বর্ণে, ছন্দে, আনন্দে!


একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে বর্ণমেলা আয়োজন করেছিল প্রথম আলো। সকাল হতেই পিলপিল করে হাজির ছেলেপুলের দল! কেউ এসেই ছুট লাগিয়েছে মাঠে, কেউ আবার গম্ভীর মুখ করে ঘুরে দেখেছে স্টলগুলো। ছবি আঁকা, সুন্দর হাতের লেখা, বাংলা বর্ণমেলা তৈরি—এসব প্রতিযোগিতায় অংশ নিতেও এসেছিল অনেকে। মঞ্চে নাচ, গান, আবৃত্তি—সব হয়েছে। নাগরদোলায় চড়া, ইচ্ছেমতো রং নিয়ে লেখা...থাক, আর নাহয় না-ই বলি। যারা আসতে পারোনি, তাদের মন খারাপ করে দিতে চাই না।

ঢাকায় ছবি আঁকার প্রতিযোগিতার সময় দেখা গেল মজার কাণ্ড। এক আঁকিয়ে একমনে ছবি আঁকতে আঁকতে শুয়েই পড়েছিল। সময় শেষ হয়ে যাওয়ার পরও ছবি আঁকছিল এই আয়েশি শিল্পী। ভাবখানা এমন, ‘ওসব প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতে আমার বয়েই গেছে। আমি এসেছি ছবি আঁকতে। আনন্দ পেতে। সেটা হলেই হলো।’ ওর আঁকা ছবিটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছিল। রংতুলির খেলায় পিছিয়ে ছিল না কেউ। পুরস্কার দিতে গিয়ে বিচারকেরা পড়ে গিয়েছিলেন মহা ধন্দে। একই অবস্থা ঢাকা, রাজশাহী আর চট্টগ্রামেও।
বর্ণমেলার সহযোগী ছিল ইউনিলিভারের ব্র্যান্ড সার্ফ এক্সেল।
গোল্লাছুটের আস্তানায়
ঢাকার সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত বর্ণমেলায় কিন্তু গোল্লাছুটের একটা স্টলও ছিল। সেখানে ছিল সবার জন্য উপহার-গোল্লাছুটের স্টিকার। আর ছিল গোল্লাছুটে প্রকাশিত কমিকস দাদু-নাদু ও জিতুর ‘চরিত্র’ হওয়ার সুযোগ! তোমাদের জন্য সংলাপ ছাড়া কার্টুন এঁকে দিয়েছিলেন দাদু-নাদুর আঁকিয়ে মেহেদী হক ও জিতুর আঁকিয়ে আসিফুর রহমান। মেলায় বেড়াতে আসা গোল্লাছুটের পাঠকেরাই ফাঁকা জায়গায় সংলাপ লিখেছে। যার লেখা সবচেয়ে ভালো হয়েছে, তার একটা ছবি চেয়ে নেব আমরা। আর তার চরিত্র ঢুকে পড়বে দাদু-নাদুর অভিযান কিংবা জিতুর দুষ্টুমির কোনো এক পর্বে। যারা সেদিন সংলাপ লিখে জমা দিয়েছ, অপেক্ষায় থাকো!
গল্প, আঁকা ছবি আর ছড়া সঙ্গে করে নিয়ে এসেছিল অনেকে। এসব জমা দেওয়ার সুযোগ আছে দেখে এক খুদে পাঠকের তো আফসোসের শেষ নেই। বলছিল, ‘ইশ্! আমি তো কিছু সঙ্গে আনিনি।’ মেলায় একটু ঘুরঘুর করে এসে সে বলে, ‘আপনাদের কাছে কলম হবে?’ আমরা মুখ পাংশু করে বললাম, ‘না। নেই।’ খানিক বাদে সে নিজেই কোথা থেকে একটা কলম জোগাড় করে নিয়ে এল। আর স্টলে দাঁড়িয়েই ঝটপট লিখে ফেলল একটা ছড়া। আমরা তো অবাক! এই বন্ধুটির মতো তোমরা যারা গল্প-ছড়া-ছবি দিয়ে গেছ, নির্বাচিতগুলো নিশ্চয়ই ছাপা হবে।
যারা বিজয়ী হয়েছ
বর্ণ তৈরি, চিত্রাঙ্কন, টি–শার্টে আঁকা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের নাম দেওয়া আছে প্রথম আলোর অনলাইন সংস্করণে। যারা পুরস্কার সংগ্রহ করোনি, নিজ নিজ অঞ্চলে প্রথম আলো কার্যালয়ে যোগাযোগ করো।