বৃষ্টি মিষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: কাজী রাদিফা, এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা

আয় রে পাখি

ফয়েজ রেজা

আয় রে আমার নিখোঁজ টিয়া পাখি

তোর শরীরের সবুজ বনে মাখি।

আয় রে আমার দুষ্টু চড়ুই সোনা

তুই না এলে পিঠাই বানাব না।

আয় রে আমার গঙ্গাফড়িং ফিরে

মুক্তস্বাধীন শঙ্খ নদের তীরে।

আয় রে আমার সুমিষ্ট হরবোলা

এখনো তোর গাছের খোড়ল খোলা।

শিস বাজিয়ে দল বেঁধে আয় ফিঙে

দেখতে কি তুই এখনো টিংটিঙে?

আয় রে ফিরে হলদে পাখির ছানা

এখন তো মাঠভরা শস্যদানা।

বাগানভরা মিষ্টি মিষ্টি ফলে

ওরে ধনেশ ফিরবি না জঙ্গলে?

ওরে চটক, ওরে হাঁড়িচাচা

মায়ের কোলে ফিরে পুচ্ছ নাচা।

চড়ুই বাবুই মুনিয়া নীল টুনি

ঘাসবিচি গম খাওয়াব এক্ষুনি!

বৃষ্টি মিষ্টি

মিতুল সাইফ

বৃষ্টি নামের মিষ্টি মেয়ে ঝুমুর ঝুমুর নূপুর পায়

মেঘের সঙ্গে এল ছুটে আজকে হঠাৎ দুপুরটায়।

খরায় ফাটা মাটির বুকে আঁকল জলের আলপনা,

মন–আকাশে তৈরি হলো সৃষ্টি সুখের জাল বোনা।

দূরের মাঠে নদীর ঘাটে বৃষ্টি নরম টলটলে,

আমার মায়ের চোখের মতো বৃষ্টি ঝরে ঝলমলে।