বাবার জন্য উপহার
ঈদের আগের দিন। অতসী বাবার সঙ্গে ঘর গোছাচ্ছে। মা রান্নাঘরে। ঘরের হাওয়ায় মিষ্টি গন্ধ। এবার ঈদে অতসী পেয়েছে একটা ফ্রক। তার ফ্রকটা সুন্দর। সবুজ রঙের। গ্রামের পুকুরঘাটের শৈবালের মতো রং। তাই তো রংটার নামই হয়েছে শ্যাওলা-সবুজ। পুরো জামায় ফুটে আছে সাদা ছোট ছোট ফুল। আর ভাইয়ের জন্য পাঞ্জাবি।আরও অনেকের জন্য উপহার কিনতেই টাকা শেষ। তাই তো মা-বাবা আর নিজেদের জন্য কাপড় কিনতে পারেনি। তবে অতসীর মামা বিদেশে থাকেন। তিনি মায়ের জন্য কানের দুল আর বাবার জন্য দামি আতর পাঠিয়েছেন।নীল রঙের শিশিটা অতসীর আঙুলের সমান। ছিপি না খুলেও সুন্দর গন্ধ টের পাওয়া যায়। আচ্ছা, বোতলটা নীল, নাকি ভেতরের জলের মতো আতরের রং নীল? বোতলটা উল্টে-পাল্টে ঝাঁকিয়ে বোঝার চেষ্টা করছে অতসী। যাহ! হাত ফসকে গেল! মেঝের ওপর ছড়িয়ে পড়ল কাচের টুকরো আর সুগন্ধি তরল।হঠাৎ কী যেন হলো বাবার, চিৎকার...।ভেঙে ফেললে? কে বলেছে এসব ধরতে?একটা চড়। ব্যথায় কঁকিয়ে ওঠে অতসী। আঘাতের যন্ত্রণার ভয়ে বিবর্ণ হয়ে যায় মেয়েটা।আতর ছাড়াই ঈদের জামাতে গেল বাবা আর ভাই। খুব কষ্ট হচ্ছিল ছোট্ট মেয়েটার। সবুজ শৈবালের মতো জামাটা যদি জাদুবলে নীল আতরের শিশি হয়ে যেত! ঈদে বাবার জন্য কোনো উপহার নেই...।জামাত থেকে বাড়ি ফিরলে হাসি ছড়িয়ে অতসী একটা ছোট্ট বাক্স বাবার হাতে দেয়।‘তোমার জন্য উপহার!’বাক্সটা খুলে বাবা আরও রেগে যায়। ‘তুমি একটা খালি বাক্স দিয়েছ! এই তোমার উপহার! বেয়াদব আর ভীষণ বোকা হচ্ছে মেয়েটা দিন দিন।’ ছয় মাস পর। বেলা ১১টা। মায়ের পাশে দাঁড়ানো অতসী। স্কুল ছুটির পর বাড়ি ফেরার জন্য বাসের অপেক্ষায়। একটা শব্দ। আর কিছু মনে নেই মায়ের।অতসী?থমথমে মুখে সবাই আশ্বস্ত করে মাকে।ভালো আছে অতসী। কিন্তু মা বুঝতে পারে সব। কানে লেগে থাকে একটি মাত্র শব্দ—মা...।সুস্থ হয়ে বাড়ি ফিরল মা। কিন্তু অতসীকে ছাড়া বাড়িটি গোমড়া, বোবা। অতসীদের বাড়ি থেকে যেন সব আনন্দ কালো চাদরে মুড়ে দিল কেউ।বাবার ছুটির দুপুরটা পার করা খুব কষ্টের। এ রকম অবসরে অতসী যে কত কথা বলত! মনে পড়ে যায় বাক্সটার কথা। অতসীর পুতুলের ঘরে বাক্সটা গুছিয়ে রাখা আছে। ছোট্ট বাক্সের মধ্যে একটা কাগজ। তাতে লেখা, ‘উপহারের ছোট্ট বাক্সটা রঙিন কাগজ মুড়ে ফুল এঁকে দিয়েছি। বাক্সটার মধ্যে রেখেছি। আমার মেলা মেলা আদর আর চুমু। বাবা কেন এত রাগ করল? চুমু আর আদর উপহার নয়?’ বুকের মাঝখানে উপহারের বাক্সটা চেপে ধরে বাবা। অতসীর আঁকা ফুলটাও চোখে পড়ল তার। বাক্সভর্তি আদর!