বেড়ালছানা ফোন করেছে কুকুরছানার মাকে
লুৎফর রহমান রিটন
বেড়ালছানা ফোন করেছে কুকুরছানার মাকে—
তোমার ছেলে আমায় কেন ধরার তালে থাকে?
একটু যদি বাইরে বেরোই ইভনিং হণ্টনে
ওমনি তোমার সুপুত্রটা চেঁচাবে প্রাণপণে!
কুকুর আমি ভয় পাই খুব তোমার ছানার জানা
তাই বুঝি ওর গা ছমছম কাণ্ড ও কারখানা?
তোমার ছানা কুকুর হলেও গর্জনে সে বাঘই
আমায় কেন মারতে আসে? ক্যান সে এত রাগী!
আন্টি তুমি বকে দিয়ো তোমার ছানাটাকে
সে যেন আর ভয় না দেখায় খামচে না দেয় নাকে।
আমরা বেড়াল খুব নিরীহ শান্তশিষ্ট প্রাণী
আমরা কি গো মারপিট আর ঝগড়া করতে জানি?
বেড়াল আমরা নরম কোমল মিয়াও মিয়াও হাসি
কামড়ে দিই না খামচে দিই না শুধুই ভালোবাসি।
বাঘের মাসি হলেও আমরা হিংস্র তো নই মোটে
বেড়ালছানার জন্যেই রোজ এত্ত গোলাপ ফোটে!
আন্টি বলল—হাহ্ হাহ্ হাহ্ বেড়ালছানা শোনো—
আমিই তো সেই কুকুরছানা, আন্টি তো নই কোনো!
মা বাড়ি নেই বাইরে গেছে ফোন ধরেছি আমি
আমার নামে নালিশ! দাঁড়াও ছোটাচ্ছি বাঁদরামি!
বেড়ালছানা ঘাবড়ে গিয়ে ফোন কেটে দেয় দ্রুত
তার চেহারা হতাশা আর বেদনা–আপ্লুত।
বেড়ালছানা ভাবতে থাকে শয্যা নিতে নিতে—
কুকুর যদি না থাকত এই দারুণ পৃথিবীতে
কী কচুটা আসত–যেত বলতে পারবে কেউ?
কী মিষ্টি মিউ মিউ আর কী বিচ্ছিরি ঘেউ...
অনুস্বর ও বিসর্গ
সারওয়ার-উল-ইসলাম
বিসর্গটা কাল,
রুক্ষ মনে বসেছিল
ফুলিয়ে দুটি গাল।
পাশেই ছিল একটা অনুস্বর—
‘কী হয়েছে বন্ধু তোমার?’
নিল সে খবর।
বিসর্গটা কেঁদে কেঁদে
বলে, ‘অনুস্বর—
“দুঃখ” লিখতে বসি বলেই
সুখ হয়েছে পর—
তাই তো মনে দুঃখ আমার
মেজাজখানা রুক্ষ আমার
তুমিই ভালো আছ—
পশুর রাজা “সিংহ” লিখতে
মাঝে বসে নাচো।’
‘দুঃখ নিয়ে দুখু মিয়া
হয়েছিল বড়
ক্যান খামোখা দুঃখ নিয়ে
থাকো জড়োসড়ো—
নজরুলকে কে না চেনে
দুঃখ নিয়ে লিখে—
আজও আছে টিকে।’
অনুস্বরের কথা শুনে
বিসর্গটা শেষে—
বইয়ের ভেতর হেঁটে হেঁটে
ঢুকল হেসে হেসে।