বুঁচি
দরজা একটুখানি ফাঁক পেয়ে রিশাদের বাসায় ঢুকে পড়ল হুলো। আর পড়বি তো পড় একেবারে রিশার সামনে। অমনি হাত তুলে তেড়ে এল ও। গলা ফাটিয়ে চেঁচাল, ‘যা ভাগ, পাজি বিড়াল! একটা থাপড় দেব।’বিপদ বুঝে দৌড়ে পালাল হুলো। কয়েক দিন আগেও হুলোকে খুব পছন্দ করত রিশা। ‘বিল্লি বাবু’ বলে ডাকত ওকে। মাঝেমধ্যে বুয়াকে বলে পিরিচে করে নানা রকম সুস্বাদু খাবার দিত। স্বভাব দোষে রিশার কাছে এখন সে পাজি বিড়াল। সেদিন রিশাদের খাবার টেবিলে ইলিশের কয়েকটি ভাজা টুকরো ছিল। এমন লোভনীয় সুবাস, ঠিক থাকতে পারেনি হুলো। একটা মাছের টুকরোয় যেই সে মুখ লাগিয়েছে. অমনি বুয়াটা বকতে বকতে তেড়ে এল রান্নাঘর থেকে। পালাতে হলো মুখের খাবার ফেলে। সেই থেকে রিশার দুচোখের বিষ সে।বিড়ালটাকে তাড়িয়ে পুতুল নিয়ে খেলতে বসে রিশা। তিনটি পুতুল ওর। একটির নাম কলাবতী, একটি পিংকি, একটি বুঁচি। কয়েক দিন আগে চার বছরে পা দিয়েছে রিশা। জন্মদিনের উপহার পেয়েছে কলাবতীকে। নিতু খালা দিয়েছেন। কচি কলাপাতার মতো গায়ের রং। মুখখানি ফরসা। মাথাভর্তি কালো চুল। পরনে সবুজ শাড়ি। দেখলে কেমন মায়া মায়া লাগে। এ জন্য কলাবতীকে খুব আদর করে রিশা। কোলে নিয়ে ঘুরে বেড়ায়। পিংকিও বেশ বাহারি পুতুল। হালকা গোলাপি তার গা। মাথায় কোঁকড়ানো সোনালি চুল। টুকটুকে লাল ফ্রক পরা। চেহারায় দুষ্টু দুষ্টু ভাব। পিঠে নীল বোতাম, টিপলে হি হি করে হাসে।বুঁচি সাদা কাপড়ের পুতুল। গায়ে বুটিদার লাল জামা। কিন্তু অনেক দিন হাতের পরশে পুতুলটি ময়লা ন্যাতন্যাতে হয়ে গেছে। বাঁ পায়ের গোড়ালিতে ফুটো। ফুটো গলে খানিকটা বেরিয়ে আছে ভেতরের তুলো। বুঁচি সুন্দর নয় বলে রিশারও মনে ধরে না। তাই বলে বুঁচিকে একেবারে ফেলেও দেয়নি। রোজ পুতুলখেলার সময় বুঁচিকে একপাশে রেখে দেয় ও। কলাবতী আর পিংকিকে যখন মিষ্টি কথা বলে আদর করে। বুঁচিকে বারবার শাসায়, ‘এই পাজি, একদম দুষ্টুুমি করবি না। পিট্টি দেব কিন্তু।’ রিশাদের বাসার মুখোমুখি বাসায় নতুন ভাড়াটে এসেছে। সে পরিবারেও আছে রিশার বয়সী এক মেয়ে। নাম তিয়ানা। একটু মাতব্বরির ভাব আছে তিয়ানার। প্রথম দিন এসেই কলাবতীকে বগলদাবা করে ও। পটাপট চুমু খায় গালে। রিশার তা পছন্দ নয়। ও চোখ পাকিয়ে বলে, ‘ওকি, কলাবতীকে কোলে নিচ্ছ কেন? দাও, শিগগির দাও।’ এই বলে তিয়ানার কাছ থেকে কলাবতীকে কেড়ে নেয় রিশা। অমনি গাল ফোলায় তিয়ানা। অভিমানী সুরে বলে, ‘ছি ছি, কারও পুতুল ধরলে এমন করে কেউ? তিয়ানার কথায় রিশা দমে যায়। এ সুযোগে সাহস বাড়ে তিয়ানার। সে আরেকটু জোর দিয়ে বলে, ‘কই, দাও না একটা পুতুল। আমি তোমাকে একটা জোকার দেব।’ রিশা বলে, ‘কই তোমার জোকার? নিয়ে এসো আগে। দেখি, কেমন।’ তিয়ানা এক ছুটে নিয়ে আসে ওর জোকার। ছোটখাটো একটা পুতুল ভাঁড়। মাথায় মখমলের লাল টুপি, গায়ে রংচঙে জামা। নাকের ডগায় লাল টুকটুকে বল। বুঁচির চেয়ে অনেক ভালো দেখতে। জোকারটাকে রেখে বুঁচিকে দিয়ে দেয় রিশা। তিয়ানার লোভ কলাবতীর ওপর। পিংকিকে পেলেও মন্দ হয় না। কিন্তু বুঁচিকে মনে ধরে না। তবু বুঁচিকে রেখে দেয়। জোকারকে পছন্দ করে না ও। ভয় লাগে। মা এসে রিশার হাতে নতুন পুতুল দেখে অবাক হন। রিশা শুকনো গলায় বলে, ‘তিয়ানা দিয়েছে।’ জোকারের গায়ে বসানো একটা বোতামে হঠাৎ চাপ লেগে যায়। অমনি ওটা হেসে ওঠে হো হো করে। বিকট হাসি। চমকে ওঠে রিশা। মাও। তিনি বলেন, ‘এত সুন্দর পুতুলের এমন বিটকেলে হাসি কেন?’ রিশা বলে, ‘জানো মা, এটাকে দিয়ে তিয়ানা আমার বুঁচিকে নিয়ে গেছে।’ ‘নিয়ে যাক। বুঁচির চেয়ে এই পুতুল অনেক সুন্দর।’ ‘কচু! বুঁচির মতো এটার ফুটি ফুটি লালজামা কই? পায়ের ফুটো কই?’ মা অবাক হয়ে বলেন, ‘কী বলে মেয়ে! ফুটো তো একটা খুঁত।রিশা ধরা গলায় বলে, ‘না, আমার ফুটোওয়ালা পুতুলই ভালো। তিয়ানা জোর করে নিয়ে গেছে ওটা। শিগগির এনে দাও।’ ভ্যাঁ করে কেঁদে ফেলে রিশা। কাঁদতেই থাকে। শেষে রিশাকে নিয়ে তিয়ানাদের বাসায় যান মা। রিশার কান্না দেখে তিয়ানাও কাঁদতে শুরু করে। টেনে টেনে বলে, ‘না না, বুঁচিকে আমি দেব না।’ রিশা কাঁদতে কাঁদতে মায়ের সঙ্গে ফিরে যায়। তা দেখে মনটা ভারি খারাপ হয়ে যায় হুলোর। তিয়ানাদের বসার ঘরে একটা সোফার নিচে বসে আছে সে। রিশা তাকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু খুশি হতে পারছে না হুলো। উল্টো বরং চোখে পানি এসে গেছে। এ আসলে পুরোনো বন্ধুর টান। রিশা এখন ওকে আদর করে না, সে তো ওর কারণেই। চোরকে আদর করবে কে? সহসা রিশাকে খুশি করার একটা দারুণ বুদ্ধি খেলে যায় হুলোর মাথায়। হ্যাঁ, তক্কে তক্কে থেকে সুযোগটাকে কাজে লাগাতে হবে। রিশার মন জয় করে ফিরে পেতে হবে সেই বন্ধুত্ব। টুংটাং মিষ্টি শব্দে বাজে রিশাদের বাসার ডোরবেল। বুয়া গিয়ে দরজা খুলে দেয়। রিশার বাবা ঢোকেন ঘরে। তাঁর সঙ্গে সুড়ুত করে হুলোও ঢুকে পড়ে। মুখে রিশার পুতুল বুঁচি। তিয়ানা যখন বুঁচিকে রেখে টিভিতে টম অ্যান্ড জেরি শো দেখছিল, এই সুযোগে পুতুলটাকে বাগিয়েছে সে। এদিকে বাবাকে পেয়ে উথলে ওঠে রিশার আহ্লাদ। ধরা গলায় বুঁচিকে হারানোর গল্পটা বাবাকে বলতে যায় ও, আর তখনই হুলোর ওপর চোখ পড়ে। ওমা, কী অবাক কাণ্ড! ওর বুঁচিকে নিয়ে এসেছে হুলো। আনন্দে হুর রে বলে চিৎকার দেয় রিশা। পুরো এক বাটি দুধ পুরস্কার পায় হুলো।