বুড়োর বড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: জি এম কায়েদ, চতুর্থ শ্রেণি, বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজবাড়ী

‘বেশি তিড়িংবিড়িং করবি না! দাঁতগুলো আরেকটু বড় হলে এক কামড়ে...।’

‘অ্যাঁ! এমন ইলেকট্রিক শক দেব যে একেবারে টুনা মাছ হয়ে যাবি!’

‘ইলেকট্রিক শক! তা কী করে!’

‘আমি দেখতে লিকলিকে, তাতে কী! আমি বিদ্যুৎ বানাতে পারি। আমার শরীর একটা ছোটখাটো বিদ্যুৎকেন্দ্র, বুঝলি?’

সাগরতলে খেলছিল হাঙরছানা ও ইল মাছ। এমন সময় অদৃশ্য কণ্ঠ শুনে চমকে উঠল দুজন।

‘আমার ঘুম ভাঙাল কারা শুনি! খবরদার আমার টাকাকড়িতে কেউ হাত দেবে না।’

ভয় পেয়ে এদিক–ওদিক তাকাল বাকি দুজন। কেউ নেই। সামনে বালুর ওপর কয়েকটা গোলগাল পাথর পড়ে আছে। ওগুলোই টাকাকড়ি নাকি?

ভয়ে ভয়ে হাঙরছানা বলল, ‘তুমি কি সাগরের ভূত?’

ধমকে উঠল অদৃশ্য কণ্ঠ।

‘খুব বাড় বেড়েছ। পেঁচিয়ে এমন চাপ দেব, ঘিলু বেরিয়ে যাবে। সাগরে থাকো, অথচ কার কী ক্ষমতা সেটাই জানো না।’

ইলছানাটা এদিক–ওদিক চক্কর দিল। হাঙরছানাও আঁতিপাঁতি খুঁজল। নুড়িপাথর, প্রবাল আর নানা রঙের মাটি। কেউ থাকলে চোখে পড়তই।

‘তুমি কোথায়? দেখতে পাচ্ছি না কেন?’

অদৃশ্য কণ্ঠধারী খানিকটা বিরক্ত। বয়স হয়েছে। এত প্রশ্নের উত্তর দিতে ইচ্ছা করে না।

‘কিছু বললে না যে?’

‘তোমাদের মতো সারা দিন পক পক করলে তো ধরা পড়ে যাব। অবশ্য আমাকে ধরে সাধ্য কার! আমি হলাম সাগরের সবচেয়ে ক্ষমতাধর প্রাণী।’

‘তিমির চেয়েও!’

‘তোমার কী অনেক বড় দাঁত? অনেক জোরে ছুটতে পারো?’

প্রশ্ন ছুড়ে চলেছে ইল আর হাঙরছানা।

‘চাইলেই অদৃশ্য হতে পারি। অদৃশ্য হয়ে মাথামোটা তিমির ঘাড়ে চড়ে ঘুরতে পারি মাইলকে মাইল। বিপদ এলে তোমরা সবাই যখন পালাও, তখন আমি দিব্যি বসে থাকি। কেউ দেখতেই পায় না।’

‘তাই এত বড়াই। তা অদৃশ্য হও কী করে?’

‘শরীরটাই এমন। যখন–তখন যেকোনো রঙের সঙ্গে মিশে যেতে পারি। এখন বিরক্ত কোরো না। করলে একেবারে শুঁড় পেঁচিয়ে...।’

ঠং, ঝপাৎ, ঝপাং ঝপ।

একটা জাল! আতঙ্কে হিম হয়ে গেল হাঙরছানা আর ছোট্ট ইল।

‘ও মাগো! জালে আটকে গেল হতচ্ছাড়া পাগুলো। উফ্!’

একটু পর কালো একটা মেঘের দলা। ফুটে উঠল অদৃশ্য প্রাণীর অবয়ব।

‘ওহ্, তুমি অক্টোপাস! খুব তো বড়াই করলে। এখন পড়লে ধরা।’

আটটা পা যতই ছোড়াছুড়ি করছে, ততই আটকে যাচ্ছে অক্টোপাসটা। কাতর দৃষ্টিতে তাকাল হাঙরছানা আর ইলের দিকে। জেলের পায়ের কাছে গিয়ে অ্যায়সা বৈদ্যুতিক শক দিল ইল। বেচারার হাত থেকে পড়ে গেল জাল। ধারালো দাঁত দিয়ে জাল কেটে অক্টোপাসকে মুক্ত করল হাঙরছানা।

এতক্ষণ নিজের অদৃশ্য হওয়ার ক্ষমতা নিয়ে বড়াই করেছে খুব। এবার বাচ্চাদের সামনে লজ্জায় পড়তে হবে দেখে আবার মাটির সঙ্গে মিশে গেল বুড়ো অক্টোপাস। ভারী গলায় শুধু একবার বলল, ‘ধন্যবাদ, বৎস।’