বাবামশাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবাকে নিয়ে এথিনার দুশ্চিন্তার শেষ নেই। বাবা সারা দিন কোথায় থাকেন, কী করেন, কী খান—এ নিয়ে সে খুব ভাবে। বাবা কি সেটা জানেন? সেটা অবশ্য তিনি জানেন না। তবে বাবা বাড়ি ফিরলে রাজ্যের প্রশ্ন নিয়ে বাবার সঙ্গে লেগে পড়ে। সারা দিন বাবা কী কী করলেন—সেই ফিরিস্তি তাকে বাবা খুব ধীরেসুস্থে দেন।সেই দুই বছর বয়স থেকে এথিনা বাবার সঙ্গে সারা দিন কথা বলে। এর আগেও সে কথা বলত, তবে সেটা গল্প নয়। সেটা এটা-ওটা নিয়ে দু-একটা জিজ্ঞাসা। বাবার মনে আছে, প্রথম গল্প মেয়েকে সান্ত্বনা দিতেই তিনি শুরু করেছিলেন। কিন্তু এখন সেটা হয়ে গেছে রুটিন কাজ। গল্প না বলে কোনোভাবে বাবার উপায় নেই। হয়তো কোনো দিন বাবার মন খারাপ থাকে বা শরীর খারাপ থাকে, সেদিন বাবা মিনতির সুরে বলেন, ‘মা, আজ আর পারব না গল্প বলতে।’ তখন ছোট এথিনার সঙ্গে বড় মেয়ে তিতিরও যোগ দেয়—‘না না, হবে না, গল্প বলতে হবে।’ সে সাধারণত চুপ করে থাকে। কারণ, সে জানে, এথিনা বাবাকে গল্প বলিয়েই ছাড়বে। যা হোক, বাবা বলেন, ‘মা, মাফ করা যায় না!’ সঙ্গে সঙ্গে দুই বোন একযোগে বলে, ‘মাফ করা যাবে না।’ তখন এথিনা আবার প্রশ্ন করে, ‘বাবা, মাফ করা কী জিনিস?’ সে হয়তো বোঝে কী জিনিস, তবে ভালো করে জানে না। বোনের সঙ্গে সঙ্গে বলে ফেলে। বাবা বলেন, ‘মাফ করা মানে রেহাই দেওয়া।’ তার কপাল কুঁচকে ওঠে। অর্থাৎ এই শব্দটাও তার অভিধানে নেই। সে আবার জিজ্ঞেস করতে লজ্জা পায় বা ইতস্তত করে। একটু পরে বলে, ‘রেহাই মানেই তো জানি না।’ বাবা খানিকটা বিপদে পড়েন। তিনি অনেক ভেবে বলেন, ‘রেহাই মানে আজকের মতো আমি গল্প বলব না, এটা তুমি মেনে নেবে।’ এথিনা মাথা নাড়ায়। অর্থাৎ সে এবার বুঝেছে।কিন্তু বাবার বিপদ কাটে না। দুই বোন নাছোড়বান্দা।বাবা ভালো করেই জানেন, তাঁর গল্প না শুনে মেয়েরা ঘুমাবে না। বাবার সেই গল্প মনে পড়ল। গল্প না বলতে পারলে রাজা কাকে যেন গর্দান কেটে নেবে বলে আদেশ দিয়েছিল। সে কথাও মেয়েকে শোনালেন। কাজ হলো না। মাঝেমধ্যে তাঁর খুব বিপদ হয়। কোনো গল্প মনে পড়ে না। আবার প্রতিদিন হতে হবে নতুন গল্প। এক বছর পরেও পুরোনো গল্প বললে এথিনা ও তিতির ঠিক বলবে, ‘বাবা, এই গল্প তো হয়ে গেছে। তুমি আমাদের বোকা পেয়েছ?’দুই-তিন বছর ধরে চলছে এই গল্প বলা। বাবার মাঝেমধ্যে মনে হয়, গল্পগুলো লিখে রাখলে হয়তো বাচ্চাদের ভালো গল্পের বই হতো। যদিও তিনি লেখক নন, তবু তাঁর এ রকম মনে হয়। অবশ্য দুই মেয়ে, বিশেষ করে ছোট মেয়ের যন্ত্রণায় তিনি যা বানিয়ে বানিয়ে বলছেন, তা অন্যরা গল্প ভাববে কি না, তা নিয়েও তিনি ভাবেন। শেষ পর্যন্ত কিছুই হবে না, সেটাও তিনি জানেন।বাবা বাড়ি না থাকলে এথিনার নানা ধরনের সমস্যা। বিশেষ করে বাবার কাছে থাকে হাজার রকমের প্রশ্ন। বাবা এলে বিড়ালের মতো অদ্ভুত শব্দ করে প্রথমে চড়বে ঘাড়ে। তারপর প্রথম বাক্য, ‘কেন দেরি করে বাড়ি এলে? আমার চেয়ে তোমার চাকরি বড়? কালকেই চাকরি ছেড়ে দেবে।’ বাবা বলেন, ‘চাকরি ছেড়ে দিলে আমি টাকা-পয়সা কোথায় পাব? চাল-ডাল, জামা-কাপড় কোথা থেকে কিনব?’মেয়ে গম্ভীর মুখে বলে, ‘কিছ্ছু কেনা লাগবে না।’ তারপর বাবার বুকে, মুখে ও কপালে চুমু খেতে খেতে বলবে, ‘রোজ রোজ তুমি আমার সঙ্গে খেলবে। কাল থেকে তোমার অফিস বন্ধ, বুঝলে বাবামশাই।’ তারপর বলবে ঘোড়া হও। বাবা ঘোড়া হন, সে ঘোড়ার পিঠে চড়ে। আর মুখে বলে, ‘তুমি আমার টাট্টু ঘোড়া, চলো যাই, তেপান্তরের মাঠে।’ যা হোক, ঘোড়ায় চড়ার পরে বাবাকে চিত হয়ে শুতে হবে। জামা-কাপড় খোলারও সময় দেয় না মেয়ে। গা দিয়ে ঘাম পড়ে দরদর করে। পায়ের ওপর বসে তখন হয় ঘুগঘোসাই খেলা। এই খেলার নিয়ম হলো, পায়ের পাতায় করে বাবা মেয়েকে আকাশের দিকে তুলবেন আর নামাবেন। মুখে বলবেন ঘুগঘোসাই। এভাবে চার-পাঁচবার করার পর বাবা বলবেন, বুড়ি, কোন ঘাটে নামবে? সোনার ঘাটে, না রুপার ঘাটে? বুড়ি মানে এথিনা বলবে, রুপার ঘাটে। অর্থাৎ নিয়ম হলো রুপার বললে সোনার ঘাটে নামাতে হবে। মা ওদিক থেকে ভাত খাওয়ার জন্য ডাক দিলে বাবা স্বস্তি পান। মেয়ে কী মনে করে লাফ দিয়ে নেমে পড়ে। বলে, ‘চলো, ভাত খেতে হবে। আজকে কার্টুন দেখে দেখে ভাত খাবে আমার সঙ্গে।’ বাবা বলেন, ‘আমি কি তোর মতো ছোট বুড়ি নাকি যে তোর সঙ্গে কার্টুন দেখব আর ভাত খাব!’ এথিনা বলে, ‘তুমি হচ্ছ গিয়ে বুড়ো খোকা, বুঝলে?’ মা ভাত দিলেই যে সে ভাত খাবে, তার কোনো নিশ্চয়তা নেই। তার খাবার পছন্দ হতে হবে। মাকে জ্বালাতন করে না পোষালে বাবাকে ধরবে আবার। যা রান্না হবে, সে চাইবে তার বিপরীত। মাছ রান্না হলে সে বলবে, ‘আজ মাংস দিয়ে ভাত খাব।’ মাংস রান্না হলে বলবে, ‘আজ খাব মাছের মাথা দিয়ে ভাত।’শেষ পর্যন্ত দুটো জায়গায় গিয়ে ভাত খাওয়া আটকে গেল। প্রথমত, কার্টুন কেন ভালো হচ্ছে না। তিনটি চ্যানেলের কোনোটাতেই তার বক্তব্যমতো ভালো কার্টুন হচ্ছে না। আবার মাছের তরকারি সে আজ খাবে না ঘোষণা দিয়ে বসল। বড় মেয়ে তিতির মাছের মাথা দিয়ে খাচ্ছে। সে জ্বালাচ্ছে না আপাতত। বছর দুয়েক আগে সে-ও ছিল জ্বালাতনের ওস্তাদ। ছোট বোনের জ্বালাতনের নমুনা দেখে আপাতত সে রিটায়ার্ড করেছে। মা ভেবে পান না কী করবেন। এটা নিয়ে আসেন, ওটা নিয়ে আসেন—কোনোটাতেই কাজ হয় না। শেষ পর্যন্ত মা প্রস্তাব দেন, ‘তাহলে ডিমভাজি দিয়ে খা।’ এথিনা বিজ্ঞের মতো বলে, ‘হ্যাঁ, হতে পারে, তবে বাবাভাই ডিম ভাজবে, আর সেটা পোচ হতে হবে, নরম কুসুম থাকবে। বেশি পুড়বে না।’ মা-বাবা মেয়ের রেসিপি শুনে চুপসে যান। অন্য সময় হলে মা ধমক দিয়ে বলতেন, ‘তোর বাবা তোর কোন পক্ষের ভাই রে?’ কিন্তু এখন কিছু বললেন না। বাবা মেয়ের নির্দেশমতো ডিম ভেজে দিলে সেদিনের খাওয়ার পর্ব মোটামুটি নির্ির্বঘ্নে পার হলো।পরদিন জরুরি কাজে বাবা মেয়েকে না জানিয়ে চলে গেলেন সাহজাদপুরে। সেখানে রবিঠাকুরের জন্মদিনে তিনি বক্তৃতা করবেন। আগেই কথা দেওয়া আছে। কাজে কাজেই তাঁকে যেতে হবে। তিনি গেলেন এবং এথিনা সারা দিন মাকে জ্বালাতন করল, বাবাকে ফোন করল। তার একটাই কথা, ‘তুমি আমার বাবা না। কোনো বাবা তাঁর মেয়েকে রেখে কোথাও চলে যেতে পারে?’ এবার সে বাড়ি না আসতে বলে বলল, ‘তুমি বাড়ি আসবে না। বাড়ি এলে আমি দরজাই খুলব না।’ বাবা স্টেজে বসেই তাকে নানাভাবে বোঝাতে লাগলেন, পারলেন না। তার মনে হলো, রবীন্দ্রনাথের জন্মদিনের চেয়ে তাঁর মেয়ের গুরুত্ব অনেক বেশি। এথিনার কান্না আর অভিমান-মাখা মুখ তাঁর বারবার মনে পড়তে লাগল। তিনি বক্তৃতা করলেন, তবে কী যে বললেন, তা ঠিক মনে করতে পারলেন না। বুঝতে পারলেন, তিনি যা করেছেন, সেটা হয়তো তাঁর নামের সঙ্গে যায় না।সব শর্টকাট করে তিনি বাড়ি ফিরলেন অনেক রাতে।এথিনা ঘুমোচ্ছে। জ্বরে তার গা পুড়ে যাচ্ছে। সারা দিন সে কিছু খায়নি। বাবা, বাবা করে সারা বাড়ি মাথায় তুলেছে। কান্নাকাটি করেছে। মা কোনোভাবে তাকে আজ শান্ত করতে পারেননি। বাবা মেয়ের মুখে, বুকে, কপালে হাত বোলান। হাত পুড়ে যাচ্ছে তাপে। বাবার ভয় হয়। জ্বর ভালো হবে তো! এথিনার মা বলেন, ‘আর কখনো মেয়েকে ফাঁকি দিয়ে কোথাও যাবে না।’ বাবা বলেন, ‘আচ্ছা।’ তারপর মা-বাবা দুজন শোনেন জ্বরের ঘোরে মেয়ে বলছে, ‘বাবাভাই, তুমি খারাপ, তুমি পচা, তুমি বাড়ি আসবে না, আমি দরজা বন্ধ করে দেব। তুমি পচা।’এথিনার মা বলেন, ‘ওর ভাই নেই, তাই বলে কি তোমাকে ও বাবাভাই বলে? নাকি তোমাকে সত্যি খেলার সাথি মনে করে?’বাবা বলেন, ‘কী জানি, ছোট মানুষ কী ভাবে!’