বাঘটা টাইগার দেখতে চেয়েছিল
বাঘদের মধ্যে টুকটাক মিটিং হওয়াটা নতুন ঘটনা নয়। এ-পাড়া ও-পাড়ার শার্দূল ভাইদের মধ্যে মাসে দুই মাসে নিজেদের শেরগিরির সীমানা নিয়ে সভাটভা হয়েই থাকে। কিন্তু যাকে বলে একেবারে মহাসভা! ৪০-৫০টা বাঘ একসঙ্গে এসে জড়ো হয় খোলপেটুয়া নদীর পাড়ে! এমন অভূতপূর্ব ঘটনা সুন্দরবনের ইতিহাসে আগে কখনো ঘটেনি। মুরব্বি ভীমবাঘ গলা ঝেড়ে শুরু করল কথা, ‘আমি ডেকেছি তোমাদের মধ্যে সেই টাইগারদের অভিনন্দন জানাতে, যারা বিশ্বের বুকে আমাদের সুন্দরবনের রয়েল বেঙ্গলের নামটাকে উজ্জ্বল করেছ। আমাদের সবার জন্য বয়ে এনেছ সুনাম ও সম্মান!’ভীমবাঘের কথা শুনে বাঘরা সবাই নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করে। গলা ঝেড়ে সে আবার বলতে শুরু করে, ‘কাল একটা টুরিস্ট গ্রুপ এসেছিল শ্যামনগরের দিক থেকে। বুঝলে তো, ওরা যখন কলাগাছী খালের পাড়ে নামল! রসো! আমি আর বসে থাকতে পারলাম না। একজনকে দেখলাম বেশ নাদুসনুদুস! ঘাড়ে-গর্দানে মাংস থলথল করছে! বুঝলে তো! দেখেই জিভে পানি এসে গেল। সঙ্গে সঙ্গেই টার্গেট করে ফেললাম! বাদাবনের ভেতর থেকে বেরিয়ে ফলো করি! গাছ, ঝোপঝাড়, লতাপাতার আড়াল থেকে ধরার সুযোগ খুঁজি! মওকা কিছুতেই মেলে না। বুঝলে তো! সঙ্গে বন্দুক নিয়ে দুজন আগে-পিছে ঘুরছিল। কখন আবার ঠুস করে দেয় আমার মুণ্ডুটাকেই সাবাড় করে! যা হোক, ওদের কথাবার্তা যা শুনলাম, তাতে আমার পেটের ক্ষুধা না মিটলে কী হবে, মনের ক্ষুধা ঠিকই মিটল! সেটা আমাদের বাংলার বাঘদের জন্য এক বিরাট গর্বের ব্যাপার! বুঝলে তো!’ ট্যাপাবাঘ ফিসফিস করে উঠল ঘুৎলুবাঘের সঙ্গে, ‘বুড়াটা বড্ড প্যাঁচায়!’ ঘুৎলুবাঘ জোরে হুংকার দিয়ে উঠল, ‘আসল কথাটা বলেন!’ ভীমবাঘ আবার শুরু করল, ‘ওরা বলছিল! আমাদের টাইগাররা এবার যা খেলটা দেখাল, পুরো বিশ্বেরই তাক লেগে গেছে! ইংল্যান্ড, আয়ারল্যান্ডের মতো সব দলকে হারিয়ে দিয়েছে টাইগাররা! এসব কথাবার্তা শুনে আমার বুকটা গর্বে ভরে গেল! আমার সুন্দরবনের টাইগারদের এত বড় বড় অর্জন, অথচ আমি কিছুই জানলাম না! এটা কোনো কথা হলো? কে খেলল, কী খেলল—ইংল্যান্ড-আয়ারল্যান্ডই বা কী জিনিস! এসব তো আমাদের সবার জানা দরকার—নাকি? আমরা সবাই একসঙ্গে সেসব বীর টাইগারকে অভিনন্দন জানাব! সংবর্ধনা দেব! তাদের মায়া হরিণের স্পেশাল কাটলেট খাওয়াব! কী বলো তোমরা!’হালুুম! হালুম! মজা পেলুম! সবার মধ্যেই বয়ে গেল আনন্দের জোয়ার। এত বড় গৌরবের ব্যাপার! আনন্দের কথা! অথচ কারোরই জানা নেই! কে এমন মহান সজ্জন, বাঘদের মধ্যে যে নিজেদের গৌরবের কথাটা এমনভাবে আড়াল করে রাখে? সবাই সভার এদিক-ওদিক তাকিয়ে খুঁজতে লাগল সেই কীর্তিমান খেলোয়াড়দের। পাঁচ মিনিট...দশ মিনিট...বিশ মিনিট যাওয়ার পরও যখন কেউ দায়িত্ব নিতে চাইল না, সামান্য আওয়াজও দিল না, তখন রাগাবাঘ বলল, ‘ভীম খালু, তুমি হয়তো ভুল শুনেছ গো!’ ভীমবাঘ বলল, ‘আমি নিজের কানে শুনেছি। ওরা বলছিল, কি বোলিং, কি ফিল্ডিং—টাইগাররা সবটাতেই দুর্দান্ত পারফরম্যান্স করেছে!’ মেছোবাঘ বলল, ‘তাহলে হয়তো বাদাবনের টাইগারদের কথা বলেনি। অন্য জায়গার টাইগারদের কথা বলেছে।’‘হুম্ম্!’ চিন্তায় পড়ে গেল ভীমবাঘ। একটু যেন বিব্র্র্রতও মনে হলো ওকে, ‘আমি নিজের কানে শুনেছি। কী জানি বাপু! কী শুনলাম! তারা অবশ্যই টাইগারদের গুণকীর্তন করছিল!’ ভীমবাঘেরই কাছাকাছি বয়সী চক্রবাঘ যেন ওকে নাজুক অবস্থা থেকে বাঁচাতে চাইল, ‘ভীম ভায়া! এ রকম ভালো ভালো সুন্দর কথাবার্তা আমিও যেন কয়েক বছর আগে শুনেছিলাম। এ রকমই, সুন্দরবনে বেড়াতে আসা মানুষের কাছে। মিটিং শেষ করে সবাই চলে গেল। বসে রইল শুধু ধনুবাঘ। কোথায় থাকে সেই রয়েল বেঙ্গল টাইগার ভাইরা? কোন জঙ্গলে? যারা বাঘদের জীবনকে গর্বিত করেছে, কিসের নাকি কী একটা খেলেটেলে, তারা কি নদীর ওপারে থাকে? মানুষের ম্যালে? বড় দেখতে ইচ্ছে করছে। ইচ্ছে করছে খেলাটা শিখে নেয়, যা খেলে সে নিজেও বিখ্যাত হতে পারবে। ভীমবাঘরা ওর জন্য আয়োজন করবে সংবর্ধনা অনুষ্ঠানের। সে অনুষ্ঠানে মায়া হরিণ লাফিয়ে-ঝাঁপিয়ে নাচ দেখাবে। নতুন স্বপ্নে দুলতে দুলতে ধনুবাঘ নদীর তীরের দিকে অলস ভঙ্গিতে হাঁটতে থাকে।আরেকটু ডান দিকে নেমে নির্জনমতো জায়গা খুঁজে নিয়ে ধনুবাঘ আস্তেধীরে ঝাঁপিয়ে পড়ল নদীর মধ্যে। সাঁতরে সাঁতরে চলে এল ওপারে মুন্সিগঞ্জের তীরে। একটা ঝোপের মধ্যে লুকিয়ে দেখে নিল মানুষজন আছে কি না। মনে মনে বুদ্ধি পাকাল, দিনের আলোর তেজ আরেকটু কমুক, তারপর যাব। মানুষের চোখে পড়লে তো আর রেহাই নেই। পিটিয়ে মেরেই ফেলবে। শুধু মানুষ কেন? টাইগার ভাইদের কেন চোখে পড়ছে না, যারা খেলে খেলে সারা বিশ্বে এত সাড়া ফেলেছে? সে যখন জ্ঞাতি ভাইদের কথা ভাবছিল, ঠিক তখনই দূর থেকে চিৎকার ভেসে ওঠে, ‘টাইগার! টাইগার! শাবাশ টাইগার!’ তার মানেটা কী? ওদিকেই কোথাও টাইগাররা আছে! নইলে ওভাবে ওরা চেঁচাবে কেন? একটু ঝুঁকি নিয়েই ধনুবাঘ ঝোপ থেকে বেরিয়ে সামনের দিকে এগোতে লাগল। কিছুদূর যেতেই দেখল, তিন-চারজন লোক সড়কের ওপর বসে রেডিও শুনছে। আর মাঝেমধ্যে ‘শাবাশ! শাবাশ! টাইগার’ বলে লাফিয়ে উঠছে। শুধু এরা তিন-চারজনই নয়, রাস্তার বিভিন্ন দিক থেকে হঠাৎ হঠাৎ ভেসে আসছিল ‘টাইগার টাইগার’ আওয়াজ! বোঝাই যাচ্ছে, টাইগাররা আজ ভালো খেলছে। কিন্তু কোথায় খেলছে টাইগাররা? কীভাবে, কী খেলছে? ও দেখতে পাচ্ছে না কেন? কৌতূহল যেমন তীব্র হয়ে ওঠে, জেদও তত বেড়ে যায় ধনুবাঘের। সে টাইগারদের খুঁজতে খুঁজতে নামা দিয়ে ধানখেতে শরীর ঢেকে ঢেকে লোকালয়ের দিকে এগোয়। মনের ভেতর প্রশ্ন জাগে, মানুষের ম্যালে টাইগাররা থাকবে কীভাবে? মানুষের সঙ্গে কি টাইগারদের একসঙ্গে থাকা সম্ভব?কিছুদূর এগোতেই একটা বাড়িতে শুধু একজন বুড়িমতো মানুষকে চোখে পড়ল। তারপর ঘরের পাশ দিয়ে দ্রুত বেগে মিলিয়ে যায় ধনুবাঘ। বেশ কয়েকটি ঘরবাড়ি ছাড়িয়ে যেতেই হঠাৎ আবার ‘টাইগার টাইগার! শাবাশ টাইগার!’ জোরে চিৎকার শুনতে পেল। শব্দটাকে ফলো করে এগিয়ে যেতে লাগল ধনুবাঘ। ভাগ্য ভালো যে অন্ধকার পড়ে গেছে। ওকে কেউ দেখতে পাচ্ছে না। একটা মোটামুটি অবস্থাপন্ন বাড়ির দিক থেকে ভেসে আসছিল ‘টাইগার টাইগার’ চিৎকারটা। টাইগারদের খোঁজ তাহলে মিলেছে! ধনুবাঘ নিজের সঙ্গেই নিজে বাজি ধরে, টাইগাররা খেললে ওখানেই খেলছে!মাটিতে পা খামচে খামচে সেই বাড়িটার দিকে এগিয়ে গেল ধনুবাঘ। পা উঁচিয়ে জানালা দিয়ে ভেতরে তাকাতেই ধনুবাঘের সঙ্গে এক লোকের চোখাচোখি হয়ে গেল। লোকটি বাঘ বাঘ বলে প্রায় উল্টে পড়ে গেল বিছানা থেকে। ঘরভর্তি মানুষগুলো ঘর থেকে বেরিয়ে এল ঝটপট। কোথায় টাইগার? কোথায় সব রয়েল বেঙ্গল টাইগার? একটা চারকোনা বাক্সে কী সব হচ্ছে। কী হচ্ছে বুঝতে বুঝতেই ধনুবাঘের মাথায় একটা বল্লমের কোপ এসে পড়ল। লাঠির পর লাঠি। দায়ের কোপ। শরীর ক্ষতবিক্ষত হতে লাগল। ওর খোলা চোখ তখনো খুঁজছে কোনো একটা টাইগার দেখা যায় কি না! অন্তত একজন!