বুদ্ধির ৩ খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>দাবা, সুডোকু আর রুবিকস কিউব। তিনটি খেলাই ভীষণ মজার! আবার এই খেলা কিন্তু স্রেফ খেলা নয়! বুদ্ধিকে আরও ধারালো করতে এসব খেলার চর্চা যে কতটা উপকারী, জানতে হলে ঝটপট পড়ে ফেলো এই লেখাটা।
দাবা
দাবা

দাবা

দাবা যে নিয়মিত খেলে, বুদ্ধির পরীক্ষায় তাকে দাবিয়ে রাখা কঠিন! ঘোড়া এগিয়ে দেবে, নাকি সৈন্য? তোমার রাজাকে ঘায়েল করতে মনে মনে কী বুদ্ধি আঁটছে বিপক্ষ দলের খেলোয়াড়? এসব ভাবতে ভাবতেই মগজের বেশ একটা ব্যায়াম হয়ে যায়।
দাবা কি বুদ্ধিমানের খেলা, নাকি কেবল বুদ্ধিমানেরাই দাবা খেলে? প্রশ্নটা অনেকটা ‘ডিম আগে না মুরগি আগে?’ এর মতো। তবে দাবার সঙ্গে যে বুদ্ধির একটা ভালো সংযোগ আছে, তাতে কোনো সন্দেহই নেই। ভেনেজুয়েলায় একবার স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটা গবেষণা হয়েছিল। চার মাস নিয়মিত দাবা খেলেছিল চার হাজার ছাত্রছাত্রী। পরে দেখা গেল, এই চার মাসে তাদের সবার আইকিউ আগের চেয়ে বেশ খানিকটা বেড়ে গেছে। আবার দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন-এর এক গবেষণায় জানা গেছে, যারা দাবা খেলার চর্চা করে, তাদের আলঝেইমার (ভুলে যাওয়ার অসুখ) হওয়ার সম্ভাবনা কম। দাবা খেলা মনোযোগ বাড়ায়, সমস্যা সমাধানের দক্ষতা তৈরি করে। তাই খেলো যদি দাবা, বলবে না কেউ হাবা!

রুবিকস কিউব
রুবিকস কিউব

রুবিকস কিউব
রুবিকস কিউব দেখতে অনেকটা বাক্সের মতো, যে বাক্সের ভেতর আছে আরও অনেক বাক্স। যদি বাক্সের ছয় পাশে ছয়টা রং আনতে পারো, তাহলেই কেল্লা ফতে! তবে কাজটা কিন্তু সহজ নয়। বেশ মাথা খাটাতে হয়।
আবার যারা রুবিকস কিউব মেলাতে পারে, তাদের জন্য এটা একদম পানি ভাত! চোখ বুজে অনেকে ৬ সেকেন্ডেরও কম সময়ে কিউব মিলিয়ে ফেলতে পারে। দেখে মনে হয়—জাদু! ঝটপট কিউব মিলিয়ে যদি বন্ধুদের চমকে দিতে চাও, এখনই চর্চা শুরু করে দাও। যারা রুবিকস কিউব মেলাতে পারে, তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারো। ধৈর্য ধরে চেষ্টা করতে থাকলে তুমি নিজেও হয়তো একটা উপায় বের করে ফেলতে পারবে। রুবিকস কিউব মেলালে মনোযোগ বাড়ে, বুদ্ধি বাড়ে, মাথা খাটানোর দক্ষতা বাড়ে, আর বাড়ে ধৈর্য। সম্ভব হলে স্কুলের ব্যাগে একটা রুবিকস কিউব রেখো। চর্চা চালিয়ে যাও, দেখবে গণিত পরীক্ষায় তোমার নম্বরটাও দিনে দিনে বাড়তে থাকবে।

সুডোকু
সুডোকু

সুডোকু
সুডোকুকে অনেকে গণিত ভেবে ভুল করে। স্রেফ সংখ্যা দিয়েই যে সুডোকু হয়, তা কিন্তু নয়। ১ এর বদলে একটা কলা, ২ এর বদলে একটা তরমুজ, ৩ এর বদলে একটা আম... এভাবে একেকটা ফল বসিয়েও কিন্তু সুডোকু সাজানো যেতে পারে। পত্রিকায় নিয়মিতই সুডোকু ছাপা হয়। আবার সুডোকু খেলার জন্য মোবাইল অ্যাপও আছে।
সুডোকুর উপকারিতাগুলো অনেকটা দাবার মতোই। পড়ায় মন বসে না বলে তোমার যদি মন খারাপ হয়, তাহলে সুডোকু খেলতে বসে যাও। কারণ বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, এই খেলা শুধু যে মনোযোগ বাড়ায় তা নয়, মন ভালোও করে। ধরো একটা সুডোকু মেলানোর জন্য তুমি মাথা ঘামাচ্ছ। মিলে গেলে দেখো, কী যে আনন্দ হয়! তখন আরও একটা মেলাতে ইচ্ছা করে। স্কুল থেকে ফেরার পথে তোমাকে যদি যানজটে বসে থাকতে হয়, তখন বসে বসে সুডোকু খেলতে পারো।