বিড়াল-মা টুকির ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল থেকে ফিরে এসে অর্ণব দেখতে পেল, টুকির তিনটি ফুটফুটে ছানা হয়েছে। একটি ধবধবে সাদা, আরেকটি সাদা-কালো, অন্যটি সাদা আর বাদামি। টুকির ছানা তিনটি এখনো ভালো করে চোখ মেলে তাকাতে পারে না। চোখ খোলার চেষ্টা করে আবার বন্ধ করে ফেলে। মা-বিড়াল টুকি খুবই যত্ন নিচ্ছে বাচ্চাদের। একমুহূর্তের জন্য সে তার বাচ্চাদের চোখের আড়াল করতে চায় না। সারাক্ষণ বুকে নিয়ে বসে আছে। একবার এর গায়ে জিব বুলিয়ে দিচ্ছে তো আরেকবার ওর গায়ে। আর টুকির ছানাগুলোও আদর পেয়ে মায়ের শরীরে নুইয়ে পড়ছে। স্কুল থেকে ফিরে এ দৃশ্য দেখে অর্ণবের খুশি আর ধরে না। টুকি আর তার ছানাগুলোর কাণ্ড অর্ণব খুব মনোযোগ দিয়ে দেখছে আর অবাক হচ্ছে এই ভেবে যে, পৃথিবীর সব মা তাদের সন্তানদের এত ভালোবাসে! টুকি সারা দিন এ-ছাদ থেকে ও-ছাদ, এ-বাড়ি থেকে ও-বাড়ি ঘুরে বেড়াত। আজ সে একমুহূর্তের জন্যও বাচ্চাদের ছেড়ে নড়ছে না। অর্ণবও নড়ছে না।কিছুক্ষণ পর মা এসে তাড়া দিল, ‘কী, নাওয়া-খাওয়া করবে না? সারাক্ষণ এখানে বসে থাকলে চলবে? সন্ধ্যায় মাস্টারমশাই আসবেন পড়াতে। ঘুমুবে কখন?’ অর্ণব মায়ের কথায় উঠে যায়। খাওয়াদাওয়া করে বিছানায় শুয়ে থাকলেও মন পড়ে থাকে টুকির ছানাগুলোর কাছে। কী সুন্দর হয়েছে দেখতে টুকির ছানাগুলো! অর্ণব ভাবে, কী নাম দেওয়া যায় টুকির ছানাগুলোর? তা ছাড়া এ খবরটা তো বন্ধুদের দিতে হবে। সময়মতো খবরটা না দিলে ওরাই বা কী ভাববে! বলবে, এত খুশির খবরটা অর্ণব আমাদের দিল না! আর টুকির ছানাগুলোকে দেখতে আসার জন্যও বলতে হবে। এই চিন্তা করে করে দুপুরে অর্ণবের আর ঘুম হলো না। বিকেলে মাকে বলে অর্ণব গেল বন্ধুদের খবরটা দিতে। অর্কদের উঠানে নূপুর, রুম্পা, রনি ও অর্ক সবাই বসে আছে। অর্ণবকে দেখে অর্ক হেসে বলল, ‘কিরে, এত দেরি করে এলি কেন? সন্ধ্যা হয়ে আসছে। খেলব কখন?’অর্ণব বিশ্ব জয়ের হাসি হেসে বলল, ‘আজ আর খেলব না। আজ তোদের একটা মজার খবর দেব।’সবাই অর্ণবকে ঘিরে ধরল, ‘বল না কী বলবি? এত সময় নিচ্ছিস কেন!’ অর্ণবের পোষা বিড়াল টুকির তিনটি ফুটফুটে ছানা হয়েছে, এই আনন্দে অর্ণব চোখেমুখে খুশির ঝিলিক এনে বলল, ‘বল তো তিনটি ভালো ভালো নাম আমাদের টুকির ছানাগুলোর জন্য।’অর্ণবের কথা শেষ না হতেই সবাই ছুটল অর্ণবদের বাড়িতে। বারান্দার কোনায় টুকি তখন তার ছানাদের নিয়ে ঘুমুচ্ছিল। মানুষের আওয়াজ পেয়ে সে জেগে উঠল। পরিচিত সব মুখ দেখে আবার চোখ বন্ধ করল। নূপুর বলল, সাদা ছানাটার নাম হবে মেঘদূত। সাদা-কালো ছানাটার নাম হবে জলদূত আর সাদা-বাদামিটার নাম রাজদূত। সবাই নূপুরের রাখা নামগুলো শুনে খুব খুশি হলো। অর্ণবের মা পিঠা বানাচ্ছিলেন। সবাই মিলে পিঠা খেয়ে নিজ নিজ বাড়িতে চলে গেল। অর্কদের উঠানে খেলতে যাওয়ার বদলে বিকেলের সময়টা এখন অর্ণবদের বারান্দায় টুকির ছানাগুলোকে দেখতে আসে সবাই। টুকি এখন বাচ্চাদের ফেলে কিছুটা সময়ের জন্য বাইরে যায়। আর বাচ্চাগুলোও এখন অনেকটা বড় হয়ে উঠেছে। এখন ভালোভাবে চোখ মেলে তাকাতে পারে, টুকিকে না দেখলে মিউ মিউ করে আশপাশে তাকায়। ছানাদের মধ্যে জলদূতটা হয়েছে সবচেয়ে বেশি চঞ্চল। প্রায়ই সে এদিক-ওদিক হাঁটাহাঁটি করে। আবার কিছুদূর গিয়ে যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন টুকি গিয়ে তাকে নিয়ে আসে। টুকি জলদূতের পিঠে কামড় দিয়ে ধরে নিয়ে আসে। তারপর বুকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। হয়তো মা টুকি শাসন করার পর আবার আদর করে।একদিন টুকি বাইরে থেকে এসে চিত্কার শুরু করেছে আর এদিক-সেদিক ঘুরে বেড়াচ্ছে। টুকির চিত্কারে অর্ণব আর তার বাবা-মা কাছে গিয়ে দেখল, তিনটি ছানার মধ্যে একটি নেই। জলদূতকে খুঁজে না পেয়ে টুকি চিত্কার করছে। সবাই মিলে জলদূতকে অনেক খোঁজাখুঁজি করল। টুকি এ-বাড়ি ও-বাড়ি চষে বেড়াল। সারা রাত ধরে কাঁদল। কিন্তু জলদূতকে কোথাও খুঁজে পাওয়া গেল না। টুকির কান্নায় অর্ণব সে রাতে ঘুমুতে পারল না। অর্ণবও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদল। মা বলল, ‘আহা বেচারি, সন্তানের জন্য পাগল হয়ে গেছে!’ পরদিন অর্ক, অর্ণব, নূপুর, রনি ও রুম্পা মিলে ঠিক করল, যেভাবেই হোক জলদূতকে খুঁজে বের করতে হবে। কিন্তু সব জায়গায় খোঁজাখুঁজি করেও জলদূতকে পাওয়া গেল না। আর টুকিও কেঁদে কেঁদে কাহিল হয়ে পড়ল।এখন টুকি আরও বেশি সতর্ক। কোথাও গেলে কিছুক্ষণ পর পর এসে দেখে যায় মেঘদূত আর রাজদূত ঠিকমতো আছে কি না। জলদূতকে হারিয়ে মেঘদূত আর রাজদূত কিছুদিন চুপ হয়ে গিয়েছিল। এখন আবার স্বাভাবিক হয়ে এসেছে। কিন্তু টুকি এখনো তার হারিয়ে যাওয়া সন্তানকে ভুলতে পারেনি। এখনো টুকি গলা ছেড়ে কাঁদে তার জলদূতের জন্য!