বাদলধারায়
শফিক ইমতিয়াজ
বৃষ্টিফোঁটা পড়লে মাথায় বলতে শুনি আম্মুকে,
‘সর্দি হবে, জ্বরজারিও, আয় তুলে দিই আম মুখে
থাকগে ঘরে, খেলগে বসে ক্যারম না হয় সাপলুডু।’
এমন সময় দিল ঘরে মন্টু মিজান শাপলু ঢুঁ
বলল ওরা, ‘চল রে দুলু, ভিজব সবাই শখ করে
উদোম মাঠে, পথের বাঁকে শান বাঁধানো চক্করে!’
আম্মু রেগে আগুন, বলে, ‘কেউ যাবি না এই তোরা!’
অমনি ভয়ে কাচুমাচু, কারোর মুখে নেই তো রা।
ব্যাপার দেখে দাদুর স্মৃতি জাগল সুদূর শৈশবের
বৃষ্টিজলে ভেজা—যদি শুনত কিছু ওই সবের
তার মা তাকেও করত বারণ, দিতো ভয়ংকর ঝাড়ি—
‘ভিজলে ব্যাটা পিটন খাবি, সর্দি হবে, জ্বরজারি।’
কিন্তু বাদলধারার ডাকে যেতেই হতো আলগোছে
মা তো খুঁজে খুঁজেই সারা চিন্তা ও কপাল ঘোঁচে
ফিরলে দেখা যেত রাগে বাবার মাথায় আঁশ খাড়া
বকছে মা–ও; রক্ষে হতো পেয়ে দাদির আশকারা!
পিচ্চিগুলোর কাছে দাদু ডেকে বলে বৌমাকে,
‘বৃষ্টিজলে আকাশ নিজের গভীর মনের মৌ মাখে
গন্ধ সেটির পায় কে জানো? বাদলধারায় ভিজবে যে;
বৌমা তুমি চুলো জ্বেলে, রাখো কাঁঠাল–বীজ ভেজে
তৈরি রাখো সরষে তেল আর পেঁয়াজ ও মরিচ, চিড়া
আজকে আমি ভিজব নিজেও, এই তোরা চল পিচ্চিরা
ফিরেই মজার ভাজা–মাখা খাব মিলে সক্কলে
নইলে কি আর মরচে পড়া বদ্ধ মনের লক খোলে!’
হুর রে বলে উঠল সবাই ছুটল দাদুর সঙ্গে রে
কে রেখেছে উদোম মাঠে এমন রূপোর রং গেড়ে!
ঝমঝমাঝম বৃষ্টি আহা, ছন্দ ঘিরে ওই শোরের
সোনার দ্যুতি ঠিকরে পড়ে বাঁধনহারা কৈশোরের!
উড়োচিঠি
সারওয়ার–উল–ইসলাম
মেঘ দিয়েছে উড়োচিঠি ছোট্ট মেয়ে সামিয়াকে
সামিয়া তো ব্যস্ত আঁকায়,খাতায় মামা–মামি আঁকে।
নানি আঁকে নানা আঁকে
একটা বকের ছানা আঁকে
দাদি আঁকে আপু আঁকে এঁকেই ফেলে আম্মুকে
আঁকতে আঁকতে হাঁপিয়ে ওঠে,
ক্লান্ত দুচোখ, ঘাম মুখে।
ফুপা–ফুপু ঘড়ি আঁকে
আকাশ পাহাড় পরি আঁকে
তাল–সুপারির বনের পাশে একটা সবুজ ডাব আঁকে
আঁকার পরে খাতা হাতে খুঁজতে থাকে বাবাকে।
নৌকা আঁকে নদী আঁকে
পুরু ফোমের গদি আঁকে
ঝোঁপের ভেতর নীল জোনাকি,
ফুল তারা আর চাঁদ আঁকে
দাদা ছাড়া সবই আঁকে, দেখেনি ও দাদাকে।
দাদার ছবি দেখতে কেমন?
মেঘকে চিঠি পাল্টা দেয়
মেঘের কাছে নেই তো জবাব,
দাদি দাদার শালটা দেয়।
শাল জড়িয়ে সামিয়া তো উড়োচিঠি পড়ে যায়
মেঘরা তখন দাদার কষ্টে বৃষ্টি হয়ে ঝরে যায়।
প্রাণবন্ত
মাসুম মাহমুদ
মেঘগুলো জল হয়ে মাটিতে আসে,
ঘাসেদের ছুঁয়ে ফের বাতাসে ভাসে।
জলের ছোঁয়ায় ঘাস আকাশে তাকায়,
ঘাস ভাবে মেঘগুলো কার বাড়ি যায়?
মেঘ বলে বাড়ি তার পৃথিবীরই গাঁয়,
ওখানে নামলে পরে পরাণ জুড়ায়।
পৃথিবীর গাঁ ঘেঁষে ঘাসেদের বাড়ি,
বাড়ির পাশেই নদী, জল সারি সারি।
নদীর বাড়িতে ফুল ফোটে রোজ ভোরে,
ওসব গাছে খুব প্রজাপতি ওড়ে।
রোদের কিরণ ওই ফুলে ফুলে হাসে,
প্রজাপতি গাছ ফুল মেঘ ভালোবাসে।