বায়ু সাইকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিহাল আর অন্তর কাকডাকা ভোরে ছাদে উঠল। পনেরো তলার ছাদ থেকে ভোর দেখতে তাদের খুব ভালো লাগে। আজ ছাদে গিয়ে তারা একটা ধাক্কা খেল। ছাদের এক কোনায় খুব সুন্দর একটা যান। অনেকটা মোটরসাইকেলের মতো। পাশে ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত প্রাণী। গায়ের রং ধূসর সাদা। মাথাটা বেশ বড়। তবে কোনো চুল নেই। ভ্রু নেই। চিবুক ইংরেজি অক্ষর ‘ভি’র মতো। মানুষের মতো লম্বা না হলেও হাত দুটি বেশ লম্বা। লম্বা জোব্বা পরা। অনেকটা সুপারম্যানের মতো দেখা যায়। এ রকম প্রাণী তারা আগে কখনো দেখেনি। দুজনই ভড়কে গেল। প্রাণীটা তাদের দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। অন্তর বলল, ‘চল, চলে যাই। সবাইকে খবর দিই।’ নিহাল বলল, ‘এ রকম প্রাণী সিনেমায় দেখেছি। এটি মনে হয় এলিয়েন। চল, কাছে গিয়ে নাম-পরিচয় জিজ্ঞেস করি।’ এ কথা বলামাত্র প্রাণীটা তাদের ভাষা নকল করে উল্টো তাদের নাম-পরিচয় জিজ্ঞেস করল। অদ্ভুত প্রাণীর মুখে নিজের মাতৃভাষা শুনে তারা বিস্মিত হলো। প্রাণীটা হাত ইশারায় তাদের ডাকল। এবার দুজন ভয়ে ভয়ে কাছে গেল। কাছে যেতেই তাদের সঙ্গে হ্যান্ডশেক করল। তখন দুজনেরই সাহস অনেক গুণ বেড়ে গেল। নিহাল বলল, ‘তুমি কি এলিয়েন?’‘হ্যাঁ, তোমাদের ভাষায় আমরা এলিয়েন।’‘তুমি কোত্থেকে এসেছো?’‘কসমস থেকে।’‘এই নামে তো কোনো গ্রহের নাম আগে কখনো শুনিনি!’‘এই বিশাল মহাশূন্যে এত গ্রহ, নক্ষত্র, ছায়াপথ। এর কতটুকুই তোমরা জানো? তোমরা এই মহাশূন্যের সামান্য অংশেরই খোঁজখবর রাখো। এর বাইরেও রয়েছে বিশাল বিস্ময়।’ ‘তোমার নাম কী?’‘আমার নাম তেলিং।’‘তুমি কীভাবে এলে?’তেলিং তার যানটা দেখিয়ে বলল, ‘এটায় চড়ে এসেছি।’নিহাল বিস্মিত হয়ে বলল, ‘তুমি একা আসতে পারলে।’এবার তেলিং নিহালকে জিজ্ঞেস করল, ‘তুমি কোন ক্লাসে পড়ো?’‘ক্লাস এইটে।’‘তাহলে তুমি কিছুই বুঝবে না। আমরা জ্ঞান-বিজ্ঞানে তোমাদের চেয়ে অনেক এগিয়ে। তোমরা অনেক চেষ্টা করে চাঁদ পর্যন্ত পৌঁছাতে পেরেছ, তা-ও অনেক ধীরগতিতে। আর আমাদের ছোট্ট শিশুরাও মা-বাবার সঙ্গে রাগ করে এক গ্রহ থেকে আরেক গ্রহে চলে যায়। যে জ্ঞান-বিজ্ঞানের উত্তাল সাগরে তোমরা ডিঙি নৌকা ভাসিয়েছ, সেই সাগরে আমরা জাহাজ নিয়ে চষে বেড়াই। এই সাগরের সামান্যই আমাদের দেখা হয়েছে। তোমাদের মাঝে যেমন গরু-মহিষ-ভেড়া আছে, তেমনি আমাদেরও আছে। সবাইকে তোমরা এলিয়েন নামেই চেনো।’‘তোমরা তো অনেক উন্নত। কখনো কি আমাদের পৃথিবী দখল করে ফেলতে পারো?’‘মহাশূন্যের খুব সামান্য অংশ নিয়ে তোমরা আছো, একটা বালির কণা যে রকম।কিছু কিছু নক্ষত্রের তুলনায় তোমাদের পৃথিবী তার চেয়েও ছোট। কাজেই এই সামান্য জায়গা নিয়ে আমাদের এত মাথাব্যথা নেই। তবে কখনো কোনো জাতির ইচ্ছে হলে দখল নিতেও পারে।’‘তখন আমাদের কী হবে?’‘তোমরা তোমাদের নিম্ন শ্রেণীর প্রাণীকে যেভাবে ব্যবহার করো, তোমাদেরও তারা সেভাবেই ব্যবহার করবে। যেমন: গবাদিপশু ও পাখিকে তোমরা যা করো।’‘তাহলে তো আমাদের অনেক বিপদ!’‘এই ভয়েই তো তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে চাও না। আমাদের সঙ্গে যোগাযোগ রাখলে তোমাদেরই লাভ হবে। তোমাদের সমাজ-সভ্যতা আরও উন্নত হবে। তোমরা তো এইডসের মতো একটা মামুলি রোগেরও চিকিৎসা দিতে পারো না।’রাতের ঘুম ভেঙে এখনই জেগে উঠবে লাল টুকটুকে সূর্য। চারদিকে ছড়িয়ে দেবে শিশু রোদ। তেলিংয়ের খেয়ালই ছিল না। সে তাড়াহুড়ো শুরু করে দিল, চলে যাবে বলে। যানের দিকে এগিয়ে যেতেই নিহাল বলল, ‘ওটা রেখে যাও। ওই যানে চড়ে তোমাদের দেশে বেড়াতে যাব।’ তেলিং ডানে-বাঁয়ে মাথা নাড়ল। মনে হয় হাসল। ‘এটা রেখে গেলেও তুমি চালাতে পারবে না। বিপদ ডেকে আনবে। তার চেয়ে তোমার বাইসাইকেলটা নিয়ে আসো। ওটাকে বায়ু সাইকেল বানিয়ে দিই।’ নিহাল বিস্মিত হয়ে তার বাইসাইকেলটা ছাদে নিয়ে এল। তেলিং বলল, ‘তোমার সাইকেলের চাকা বায়ুশূন্য করো।’ নিহাল বায়ুশূন্য করামাত্র তেলিং একটা কৌটা বের করল। ছ্যাত ছ্যাত শব্দে বাইসাইকেলের দুই চাকা পাম্প করে দিল। আর বলল, ‘হিলিং গ্যাস ভরে দিলাম। এই গ্যাস বাইসাইকেলটাকে শূন্যে ভাসিয়ে রাখবে।’ তারপর চেইন রিংয়ের সঙ্গে একটি ছোট্ট পাখা ফিট করে দিল। ‘অনেকটা শ্যালো ইঞ্জিনের নৌকার মতো। প্যাডেল ঘোরালে পাখা ঘুরে। এই পাখা বাইসাইকেলটাকে সামনের দিকে নিয়ে যাবে। সাইকেল চালানোর সময় অবশ্যই বেল্ট দিয়ে নিজেকে টপ টিউবের সঙ্গে বেঁধে রাখবে। তোমাদের ট্রাফিক জ্যামে এই সাইকেল বেশ সহায় হবে।’নিহাল নিমগ্ন হয়ে তার সাইকেলটাকে দেখছে। হঠাৎ ছ্যাত শব্দ শুনে পেছন ফিরে তাকাল। তেলিং নেই। চোখের পলকে অদৃশ্য হয়ে গেছে।