বানরের রাজ্যে এক অজগর
বনের নির্জন দিকটায় নিজেদের জন্য সুন্দর একটা রাজ্য গড়ে তুলেছিল বানররা। এদিকটায় ছড়ানো-ছিটানো অনেক রকমের গাছপালা। নানারকম বুনো ফলের গাছ। সারা বছরই কোনো না কোনো গাছে ফল আছে। বানররা মনের সুখে সেই ফল খায় আর নিজেদের নিয়ে ব্যস্ত থাকে। ঝগড়াঝাঁটি, মারামারি নানারকম মজার কাণ্ড আর দুষ্টুমি আনন্দে মেতেই আছে।দলের সবচেয়ে বড় বানরটা হচ্ছে সর্দার। তার কথা শুনতেই হবে সবাইকে। সে যা বলবে, তা-ই মানতে হবে, তা-ই করতে হবে। দুটি বানর ঝগড়া-মারামারি করছে, সর্দার এসে যদি একটা ধমক দেয়, যদি একবার বলে, ‘এই থাম’, সঙ্গে সঙ্গে ঝগড়া থেমে যাবে।চার-পাঁচটি বানর একত্র হয়ে মারামারি লাগিয়েছে। এ ওকে খামচে দিচ্ছে, কামড়ে দিচ্ছে অথবা লেজ ধরে টানছে। তাদের ক্যাচরম্যাচর হইহল্লায় অন্য বানররা ভয় পেয়ে গাছের ডালে গিয়ে চড়েছে। ছোট ছোট বানর ভয়ে মুখ লুকিয়েছে মায়ের কোলে। কেউ মা-বাবার পেটের কাছটায় ঝুলে, কেউ মা-বাবার পিঠে বসে তাগড়া বানরগুলোর মারামারি দেখছে। কিছুতেই থামছে না মারামারি।সর্দার বানর আরামসে ঘুমাচ্ছিল এক বুনো আপেলের গাছে। হইচইয়ের শব্দে তার ঘুম ভাঙল। তার বউ-বাচ্চারা ছড়িয়ে-ছিটিয়ে বসে আছে সর্দার বানরের আশপাশের ডালে। ঘুম ভেঙে সর্দার তার বউকে জিজ্ঞেস করল, এত হল্লাচিল্লা কিসের? আমি ঘুমাতে পারছি না। ব্যাপারটা কী? বউ কথা বলার আগেই তার কোলে ভয়ে মুখ লুকিয়ে রাখা ছানাটি বলল, ওই যে মারামারি লেগেছে, বাবা। মারামারির ভয়ে মা আমাদের নিয়ে এখানে চলে এসেছে।এত্ত বড় সাহস! মারামারি লাগিয়েছে! আমার ঘুম ভাঙিয়েছে! দাঁড়া দেখাচ্ছি মজা!ধীর-শান্ত ভঙ্গিতে গাছ থেকে নেমে এল সর্দার। মারামারিতে ব্যস্ত বানররা তাকে দেখতে পেল না। সে আচমকা এসে মারামারি করা দলটার মাঝখানে দাঁড়াল। তারপর হাতের কাছে যেটাকে পেল সেটারই ঘাড় চেপে ধরল; ঘাড় চেপে ধরে ছুড়ে ফেলল দূরে। কোনোটার লেজ ধরে অনেকক্ষণ বোঁ বোঁ করে ঘুরিয়ে হঠাত্ই ছেড়ে দিল। সেই বানর গিয়ে ছিটকে পড়ল দূরে। আর কিছু করতে হলো না। সর্দার এ রকম শাস্তি দিয়েছে দুজনকে দেখে অন্য বানররা মারামারি ভুলে যে যেদিকে পারে দৌড়ে পালাল। সর্দার তখন রাগে গজরাচ্ছে। এত্ত বড় সাহস তোদের! আমি ঘুমিয়েছি আর তোরা মারামারি লাগিয়েছিস! যদি আর একদিন এমন করেছিস কেউ, তাহলে আর ঘাড় ধরে ছুড়ে ফেলব না, লেজ ধরে ঘুরাব না, গলা টিপে মেরে ফেলব কোনোটাকে, কোনোটার পেট ফালা ফালা করব আমার ধারালো নখ দিয়ে। নাড়িভুঁড়ি বের করে ফেলব।শুনে বানররা ভয়ে কাঁপে। শান্ত হয়ে যে যার সংসার নিয়ে ব্যস্ত হয়। কোলের বাচ্চাকে দুধ খাওয়ায় কেউ, একজন মেরে দেয় আরেকজনের শরীরের উকুন। কোনো কোনো মানুষের মাথায় যেমন উকুন থাকে, বানরদেরও তেমন উকুন থাকে। তবে বানরদের উকুন শুধু মাথায়ই থাকে না, সারা শরীরেই থাকে। বানরের সারা শরীরেই তো লোম। সেই লোমের ভেতর লুকিয়ে থাকে উকুন। এমনকি লেজের লোমেও থাকে। অনেক সময় খুবই আরামদায়ক ভঙ্গিতে বসে বানররা একে-অন্যের শরীরের উকুন মারে।সর্দারের ধমক আর মার খেয়ে শান্ত হয়ে বানররা কিছুক্ষণ থাকে ঠিকই, তার পরই আবার শুরু করে দুষ্টুমি, হইচই। এটা বানরদের স্বভাব। এ-গাছ থেকে ও-গাছে লাফ দিয়ে যাচ্ছে। কোনো গাছের ডাল ধরে দোল খাচ্ছে। এ খোঁচাচ্ছে ওকে, এ টান দিচ্ছে ওর লেজ ধরে। অযথাই এদিক-ওদিক ছুটোছুটি করছে। এসব বানরদের একরকমের খেলা। এই রকম খেলা সর্দার নিজেও অনেক সময় খেলে—তার বউ-বাচ্চার সঙ্গে, বন্ধুবান্ধবের সঙ্গে। রাতের বেলা যে যার বউ-বাচ্চা নিয়ে একেক গাছে আশ্রয় নেয়। একটা গাছেই হয়তো পাঁচ-দশটা পরিবার এ-ডালে ও-ডালে বসে বসে ঘুমায়। দিনের বেলা দল বেঁধে খাবারের সন্ধানে বেরোয়। সব মিলিয়ে খুবই শান্তিতে চলছিল বানরদের জীবন। কোনো শত্রু নেই, ভয় নেই। খাবারদাবারের অভাব নেই। ভারি আরামের জীবন।এ সময় হঠাত্ এক বিপদ এল বানরদের রাজ্যে। কোথা থেকে বিশাল এক অজগর এসে ঢুকল বনের এদিকটায়। মাত্র সকাল হয়েছে। রাতের অন্ধকার কেটে গিয়ে সকালবেলার আলো ফুটতে শুরু করেছে। ঘুমভাঙা বানররা আস্তে-ধীরে নামতে শুরু করেছে নিজেদের আস্তানা থেকে। কেউ ভাবতেই পারেনি রাতের অন্ধকারে ভয়ংকর এক বিপদ তাদের রাজ্যে এসে হাজির হয়েছে। অজগরটা ছিল বনের অন্য একটা দিকে। সেদিকে খাদ্যের খুবই অভাব লেগেছে। প্রায় সাত-আট দিন কিছুই খেতে পায়নি অজগর। একটাও শিকার ধরতে পারেনি। খিদের কষ্ট সহ্য করতে না পেরে সে বানরদের রাজ্যে এসেছে, যদি এখানটায় খাবার কিছু পাওয়া যায়। রাতের অন্ধকারে এসে সে একটা ঝোপের আড়ালে ওত পেতে আছে। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে বানররা যখন গাছ থেকে নামতে শুরু করেছে, অজগর থাবা দিয়ে ধরেছে ধাড়ি একটা বানর। ধরে পুরো শরীর দিয়ে প্যাঁচাতে শুরু করেছে। সেই বানরের চিত্কারে অন্য বানররা সাবধান হয়ে গেছে। চিত্কার-চেঁচামেচি, হইহল্লা আর তিড়িংবিড়িং করে লাফিয়ে আবার উঠে গেছে গাছের ডালে।অজগর তখন প্যাঁচিয়ে প্যাঁচিয়ে প্রথমে মেরে ফেলেছে বানরটাকে; তারপর ধীরে ধীরে গিলতে শুরু করেছে। গাছের ডালে বসে অন্য বানররা ছলছল চোখে দৃশ্যটা দেখছে। কেউ কেউ চোখের জল ফেলছে। এই বানরটার বউ-ছেলেমেয়ে ছিল না। সে ছিল একা। কিন্তু সবারই খুব প্রিয় ছিল। প্রিয় বানরটাকে চোখের সামনে গিলে খাচ্ছে অজগর, এই দৃশ্য তারা সহ্য করতে পারছিল না। সর্দার বানরটা পর্যন্ত কাঁদছিল। অনেকক্ষণ ধরে বানরটাকে গিলল অজগর। তারপর ওই ঝোপের ছায়াতেই পড়ে রইল। বানর গিলে পেট ভরে গেছে অজগরের। বেশ উঁচু হয়ে আছে পেট। এখন দু-চার দিন আর কিছু না খেলেও চলবে।তবে অজগরটা ততক্ষণে ঠিক করেছে যে সে বানরদের রাজ্যেই থেকে যাবে। যখনই সুযোগ পাবে, একটা করে বানর ধরে খাবে। জ্যান্ত বানর ধরতে না পারলে হঠাত্ হঠাত্ যখন কোনো বানর মারা যাবে, সেই মরা বানরই সে গিলে খাবে। দু-একটা দুর্বল বানরছানা হঠাত্ করে ছিটকে পড়তে পারে মা-বাবার কোল থেকে, সেই সব ছানাও সে টপ করে গিলবে।এই অবস্থায় বানররা এখন কী করে?সেদিন সারা বেলা তারা না খেয়ে গাছের ডালে বসে রইল। কী করা যায় ভাবতে লাগল।সবচেয়ে বেশি ভাবনা হচ্ছিল সর্দারের। এই বিপদের হাত থেকে বানররাজ্যকে কীভাবে রক্ষা করবে সে? কী করে জীবন বাঁচাবে প্রতিটা বানরের? কীভাবে তাড়াবে অজগরটাকে?বিকেলবেলা সব বানরকে নিয়ে গাছের ডালেই পরামর্শ করতে বসল সে। কী করা যায় এখন বল তো? অন্য বানররা একসঙ্গে বলল, আমরা কিছুই বুঝতে পারছি না, সর্দার। তুমি আমাদের সর্দার। এই অবস্থায় যা করার তোমাকেই করতে হবে।সর্দার গম্ভীর গলায় বলল, ঠিক আছে তাহলে, আজ রাতটা আমাকে সময় দে। সারা রাত আমি ভাবব, কীভাবে এই বিপদের হাত থেকে আমরা বাঁচতে পারি। আজকের দিনটা না খেয়ে তোরা কষ্ট করেছিস, রাতটাও না খেয়ে কাটা। সকালের মধ্যে আমি একটা বুদ্ধি বের করে ফেলব।অন্য বানররা বলল, ঠিক আছে, সর্দার। তুমি যা বলবে তা-ই হবে।সর্দার বলল, কিন্তু রাতটা কাটাতে হবে সাবধানে। কেউ ঘুমাতে পারবি না। সবারই থাকতে হবে জেগে।কেন?অজগররা গাছে চড়তে জানে। দেখা গেল আমরা সবাই ঘুমিয়ে আছি, আর সেই ফাঁকে অজগরটা একদম শব্দ না করে একটা গাছে এসে চড়ল। ঘুমিয়ে থাকা বানরদের যেকোনো একটাকে থাবা দিয়ে ধরল।এ কথা শুনে বানরদের মুখ ভয়ে শুকিয়ে গেল। তাই তো! ও রকম হলে তো মহাবিপদ! ঠিক আছে, সর্দার, আমরা কেউ আজ রাতে ঘুমাব না। সবাই জেগে থাকব। যদি কোনো একটা বানর দেখতে পায় অজগরটা কোনো গাছে চড়ছে, সঙ্গে সঙ্গে সে চিত্কার দেবে, আর সঙ্গে সঙ্গে আমরা সবাই সাবধান হয়ে যাব। গাছের এমন ডালে গিয়ে চড়ব, অজগর ওখানে যেতেই পারবে না।সর্দার খুশি হয়ে বলল, ঠিক আছে, ঠিক আছে।তারপর বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা গড়িয়ে রাত। রাতের বেলা চাঁদ উঠল আকাশে। চাঁদের আলোয় ভরে গেল বন। বানররা যে যার আস্তানায় জেগে বসে রইল। মায়ের কোলে মুখ রেখে নিশ্চিন্তে ঘুমাল শুধু কোলের ছানাগুলো। অজগর যে ঝোপের কাছে শুয়ে ছিল ঠিক সেখানটাতেই পড়েছে চাঁদের অনেকখানি আলো। তাতে পরিষ্কার দেখা যাচ্ছে অজগরটাকে। বানররা যে যার আস্তানা থেকে দেখতে পাচ্ছে। এতে তাদের একটা সুবিধা হলো। অজগর শরীরের ভাঁজ খুলে কোনো গাছের দিকে এগোলেই দেখতে পাবে বানররা, সঙ্গে সঙ্গে এরা সাবধান হতে পারবে। আগেভাগেই গাছের এমন ডালে গিয়ে চড়বে, যেখানে যেতে পারবে না অজগর।কিন্তু সারা রাতে অজগর আর নড়ল না। অত বড় একটা বানর খেয়ে আরামসে ঘুমাচ্ছে। এই ঘুম কখন ভাঙবে কে জানে।সুতরাং রাতটা নিরাপদেই কাটল বানরদের। সকালবেলা সর্দার আবার ডাকল সবাইকে। এই, আয় তোরা। আমি একটা ভালো বুদ্ধি বের করেছি। এই বুদ্ধি দিয়েই অজগরকে শেষ করব।সবাই একত্রে বলল, কী বুদ্ধি, সর্দার?দলের তাগড়া জোয়ান বানর যারা আছে, তাদের নিয়ে নিঃশব্দে গাছ থেকে নামব আমি। অন্য বানররা বাচ্চাদের নিয়ে গাছের ডালেই বসে থাকবে।আচ্ছা, ঠিক আছে। তারপর?অজগর ঘুমাচ্ছে, এই ফাঁকে আমরা গিয়ে তার চারপাশ ঘিরে দাঁড়াব। অজগররা ঘুমায় শরীর পেঁচিয়ে। মাথাটা লুকিয়ে রাখে প্যাঁচানো শরীরের ভেতর। আমি গিয়ে প্রথমে অজগরের লেজে একটা কামড় দেব। সঙ্গে সঙ্গে ঘুম ভাঙবে অজগরের। শরীরের প্যাঁচ খুলে মাথাটা বের করবে সে। তখন একসঙ্গে চারদিক থেকে ঝাঁপিয়ে পড়ব আমরা। যে যেমন করে পারি, আঁচড়ে-কামড়ে খাবলে-খুবলে ফেলব অজগরকে।একটা বানর ভয়ে ভয়ে বলল, এই অবস্থায় অজগর যদি আমাদের কাউকে কামড়ে ধরে, তাহলে তো বাঁচার আর কোনো উপায় থাকবে না, সর্দার!সেটা ঠিক। তবে এ ছাড়া কোনো উপায় নেই। এভাবেই শেষ করতে হবে ওটাকে। আমাদের দু-একজন অজগরের হাতে মারা পড়লেও অন্য বানররা বেঁচে যাবে। তবে সবাই যদি সাবধানে আক্রমণ চালায়, তাহলে অজগরের হাতে মরার ভয় নেই। আমি হচ্ছি সর্দার, আমি থাকব সবার আগে। অজগর যখনই তার শরীর থেকে মাথাটা বের করবে, আমি চেষ্টা করব সঙ্গে সঙ্গে তার মাথাটা শরীরের সব শক্তি দিয়ে কামড়ে ধরতে। মাথা কামড়ে ধরলে অজগর সহজেই কাবু হয়ে যাবে। চেষ্টা করবে পুরো শরীর দিয়ে আমাকে পেঁচিয়ে ধরতে। তার আগেই তোরা সবাই ঝাঁপিয়ে পড়ে আঁচড়ে-কামড়ে খাবলে-খুবলে নাড়িভুঁড়ি বের করে ফেলবি অজগরের। ঠিক আছে, সর্দার। চলো তাহলে।তাগড়া জোয়ান ৪০-৫০টা বানর তারপর নিঃশব্দে নেমে এল গাছ থেকে। অন্য বানরগুলো বাচ্চাকাচ্চা নিয়ে বসে রইল গাছের ডালে। ভয়ে প্রায় দমবন্ধ হয়ে আছে তাদের। বাচ্চাকাচ্চারা ভয়ে টুঁ-শব্দ করছে না।তখন সকালবেলার রোদে ভরে গেছে বন। অজগর আগের মতোই ঘুমাচ্ছে। সর্দার বানরের কথামতো অজগরের চারপাশ ঘিরে দাঁড়াল তাগড়া জোয়ান বানরগুলো। সর্দার বানর পা টিপে টিপে গিয়ে আচমকাই ধারাল দাঁত দিয়ে বিরাট একটা কামড় দিল অজগরের লেজ বরাবর। এক কামড়ে অনেকখানি মাংস তুলে ফেলল।হঠাত্ এ রকম একটা কামড়, শরীরের এক খাবলা মাংস তুলে নিয়েছে কেউ, ঘুম ভেঙে অজগর সাঁই করে শরীরের প্যাঁচ থেকে মাথা তুলল। সঙ্গে সঙ্গে সর্দার বানর তার মাথার পেছন দিকটা কামড়ে ধরল।সর্দার অজগরের মাথা কামড়ে ধরতে পেরেছে দেখে অন্য বানররা আর এক মুহূর্তও দেরি করল না। সবাই একত্রে ঝাঁপিয়ে পড়ল অজগরের ওপর। সর্দারের কথামতো আঁচড়ে-কামড়ে খাবলে-খুবলে যে যেভাবে পারে শেষ করতে চাইল অজগরকে। তবে বেশিক্ষণ লাগল না। কয়েক মিনিটের মধ্যেই অজগরের দফারফা হয়ে গেল। পেট থেকে নাড়িভুঁড়ি বেরিয়ে গেল। শরীরের থকথকে মাংস এদিক-ওদিক ছিটকে পড়ল। মাথাটা গেল কয়েক টুকরো হয়ে। ভবলীলা সাঙ্গ হলো অজগরের।তবে তখনো বানরদের রাগ কমেনি। তখনো তারা সমানে আঁচড়ে-কামড়ে ফালা ফালা করছে অজগরকে।একসময় সর্দার বলল, এই, থাম তোরা। আমাদের কাজ হয়ে গেছে। অজগর আমাদের একজনকে খেয়েছিল, সেই প্রতিশোধ আমরা নিয়ে ফেলেছি। অজগর শেষ। আমাদের শত্রুকে আমরা খতম করেছি। এবার চল, সবাই মিলে আনন্দ করি। তারপর খাবারের খোঁজে বেরোব। সঙ্গে সঙ্গে থামল তাগড়া জোয়ান বানররা। তারপর মহা আনন্দে হইহল্লা-নাচানাচি শুরু করল। অজগরটাকে তারা মেরে ফেলেছে দেখে গাছের ডালে বসা বানররাও বাচ্চাকাচ্চা নিয়ে নেমে এল। তারাও নাচানাচি শুরু করল। আনন্দের ধুম পড়ে গেল বানররাজ্যে। কোনো কোনো বানরছানা মরা অজগরটার কাছে গিয়ে সেটাকে দেখতে লাগল। তবে বেশিক্ষণ দেখতে পারল না। আকাশ কালো করে তখন চারদিক থেকে নেমে আসছিল শকুনের দল। বনে কোনো জীব মারা পড়লেই কেমন কেমন করে যেন দূর আকাশে উড়তে থাকা শকুনগুলো খবর পেয়ে যায়। সঙ্গে সঙ্গে ঝাঁক বেঁধে নেমে আসে তারা। মরা জীব ঠুকরে ঠুকরে এমন করে খায়, শুধু হাড় ছাড়া আর কিছুই পড়ে থাকে না। অজগরের শরীরে হাড় নেই, শুধুই মাংস। সুতরাং শকুনরা কিছুই ফেলে রাখবে না। শুধু শক্ত মাথাটা আর দাঁতগুলো পড়ে থাকবে। ওটা শেয়ালে এসে কামড়ে কামড়ে খাবে। শকুনরা এসে যখন মরা অজগরটার ওপর ঝাঁপিয়ে পড়েছে, তখন সর্দার বানর বলল, একটা দিন আর একটা রাত না খেয়ে আছি আমরা। এবার চল সবাই, খাবারের খোঁজে বেরোই।সবাই একত্রে বলল, চলো, সর্দার।