বিষ্টিনামা দুপুরে
তখন দুপুর। অঙ্কের ক্লাস সবে শুরু হয়েছে। অমনি ঝুমঝুম বিষ্টি। এমন ছন্দতোলা বিষ্টি ওরা আগে দেখেনি। ওদের ধারণা, এ শহরে বিষ্টিই হয় না। তাই ভরদুপুরে অমন বিষ্টি দেখে অবাক ওরা। অঙ্কে আর মন বসে না। ভীষণ কড়া অঙ্ক স্যার সুনীল বাবুও সব ভুলে বিষ্টি দেখেন। তিনতলা দালানের দোতলার উত্তর দিকে ওদের ক্লাসরুম। ওরা মানে— সাদিয়া, মালিহা, মীম, রারা, আবীর, তন্ময় ও অমিঅ। পুরো ক্লাসে ওরা সাতজন একটু আলাদা। পাখির জন্য, ফুলের জন্য, গাছের জন্য ওদের মায়া একটু বেশি। ওরা পড়াশোনায় ভালো। হাতের লেখা সুন্দর। ওরা গান জানে। চমৎকার ছবি আঁকে। রারার আঁকা ছবি প্রায়ই ছাপা হয় দৈনিক পত্রিকার ছোটদের পাতায়। ক্লাস ফোরের এই সাতজনকে স্যাররা ‘সাত তারকা’ বলে ডাকেন। সেই বিষ্টিঝরা দুপুরে সাত তারকা জানালা দিয়ে দেখছিল বিষ্টি পড়ার দৃশ্য, বাতাসে বাতাসে পাতার নাচন আর আমগাছে বসে থাকা বিষ্টির পানিতে নাকাল একটা দোয়েল পাখি। বড় কাচের জানালাটা খোলা। আকাশ দেখা যায়। সেখান দিয়ে বিষ্টির ঝাপটা ঢুকে পড়ছে ক্লাসে। গাছের পাতার ওপর বিষ্টির ফোঁটা পড়ে নানা রকম তাল সৃষ্টি করছে। একটু আগে চারদিক অন্ধকার ছিল। কালো মেঘ দখল করে নিয়েছিল পুরো আকাশ। বিষ্টি শুরু হওয়ার পর একটু ফরসা হয়েছে সব দিক। মাঝে মাঝে বিজলি চমকাচ্ছে। প্রথমে আলো, একটু পরে পিলে চমকানো শব্দ। ‘আজ অঙ্ক নয়। আজ বিষ্টির ক্লাস হলে কেমন হয়?’ সুনীল স্যারের এমন প্রস্তাবে ওরা সাতজন প্রথমে একটু অবাক হয়। স্যারের কথাটা বাকিদের কাছে পৌঁছতে একটু সময় নেয়।‘তোমরা কি শুনতে পাচ্ছ? আজ শুধু বিষ্টির ক্লাস হবে।’ সুনীল স্যার গলা চড়িয়ে বলেন।এবার পেছনের বেঞ্চের সবাই একসঙ্গে বলে ওঠে, খুব ভালো হবে, স্যার। অঙ্ক হবে না তাতে খুশি সবাই, তবে বিষ্টির ক্লাস কীভাবে হয় তা ভেবে পাচ্ছে না কেউ। রারা সাহস করে প্রশ্ন করে, ‘স্যার, বিষ্টির ক্লাস কী?’ওর কথায় স্যার মিষ্টি করে হাসেন। বলেন, ‘বাংলার ক্লাস, অঙ্কের ক্লাস, ইংরেজির ক্লাস থাকতে পারলে বিষ্টির ক্লাস হবে না কেন? যতক্ষণ বিষ্টি থাকবে আমরা ক্লাসে আর কিছুই করব না, কেবল বিষ্টি দেখব।‘রারা, তুমি বলো তো বিষ্টি দেখতে কেমন?’‘স্যার, বিষ্টি খুব সুন্দর!’‘কেমন?’‘স্যার, আমি বইয়ে পড়েছি প্রতিটি বিষ্টির ফোঁটার সৌন্দর্য আলাদা। আকাশে যে মেঘ উড়ে বেড়ায়, সেগুলোর রং আলাদা। মেঘের অনেক, অনেক নাম আছে। সব মেঘ থেকে বিষ্টি হয় না। আবার সব বিষ্টি এক রকম না। খোলা মাঠের ওপর বিষ্টি এক রকম, আবার নদীর ওপর বিষ্টি পড়ার ছন্দ আর রূপ আরেক রকম। বনের গাছে গাছে, গাছের পাতায় যখন বিষ্টির ফোঁটা পড়ে, তখন তার সৌন্দর্য আরেক রকম হয়।’স্যার অবাক হয়ে শোনেন রারার কথা। তাঁর ক্লাসের ছোট্ট ছেলেটা এত কিছু জানে। এত সুন্দর করে বলতে পারে!‘রারা, তুমি কোথায় কোথায় বিষ্টি দেখেছো?’‘স্যার, সমুদ্র ছাড়া সবখানে বিষ্টি দেখেছি। নদীর ওপর, খোলা মাঠ আর বনের মধ্যে বিষ্টি দেখা, বিষ্টিতে ভেজার খুব আনন্দ!’ রারার কথা শোনেন আর তন্ময় হয়ে যান সুনীল স্যার। তাঁর সামনে এসে হাজির হয় বিশাল একটা সবুজ মাঠ। মাঠ ভরা ঘাস। মাঠের উত্তর দিকে একটা খাল। তারপর খেজুরগাছের সারি। পুব-পশ্চিমে লম্বালম্বি একটা স্কুলভবন। স্কুলের পুব দিকে শনের বন, ফসলের খেত। দক্ষিণে শিমুলতলী গ্রাম। আর পশ্চিমে আম, জাম, বেল ও কাঁঠালের জঙ্গল। ঝুমবিষ্টি। মাঠের অনেক জায়গায় পানি জমে আছে। স্কুল ছুটি হয়েছে অনেক আগে। সেই পানিভরা মাঠে রতন, বাবুল, শফিক, জগদীশ, তপু, পবন, ছন্দুর সঙ্গে একটা বল নিয়ে খেলছেন তিনি। বিষ্টি নামছে বিরামহীন। ফুটবল খেলার দল মাঠের এ-প্রান্ত থেকে ও-প্রান্তে ছুটছে। পানিতে বল আটকে যায়। ঘাসের ওপর পানি। বলে লাথি দিলে একটু গিয়ে পানির ওপর ঘুরতে থাকে। সেই বল নিয়ে পায়ে পায়ে সংঘাত। বল সামাল দিতে না পেরে নিজেরাই জলকাদায় গড়াগড়ি। দুপুর গড়িয়ে বিকেল। একটু পরেই সন্ধ্যা নামবে। বিষ্টি ধরতেই চায় না। তার ওপর সন্ধ্যা না নামতেই দিনের আলো ফুরিয়ে যায়। কাদামাখা শরীরে ঝাঁপ দিয়ে খালের পানিতে নামে সবাই। ততক্ষণে শরীরে শীতের কাঁপুনি ধরে। চোখ লাল হয়। বাড়ি গেলেই মা ইচ্ছেমতন বকেন। অনেক অনেক দিন পর আজ সেসব বিষ্টিদিনের ছবি মনের পর্দায় ভেসে আসে সুনীল স্যারের। তাঁর মন নেচে ওঠে খুশিতে। চোখ ভরে যায় জলে। নিজেকে সামলে নিয়ে স্যার বলেন, ‘বিষ্টিতে ভিজলে মানুষের মনের সব ব্যথা, দুঃখ, কষ্ট চলে যায়। মন বড় হয়। আজ আমার বিষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছে। তোমরা কি কেউ ভিজতে চাও?’ অঙ্কের স্যার সুনীল বাবু। স্কুলের সবচেয়ে কড়া স্যার তিনি। তার এই আহ্বানে আর কি কেউ ক্লাসে বসে থাকতে পারে! স্যার ছুটছেন, তাঁর পেছনে ক্লাসের সবাই। হ্যামিলনের সেই জাদুকর বাঁশিওয়ালা যেন সুনীল স্যার। তিনি মোহনবাশিতে পাগল করা এক সুর তোলে সবাইকে নিয়ে যাচ্ছেন খোলা ছাদে। তারপর এই শহরে, বিষ্টিনামা সেই দুপুরে ছাদের ওপর তুমুল ভিজল সুনীল স্যার আর তাঁর ছাত্ররা।