বিরাট আঁকিয়ে ও তার বিড়াল বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলছে দুই বন্ধুর আঁকাআঁকি। আর দেখো, টুলা একটা লাল জামাও পরেছে!
চলছে দুই বন্ধুর আঁকাআঁকি। আর দেখো, টুলা একটা লাল জামাও পরেছে!

ঘটনাটা একদম রূপকথার মতো! বলছি শোনো।
আইরিস গ্রেস থাকে যুক্তরাজ্যে। সে তার বয়সী অন্য ছেলে মেয়েদের চেয়ে একটু আলাদা। দুলে দুলে ছড়া বলে না, চিৎকার করে গান গায় না, এমনকি ক্ষুধা লাগলে ‘আম্মুউউউ! জলদি খেতে দাও’-ও বলে না। ভোরবেলা পাখি কেমন কিচিরমিচির করে, বৃষ্টিতে রাস্তায় পানি জমে গেলে হাঁটার সময় কেমন থপ থপ শব্দ হয়, বন্ধুরা হঠাৎ পেছন থেকে ‘ভোঁ’ বলে চিৎকার করলে কেমন পিলে চমকে যায়—এসব কিছুই সে জানত না। শুধু কথা বলতে আর শুনতেই যে ওর একটু সমস্যা হয়, তা নয়। মা অ্যারাবেলা কার্টার-জনসন ও বাবা পি জের সঙ্গেও সে ঠিকমতো মিশতে পারত না।

.
.

সারা দিন কাটত বাসায়। মেয়েটা কারও কথা বোঝে না, তার কথা কাউকে বোঝাতেও পারে না। তাই আইরিস কান্না করত, জেদ করত।
ওর বয়স যখন চার, তখন ঘটল একটা আজব ঘটনা। এক সন্ধ্যায় একটা ছোট্ট বিড়ালছানা নিয়ে বাড়ি ফিরলেন আইরিসের মা। ওমা! বিড়ালটা দিব্যি সোজা সোফার ওপর আইরিসের পাশে গিয়ে বসল। দুজন এমনভাবে মিশে গেল, যেন দুই পুরোনো বন্ধুর অনেক দিন পর দেখা হয়েছে! অ্যারাবেলা বিড়ালটার নাম রাখলেন টুলা।

আইরিসকে নিয়ে লেখা বই
আইরিসকে নিয়ে লেখা বই

এরপর থেকেই একটু একটু করে বদলে যেতে শুরু করল আইরিস গ্রেস। যে মেয়েটা কারও সঙ্গে কথা বলত না, টুলার সঙ্গে সে ভাব বিনিময় করতে শুরু করল। বিড়ালটাও যেন তার সব কথা বোঝে! আইরিস যখন বলে, ‘সিট ক্যাট’, টুলা লক্ষ্মী মেয়ের মতো বসে পড়ে! এভাবে দুই বন্ধু একে অপরকে দেখে রাখতে শুরু করল।
আর আইরিস শুরু করল ছবি আঁকা। কী অদ্ভুত সুন্দর সব ছবি যে সে আঁকে! এখন বয়স ছয়। এরই মধ্যে তার অনেকগুলো ছবি অনেক দাম দিয়ে কিনে নিয়েছেন বিশ্বের নামীদামি শিল্প সংগ্রাহকেরা। কয়েক দিন আগে হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিও যখন আইরিসের আঁকা একটা ছবি কিনে নিলেন, তখন তো সারা বিশ্বে হইহই রইরই পড়ে গেল! ছয় বছর বয়সেই আইরিস হয়ে গেছে বিরাট আঁকিয়ে! বিখ্যাত শিল্পীকে ছবি আঁকার সময় সঙ্গ দেয় কে জানো? কে আবার? টুলা! আইরিস ছবি আঁকার সময় টুলা পাশে সমঝদারের মতো বসে থাকে।
আইরিস গ্রেসের নামে একটা ওয়েবসাইট আছে। ওর নামে বই বের হয়েছে। সারা বিশ্বে পৌঁছে গেছে তার খ্যাতি। রং আর তুলি হাতে একের পর এক ছবি এঁকে মেয়েটা বলছে, ‘যারা অন্য রকম, তারাই অনন্য!’
মো. সাইফুল্লাহ, সূত্র: ডেইলিমেইল