‘ও সোনা পাখি, এয়েচো’—প্রতিবারের শোনা শব্দগুলো এই প্রথম শুনতে পেলাম না। চারদিকটা ভালো করে চেয়ে দেখলাম। না, কোথাও বাক্স নানিকে দেখতে পেলাম না। তাকে গ্রামের সবাই ‘বাক্স পাগলি’ বলে ডাকে। সব সময় তার কাছে একটা টিনের বাক্স থাকে। তাই তার এই নামকরণ। আমার কাছে তাকে কখনো পাগল মনে হয়নি। অবশ্য গ্রামের লোকেরা আমাকেও হাফ পাগলি বলে ডাকে। এটা আমার মামার দেওয়া নাম। আমার আরও একটা নাম আছে, ইঁচড়ে, মামণি। ইঁচড়ে পাকার সংক্ষিপ্ত রূপ।যাক সেসব কথা। বাক্স নানির কথা কি মাকে জিজ্ঞেস করব? না বাবা, রিস্ক নেওয়া ঠিক হবে না। যা রাগী মুখ করে আছেন মা।ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার পর প্রতিবার আমরা নানুবাড়িতে যাই। মাত্র কয়েক দিনের জন্য যাওয়া। কিন্তু মায়ের শীতের কাপড় গোছানো দেখে মনে হবে আমরা সাইবেরিয়ায় যাচ্ছি বসবাসের জন্য। ‘বাবু, দেখ তো কিছু বাকি আছে নাকি।’ ‘না, মা, ঘরের কিছু বাকি নেই। আরও কিছু নিতে হলে দোকানে যেতে হবে।’ ‘ইয়ার্কি হচ্ছে, তুমি দেখছি মনে মনে বড় হয়ে যাচ্ছ।’ প্রতিবার নানুবাড়ি রওনা হওয়ার সময় মায়ের আর আমার ডায়লগ। তারপর রিকশা নিয়ে ঝামেলা। গতবার তো এক রিকশাওয়ালা বলেই বসল, ‘আপা, মাল ওঠানো-নামানোর জন্য কুলি ঠিক করেননি?’ ‘এই বিয়াদপ, মাল কোথায় দেখলি রে? শীতের দিনে কি একটা স্যান্ডো গেঞ্জি নিয়ে বের হব? যা, তোর রিকশায় যাব না।’ ‘ঠিক আছে, আপা, ঠেলাগাড়ি নিয়ে যান।’ এবার আর সমস্যা হয়নি। বাবা আগের দিন পরিচিত রিকশা ঠিক করে রেখেছিলেন। এর পরে বাসে আবার ঝামেলা। আমাদের সিটের পাশে দাঁড়ানো লোকটি দিল জোরে এক হাঁচি। ছোট ছোট শিশিরকণার মতো থুতু আমাদের মুখে ছিটকে পড়ল। মা বললেন, ‘হাঁচির সময় মুখে রুমাল দিতে পারেন না?’ ‘কেন, আপনি প্রাইভেটে যেতে পারলেন না?’ এবার যত রাগ মা আমার ওপর ঝেড়ে বললেন, ‘তুমি আগে থেকে মুখে রুমাল দিতে পারনি?’ ‘কী মুশকিল, কে কখন হাঁচি দেবে, আমি আগে থেকে কীভাবে জানব?’যাক বিরক্তিকর বাসযাত্রা শেষ। আবার রিকশায় ২০ মিনিটের পথ। মায়ের মুখের দিকে তাকালাম। নাহ্, সেই একই রকম থমথমে অবস্থা। হঠাৎ নীরবতা ভেঙে মা বললেন, ‘বাবু, করিমন ফুফুকে দেখছি না তো?’ এই বাক্স নানির আসল নাম হচ্ছে করিমননেছা। মাকে বললাম, ‘বাক্স নানির অসুখ করেনি তো?’ ‘কী জানি, এত বছরে কখনো তাকে অসুস্থ হতে শুনিনি তো!’‘এটা করিমন ফুফুর বাপের বাড়ির গ্রাম। তার শ্বশুরবাড়ি ছিল সীমান্তের কাছাকাছি কোনো এক গ্রামে।’ ‘বলো কি মা, বাক্স নানির বিয়ে হয়েছিল?’ ‘হ্যাঁ রে, মা। ওর একটা ছয় মাসের ছেলেও ছিল।’১৯৭১ সালে যখন পাকিস্তানি সেনারা ওই গ্রামগুলোতে ঢুকে পড়েছিল, তখন মুক্তিযোদ্ধারা তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য চৌগাছার পুলটি শেল মেরে উড়িয়ে দেয়। এই বিকট শব্দে যে যেদিকে পারছে পালাচ্ছে। কোন দিক নিরাপদ কারও জানা নেই। করিমনও ছুটতে শুরু করল। ১০ মাইল হেঁটে শেষে বাপের বাড়ির গ্রামে এসে পৌঁছাল। তখন সে বড় ক্লান্ত, অবসন্ন। করিমনের ভাবি বললেন, ‘কিরে, তোর ছেলে কই?’ হুঁশ ফিরল করিমনের। যেটা জড়িয়ে ধরে সে এত দূর দৌড়ে এসেছে, সেটা আসলে একটা মাংসের হাঁড়ি। সে আবার কাঁদতে কাঁদতে দৌড় শুরু করল। অবশেষে পৌঁছাল। কিন্তু কোথায় তার খোকা, পুরো গ্রাম সুনসান। গ্রামের বাড়িঘরগুলো মাটির দেয়াল আর খড়ের ছাউনির। পাকিস্তানি সেনারা পুরো গ্রাম জ্বালিয়ে দিয়েছে। নেড়া দেয়ালগুলো পুড়ে লাল হয়ে আছে। এই লাল পাহাড়ের নিঝুম গ্রামে কোথায় তার খোকা? সব শেষ। সেই থেকে করিমন এ গ্রামেই থাকে। তার স্বামী আর তাকে ফিরিয়ে নেয়নি। গ্রামের যে প্রান্তেই যাই না কেন, বাক্স নানি হাজির। হঠাৎ হঠাৎ গ্রামের ছেলেমেয়েদের মারতে যায় বা বলে, ‘মর মর’। কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে, ‘সোনা পাখি’ বলে ডাকে। আমার জন্য পাটালি, কুল ইত্যাদি রেখে দেয়। চুপ করে আমার হাতের মধ্যে দিয়ে চলে যায়। সে জানে, মা এগুলো খেতে দিতে চায় না। কিন্তু নানা মাকে বলেন, ‘কেন খাবে না! ভালোবাসার চেয়ে ভালো পুষ্টি আর কিছুতে আছে নাকি!’নানুবাড়িতে পৌঁছেই মা নানুকে জিজ্ঞেস করলেন, ‘মা, করিমন ফুফুকে তো দেখলাম না।’ নানু বললেন, ‘গত শুক্রবার করিমন শ্বাসকষ্টে মারা গেছে।’ মরার আগে বেশ কয়েক দিন ধরে সে নানাভাইকে বলেছিল, ‘ভাইজান, সোনা পাখিকে এক্ষুনি এনে দেন।’ নানা বলেছিলেন, ‘এত পাগলামি কোরো না তো করিমন। ওর লেখাপড়া আছে না, হুটহাট আসতে পারে নাকি।’ বাক্স নানির জন্য বারবার চোখ দুটো ভিজে উঠছে। এবারের জন্মদিনে মা আমাকে আনিসুল হকের মা বইটা উপহার দিয়েছেন। পড়লাম। আজাদের মায়ের জন্য ভীষণ কষ্ট হয়। বারবার চোখ দুটো ঝাপসা হয়ে ওঠে। বাবা আমাকে কথা দিয়েছেন, এবার যখন আমরা একসঙ্গে ঢাকায় যাব, আমাকে তখন আজাদের মায়ের কবর দেখাতে নিয়ে যাবেন। কষ্টটা ভোলানোর জন্য মা আমাকে সিনেমা দেখাতে নিয়ে গেলেন। জীবনে এই প্রথম সিনেমা হলে ঢুকলাম।বেশ মজা লাগছিল। অনেক মানুষ একসঙ্গে অন্ধকারে পাশাপাশি বসে আছি। কিন্তু বেশিক্ষণের জন্য নয়। এই সিনেমায় সারার জন্য খারাপ লাগছে। সারা যখন তার মায়ের শাড়িটা মুড়ি দিয়ে কাঁদছিল, মনে হচ্ছিল সে তার মায়ের বুকে মুখ লুকিয়ে কাঁদছে। অন্ধকারে মায়ের হাতটা চেপে ধরে হঠাৎ ফুঁপিয়ে উঠি। মা বললেন, ‘বাবু, তোমার কান্না-রোগে ধরেছে?’ কী আশ্চর্য, রোগ হতে যাবে কেন! দুঃখ হচ্ছে। রাতে মা আমাকে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। দুই ফোঁটা গরম পানি আমার মুখের ওপর পড়ল। মা কাঁদছেন! কিছুক্ষণ পর বললেন, ‘কাল সকালে আমরা করিমন ফুফুর কবর দেখতে যাব।’ সকালে কবর দেখতে যাওয়ার কথা শুনে নানু বললেন, মৃত্যুর আগে করিমন একেবারেই স্বাভাবিক হয়ে গিয়েছিল। বলেছিল, শ্বশুরবাড়ির গ্রামে যেন তার কবর দেওয়া হয়, যে মাটিতে তার খোকা মিশে আছে। সেখানেই সে চিরনিদ্রায় শুয়ে থাকতে চায়। তার ইচ্ছামতোই তাকে কবর দেওয়া হয়েছে। রাস্তার মোড়ে যে বাবলাতলায় সে আমার জন্য অপেক্ষায় থাকত, হাঁটতে হাঁটতে সেখানে গেলাম। চুপচাপ দাঁড়িয়ে ভাবি, আজাদের মা, সারা, বাক্স নানি—এদের কষ্টে সত্যি সত্যি কি আমি কান্না-রোগী হয়ে যাচ্ছি? ভাবতে ভাবতে বাড়ির দিকে ফিরছি। হঠাৎ যেন পেছনে থেকে শুনতে পেলাম, ‘ও সোনা পাখি, তুমি এয়েচো?’ দাউদ পাবলিক স্কুল, যশোর সেনানিবাস, যশোর