বাড়তি বলায়, বাড়তি লেখায় ও শব্দের সঙ্গে বাড়তি একটি বর্ণ জুড়ে দেওয়ায় আমাদের একটা ঝোঁক আছে। সবার নয়, কারও কারও। যেমন কোমরবন্ধ, গলবন্ধ, সেতুবন্ধ—এই শব্দ তিনটি একধরনের বাঁধার কাজ করে; কিন্তু ‘বন্ধন’-এর ‘ন’ সঙ্গে নেয় না। কোমরে বাঁধার বস্তু কোমরবন্ধ (বেল্ট), কোমরবন্ধন নয়; গলায় প্যাঁচানোর বস্তু গলবন্ধ (কমফার্ট, মাফলার ইত্যাদি); গলবন্ধন নয়। এবং দুটি ধারণা কিংবা বিশ্বাসের মধ্যে সংযোগ সম্পর্ক স্থাপন করার যে প্রক্রিয়া, তার নাম সেতুবন্ধ, সেতুবন্ধন নয়। তিনি দুই পক্ষের মধ্যে একটি সেতুবন্ধ রচনার কাজ করলেন, এমন নয় যে তিনি দুই পক্ষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে দিলেন।এমন বাড়তি ব্যবহারের সমস্যা আছে আ-কার (া) নিয়ে। [ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মন্তব্যটি বেশ পুরোনো। যে দর্শনার্থী তাঁকে বলেছিলেন, মহাশয়, আমার বড় ‘দুরাবস্থা’; তিনি তাকে বলেছিলেন, সে তো আ-কার দেখেই বুঝতে পাচ্ছি।] ‘দুরবস্থা’র জায়গায় ‘দুরাবস্থা’ লিখলে কোন অবস্থা দাঁড়াচ্ছে, তা তো বুঝতে পারবই আমরা, বুঝতে পারব আরও কিছু শব্দের বেলায়। যেমন, ব্যবস্থা (ব্যাবস্থা নয়), ব্যয় (ব্যায় নয়), অব্যয় (অব্যায় নয়), মিতব্যয়ী (মিতব্যায়ী নয়), অত্যধিক (অত্যাধিক নয়), যদ্যপি (যদ্যাপি নয়) ও কৃতবিদ্য (কৃতবিদ্যা নয়)। নিষ্ঠ ও সত্যনিষ্ঠ (নিষ্ঠা যাঁর আছে, তিনি ‘নিষ্ঠ’; সত্যের প্রতি যাঁর নিষ্ঠা আছে, তিনি সত্যনিষ্ঠ; কর্তব্যের প্রতি যাঁর নিষ্ঠা আছে, তিনি কর্তব্যনিষ্ঠ) দেখেও আমাদের বিভ্রান্ত হলে চলবে না। ওখানে কিছু কম পড়েনি।বাড়তি ব্যবহারের যন্ত্রণা য-ফলা (্য) নিয়েও। কার্য, কার্যালয়, তূর্য, উপলক্ষ ইত্যাদি নিজের নিজের চেহারাতেই ভালো আছে; তাদের কার্য্যালয়, কার্য্য, তূর্য্য ও উপলক্ষ্য বানানোর দরকার নেই। ‘তা’ দিয়েও আমরা কখনো কখনো যা-তা অবস্থা তৈরি করে ফেলি। দুর্বলতা ঠিক আছে, উৎকর্ষতা নয় (উৎকর্ষ); দারিদ্র্য ঠিক আছে, দারিদ্র্যতা নয়।একটি ‘ক’কে প্রয়োজনীয় ভেবেও আমরা সমস্যা বাড়াই। ভর্তিচ্ছু ঠিক আছে, ভর্তিচ্ছুক নয়; উপচিকীর্ষু (উপকার করায় আগ্রহী) ঠিক আছে, উপচিকীর্ষুক নয়।কোথাও কোথাও আবার বাড়তি ব্যবহার দরকারিও। সে বিষয়ে আজ নয়।