বাঘের চক্কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: এস এম রাকিবুর রহমান

জঙ্গলে হাঁটতে হাঁটতে ঘেমে একেবারে গোসল করে ফেলেছে সবাই। ঘাম ঢুকে পড়ছে সবার চোখের ভেতর ও মুখে। সুন্দরবনের গরম বলে কথা! বৃষ্টি নেই চৈত্র মাসজুড়ে। গরমে সবার শরীর যেন পুড়ে যাচ্ছে। বৃষ্টি না হলে খলিসা, গরান, বাইন, কেওড়া, পশুর, সুন্দরী ও অন্যান্য গাছে ফুল কম হয়। মৌমাছিরা মৌচাকে মধু বেশি জমাতে পারে না। কারও হাতে মৌচাক কাটা দা, কারও হাতে মশাল জ্বালানোর লম্বা বাঁশের লগি। দুজন বইছে মধু রাখার হাঁড়ি–গামলা। বন বিভাগের ‘পাস’ কেটে মধু মৌয়ালের নেতৃত্বে ছয়জনের দলটা জঙ্গলে ঢুকেছিল সেই চৈত্র মাসের ৫ তারিখে। দাদনের টাকা নিয়ে জঙ্গলে ঢুকেছে। মৌচাক কেটে মধু জমিয়ে মোংলা পোর্টের মধু ব্যবসায়ীদের আড়তে যেতে হবে প্রথমে। তারপর মাটির বড় বড় পাত্রে মধু ঢালতে পারলেই তো টাকা!

সবাই হাঁটছে আর বারবার চারদিকে তাকাচ্ছে। নাক দিয়ে বাতাস টানছে ঘন ঘন। কেননা, সুন্দরবনের মানুষখেকো বাঘেরা মৌয়ালদেরই টার্গেট করে বেশি। তবে পাঁচ–ছয়জন থাকলে বাঘ অতি সাবধানে চারপাশে চক্কর দেয় সবার চোখ এড়িয়ে। ভয়ংকর মানুষখেকো ছাড়া মানুষকে মুখোমুখি অতিক্রম করে না ওরা। অতিক্রম করে ওত পেতে থেকে অথবা মাটিতে বুক–পেট মিশিয়ে চলতে চলতে। কী দারুণ বুদ্ধিমান আর হুঁশিয়ার যে সুন্দরবনের বাঘেরা! বাতাস যেদিক দিয়ে বয়, তার বিপরীত দিক দিয়ে শিকারের দিকে এগোয়, যাতে মানুষের নাকে বোটকা গন্ধ না পৌঁছায়। ঘাড়ে লাফিয়ে না পড়া পর্যন্ত মানুষটি টেরই পায় না কিছু। মানুষের ঘাড়–পিঠ কামড়ে ধরে ঠিক বিড়ালের ইঁদুর মুখে হাঁটার কৌশলে হেঁটে–দৌড়ে চলে যায় বীরদর্পে। একটি বাঘ দুই–তিন ঘণ্টা ধরেও শিকারের পিছু পিছু চলে। চক্কর দেয় চারপাশে। সুযোগসন্ধানী বাঘ খুবই হুঁশিয়ার আর পরিশ্রমী।

মৌয়াল দলটি এগোচ্ছে ঝোপঝাড় ভেঙে দ্রুতই। মধু মৌয়াল চাকের সাদাটে রং দেখে বুঝে ফেলেছেন, মধুতে ভরপুর মৌচাক।

বাঘু। বয়স মাত্র ১২ বছর। এবার সে জঙ্গলে এসেছে দাদা মধু মৌয়ালের সঙ্গে। তাকে আনতে চাননি মৌয়াল সর্দার। তবু নাতির আবদার বলে কথা! বাঘুই প্রথম দেখল, মধুখেকো মধুবাজ পাখিটিকে, চোরের মতো বসে আছে একটা সুন্দরী গাছের ডালে। দেখাল সে দাদাকে। অভিজ্ঞ মধু মৌয়াল পাখিটার দৃষ্টি অনুসরণ করে কাছের কেওড়াগাছের ডালে বিশাল মৌচাকটা দেখতে পেলেন। দেখল অন্যরাও। বাঘুও জানে, মধুবাজেরা কৌশলে মৌচাকের অংশ ভেঙে মাটিতে ফেলে। প্রচণ্ড বেগে উড়ে মৌচাকের পাশ কেটে বেরিয়ে যাওয়ার সময় পা দিয়ে আঘাত করে মৌচাকে, তারপর দ্রুত দূরে সরে যায়। মৌমাছিরা শান্ত হলে চোরের মতো এসে মাটিতে নেমে মধু ও মৌমাছির ডিম–বাচ্চা খায়।

মৌয়াল দলটি এগোচ্ছে ঝোপঝাড় ভেঙে দ্রুতই। মধু মৌয়াল চাকের সাদাটে রং দেখে বুঝে ফেলেছেন, মধুতে ভরপুর মৌচাক। খলিসা ফুলের মধু সাদাটে হয়। সুন্দরবনের সেরা মধু হলো খলিসা ফুলের মধু। কমপক্ষে আট কেজি মধু পাওয়া যাবে। কেওড়াগাছের মৌচাকের তলায় এসে প্রস্তুত হলো সবাই। আগুন ধরিয়ে মশাল যখন হাতে তুলেছে রশিদ মৌয়াল, তখনই বাতাসে ভেসে এল বাঘের গায়ের বোটকা গন্ধ। চোখের ভাষায় রশিদ সেটা বোঝাল অন্যদের। মধু মৌয়াল চাপা স্বরে বললেন, ‘বড় মিয়ার চক্কর বইলে ভয় পাসনে তোরা। চোখ–কান খোলা রাখ। রশিদ, মশাল তুইলে ধর।’

চাকে ধোঁয়া দেওয়ার পর চাক কাটা হলো। সংগ্রহ করা হলো মধু। দলটি এবার রওনা হলো আবার নতুন চাকের সন্ধানে। চলল দক্ষিণ দিকে। কারণ, বড় মিয়ার গন্ধটা এসেছিল উত্তর দিক থেকে। কিছুটা ভয় ও কিছুটা তাড়াহুড়ার জন্য মশালধারী মৌয়াল কদম মশালের আগুন নেভায়নি ভালোমতো। মৌয়াল সরদার হাঁক ছাড়লেন, ‘মশাল নিভা ভালো কইরে। কয় দিন আগেই না পুব জঙ্গলের গাছপালায় আগুন লাগিল, অ্যাঁ! আগুন কি আর আমরা জ্বালাই রে? তবু দোষ পড়ে মৌয়ালদের ঘাড়ে।’

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

সঙ্গে সঙ্গে আলী মৌয়াল মাটিতে চেপে ধরে ভালো করে নেভাল মশালের ধিকিধিকি আগুন। এগিয়ে গিয়ে মাটি পরখ করলেন মৌয়াল সরদার। বললেন, ‘আগুনের ফুলকিও মশালে রাখা যায় না, বুঝলি! এই জঙ্গল আমাগে আরেক মা। এই মা–ই তো আমাগে অন্ন–বস্ত্র জোগায়। বনে যেন আগুন না লাগে মৌয়ালগে কারণে। সুন্দরবন অভিশাপ দেবে। কোনো গাছে ফুল ফোটবে না। মৌমাছির দল আসবে না। মৌচাকও বানাবে না। আমরা মরব না খাইয়ে।’

বাঘু বাতাসে নাক টানছে অনবরত। থমকে দাঁড়িয়ে বলল, ‘দাদা! বাঘের গন্ধ পাতিছি আমি।’

সবাই থমকে দাঁড়াল একটি হুদোবনের পাশে। পরমুহূর্তেই দুঃস্বপ্নের মতো বাঘটি লাফিয়ে পড়ল মধু মৌয়ালের ঘাড়ে। আতঙ্কিত সবাই মুহূর্তের জন্য ছিটকে সরে গেল বটে, পরমুহূর্তেই প্রচণ্ড হাঁকডাক ছেড়ে সবার হাতের মৌচাক কাটা দা দিয়ে আক্রমণ করল বাঘটাকে। একজনের কোপে বাঘটির মাথা গেল কেটে, পরমুহূর্তেই রশিদের দায়ের আঘাতে বাঘের একটি কান কেটে ঝুলে গেল। কোমরে কোপ খেয়ে বাঘটি হুমড়ি খেয়ে মাটিতে পড়ে হাঁচড়েপাঁচড়ে পালাতে যখন চাইছে, তখনই বাঘু দা তুলে প্রচণ্ড হাঁক ছেড়ে বাঘটির ঘাড় লক্ষ্য করে যে–ই না চেয়েছে আঘাত করতে, আহত মধু মৌয়াল তখনই প্রচণ্ড হাঁক ছেড়ে বললেন, ‘বাঘু রে! কোপ দিসনে তুই!’

হতবাক সবাই। রক্তাক্ত মৌয়াল সরদার ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, ‘ওই বড় মিয়া আমার মতোই বুড়ো হইয়ে গেছে। সুন্দরবনের রাজা, সুন্দরবনের পাহারাদার। ওরা না থাকলি সুন্দরবন থাকপে না রে। আমরাও থাকপ না।’

সবাই সরদারকে ধরাধরি করে খালের নৌকার দিকে চলল। ট্রলার জোগাড় করে এক ঘণ্টার ভেতর পৌঁছাতে হবে সাতক্ষীরা সদর হাসপাতালে। দেরি হলে সরদারের ‘বাঘজ্বর’ হবে। বাঁচানো যাবে না তাহলে।