষ্কারজয়ী’ ছবি
বর্ণালীর ‘পুরষ্কারজয়ী’ ছবি
হাদিসার আঁকা এই ছবিটাই পুরষ্কার জিতেছে
হাদিসার আঁকা এই ছবিটাই পুরষ্কার জিতেছে

কী এক কাণ্ড ঘটেছে জানো? বরগুনার হাদিসা আর বাগেরহাটের বর্ণালী বাগ্‌চী—ছবি এঁকে ‘গ্লোবাল আর্ট চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০১৬’ পুরস্কার জিতেছে দুজন! বিশ্ব খাদ্য কর্মসূচি (ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, সংক্ষেপে ডব্লিউএফপি নামে পরিচিত একটা আন্তর্জাতিক সংস্থা) এই আন্তর্জাতিক ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছিল।

বিশ্বের ১৪ টি দেশে প্রথমে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছে। প্রতিটি দেশ থেকে সেরা পাঁচটি করে, অর্থাৎ মোট ৭০টি ছবি মূল প্রতিযোগিতায় অংশ নিতে চলে গেছে ইতালির রোম শহরে। সেখানে চূড়ান্ত বাছাইয়ের পর আটটি ছবিকে সেরা ঘোষণা করেছেন বিচারকেরা। আর এই সেরা আট আঁকিয়ের মধ্যেই আছে হাদিসা আর বর্ণালীর নাম। পুরস্কার হিসেবে দুজনই ১০০ ডলার, অর্থাৎ প্রায় আট হাজার টাকা করে পেয়েছে! শুধু তা-ই নয়, দুজন যে স্কুলে পড়ে, সেই স্কুল দুটোকেও পুরস্কার দেওয়া হয়েছে। বর্ণালীর বাবার নাম বিকাশ চন্দ্র বাগ্‌চী, মায়ের নাম লাভলী বিশ্বাস। হাদিসার বাবা আজহার সরদার, তার মায়ের নাম সাজু বেগম।

দুই পুরস্কারপ্রাপ্ত আঁকিয়ের ছোট্ট একটা সাক্ষাৎকার নিতে ঢাকা থেকে দুজনকে ফোন করেছিলাম। এত বড় আঁকিয়ে; ‘তুমি’ করে কথা বলতে সাহস হচ্ছিল না, বুঝলে! তাই ‘আপনি’ সম্বোধনেই কথা হলো।

বর্ণালী
বর্ণালী

মনের কথা আঁকি
গোল্লাছুট: হ্যালো
ওপাশ থেকে: হ্যালো
গোল্লাছুট: বর্ণালী বাসায় আছে? তাকে কি একটু দেওয়া যাবে?
ওপাশ থেকে: আমিই বর্ণালী।
গোল্লাছুট: ও, আপনি! আমি ঢাকা থেকে বলছি। প্রথম আলো পত্রিকার গোল্লাছুট পাতার পক্ষ থেকে আপনার সাক্ষাৎকার নিতে চাই।
বর্ণালী: আম্মুর সাথে কথা বলেন।
(এ কথা বলেই বর্ণালী বোধ হয় ফোনটা তার আম্মুর হাতে দিয়ে দৌড়ে পালাল। বর্ণালীর মা লাভলী বিশ্বাসকে বুঝিয়ে বলার পর আবার কথা বলার সুযোগ হলো।)
বর্ণালী: জি, বলেন।
গোল্লাছুট: আমরা তো আপনার মায়ের সাক্ষাৎকার না, আপনার সাক্ষাৎকার নিতেই ফোন করেছি। প্রথমে বলুন তো, আপনি কোন স্কুলে কোন ক্লাসে পড়েন?
বর্ণালী: কলকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ফোরে পড়ি।
গোল্লাছুট: বাহ! স্কুলের নামটা তো খুব সুন্দর! আচ্ছা, আপনাকে যখন ছবিটা আঁকতে বলা হলো, তখন কি জানতেন ছবিটা কোথায় যাচ্ছে?

বর্ণালী: না। স্কুলে আমাকে আঁকতে বলেছে, এঁকেছি। আমাকে বলেছিল ‘সবার জন্য খাদ্য’ এই বিষয়ের ওপর আঁকতে হবে।

গোল্লাছুট: আপনার কিসের ছবি আঁকতে ভালো লাগে?

বর্ণালী: গ্রামের ছবি, মাছ ধরার ছবি, গাছপালার ছবি। আশপাশে যা দেখি, তা-ই আঁকি।

গোল্লাছুট: কল্পনা থেকে কিছু আঁকেন না? ভূতের ছবি, পরির ছবি?

বর্ণালী: নাহ্‌। আমি ছবি এঁকে মনের কথা প্রকাশ করি।

গোল্লাছুট: বড় হয়ে কী হবেন ভাবছেন?

বর্ণালী: চিত্রশিল্পী হব।

গোল্লাছুট: ঠিক আছে বর্ণালী, আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

হাদিসা
হাদিসা

ম্যাডাম হব
(দুপুরে যখন ফোন করেছিলাম, তখন হাদিসা স্কুলে ছিল। স্কুল থেকে ফেরার পর তার সঙ্গে কথা হলো।)
গোল্লাছুট: কেমন আছেন?
হাদিসা: ভালো।
গোল্লাছুট: আপনি যেন কোন স্কুলে, কোন ক্লাসে পড়েন?
হাদিসা: পূর্ব কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ক্লাস ফাইভ।
গোল্লাছুট: আচ্ছা হাদিসা, আপনার আঁকা ছবিতে একটা পরিবার দেখতে পেলাম। এরা কারা? আপনার ভাই-মা-বাবা?
হাদিসা: না। অন্য কোনো বাচ্চা। অন্য কোনো বাবা-মা। আমি চিনি না।
গোল্লাছুট: ও। আপনার বাবা কী করেন?
হাদিসা: আব্বা রিকশা চালায়।
গোল্লাছুট: আচ্ছা। হাদিসা, পুরস্কার হিসেবে তো বেশ কিছু টাকা পেয়েছেন। টাকা দিয়ে কী করবেন?
হাদিসা: ব্যাংকে রেখেছি। বড় হলে আমি যখন কলেজে পড়ব, তখন কাজে লাগবে।
গোল্লাছুট: বাহ্! খুবই ভালো বুদ্ধি। হাদিসা, বড় হয়ে আপনি কী হবেন?
হাদিসা: ম্যাডাম হব।
গোল্লাছুট: কেমন ম্যাডাম হবেন? রাগী ম্যাডাম, নাকি শান্ত ম্যাডাম? বকা দিয়ে পড়াবেন, না আদর করে পড়াবেন?

হাদিসা: আদর করে পড়াব।

গোল্লাছুট: কোন বিষয়ের ম্যাডাম হবেন?

হাদিসা: স্কুলে যেটা পড়াতে দেবে, সেটাই পড়াব।

গোল্লাছুট: ঠিক আছে হাদিসা, আপনার জন্যও অনেক অনেক শুভকামনা।