বিনিদের পুতুল খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটফুটে চেহারা রূপমের। ও চোখে দেখতে পায় না। তাই বলে কারও চেয়ে পিছিয়ে নেই রূপম। সে পড়তে পারে, খেলতে পারে, বড় হওয়ার স্বপ্ন দেখতে পারে। তার পরও রূপমের একটা দুঃখ ছিল। ওর বয়সী আর সবাই যেসব গল্পের বই পড়তে পারে, রূপম সেগুলো পড়তে পারে না। কারণ, ও যে ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া করে, সে পদ্ধতিতে তো গল্পের বই বের হয় না!রূপমের মতো দেশের হাজারো দৃষ্টিহীন শিশুর সেই দুঃখটা একটু হলেও দূর হলো। রূপমদের দুঃখ দূর করল বিনির সাথে পুতুল বিয়ে নামের বইটা। ১৩ ফেব্রুয়ারি বিকেলে বেঙ্গল গ্যালারিতে মোড়ক উন্মোচন হলো নাজিয়া জাবীনের এ বইটির। তোমাদের জন্য লেখা আর দশটা মজার বইয়ের মতো ছবি আর সুন্দর একটা গল্পে সাজানো বইটি। কিন্তু অন্য সব বইকে সে ছাপিয়ে গেল। কারণ, এই সঙ্গে মোড়ক উন্মোচন করা হলো বইটির ব্রেইল সংস্করণেরও।ফেব্রুয়ারি মাসে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের কথা শুনলেই মনে হয়, বেশ গুরুগম্ভীর একটা আয়োজনের কথা। কিন্তু বিনির সাথে পুতুল বিয়ে বইটার পুরো ব্যাপারটাই যেন আলাদা। অনুষ্ঠানের শুরু হলো ছবি আঁকা দিয়ে। লাল-হলুদ নানা রঙের পোশাক পরা ছোট্ট ছোট্ট আঁকিয়ে কোমর বেঁধে ছবি আঁকতে শুরু করল। কেউ আবার এর ফাঁকে উঠে গিয়ে একটা করে ছড়া বলে এল মাইকে। ছড়াতেই কি শেষ? একটু পর শুরু হলো গান—‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’।সব মিলিয়ে অনুষ্ঠানটি পরিণত হলো একটা উত্সবে। উত্সবে ষোলো আনা রং লাগল সত্যিকারের পুতুল খেলায়। সত্যি সত্যিই পুতুল বিয়ে হয়ে গেল বেঙ্গল গ্যালারিতে! আর এসবের ফাঁকে বিনির সাথে পুতুল বিয়ে বইয়ের মোড়ক উন্মোচন করে ফেললেন শ্যামলী নাসরিন চৌধুরী, শিল্পী সৈয়দ এনায়েত হোসেন ও স্থপতি ইকবাল হাবিব।বইটা নিয়ে সবাই সুন্দর সুন্দর কথা বললেন। সৈয়দ এনায়েত হোসেন বললেন বইটার প্রচ্ছদ আর ভেতরের ছবিগুলো আঁকার গল্প। বললেন, ছবি আঁকতে আঁকতে তিনি কেমন মিশে গিয়েছিলেন বিনিদের পুতুল খেলায়।বিনির সঙ্গে পুতুল বিয়ে দিতে চাইলে তোমরাও বইটা সংগ্রহ করতে পারো। সাহিত্য প্রকাশ থেকে বের হওয়া বইটা এই ফেব্রুয়ারির বইমেলাতেই পাওয়া যাচ্ছে।—দেবব্রত মুখোপাধ্যায়