বৈশাখী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুশিয়ারাকে নিয়ে আর পারা গেল না। সে বৈশাখী মেলায় যাবে। শুধু কি মেলায় যাবে? মেলায় গিয়ে পান্তা-ইলিশ খাবে। আবার সে একা তো যাবে না। যেতে হবে মাকে। বাবাকেও। যেতে হবে কুলসুমকে। কুলসুমটা কে? কুশিয়ারার বন্ধু। না না, স্কুলের বন্ধু নয়, প্রতিবেশী বন্ধু। তাদের বাসার জানালার পাশে ছোট্ট একটা মাঠ আছে। সেখানে সারা দিন ইট ভাঙে কুলসুমের মা। কুলসুম মাঠে মাঠে দৌড়ে বেড়ায়। কখনো বা মায়ের আঁচল ধরে বসে থাকে। আবার কখনো জানালার এ পাশে দাঁড়িয়ে থাকা কুশিয়ারার সঙ্গে ভাব জমায়। কুশিয়ারা পত্রিকার পাতা দিয়ে উড়োজাহাজ বানিয়ে ছুড়ে দেয় জানালা দিয়ে। কুলসুম ধরে ফেলে উড়োজাহাজটা। কুলসুম ভাঙা ইটের স্তূপ থেকে কালো ঝামা ইটের ছোট্ট টুকরা নিয়ে ছুড়ে দেয় জানালার দিকে। কুশিয়ারা সেগুলো ধরার চেষ্টা করে। ধরেও ফেলে কয়েকটা। তারপর সেগুলো দিয়ে এক্কাদোক্কা খেলে। এভাবে চলতে থাকে। কুশিয়ারা স্কুল থেকে ফিরলে এবং স্কুল বন্ধের সময় সারা দিন। আর এভাবে কুলসুমে-কুশিয়ারাতে বন্ধুত্ব হয়ে যায়।তো সেই বন্ধুকে বৈশাখী মেলায় না নিয়ে কি পারে কুশিয়ারা? মা-বাবা লাল শাড়ি কিনে দেয় কুশিয়ারাকে। কেনে কুলসুমের জন্যও। তারপর পয়লা বৈশাখে তারা চারজন চলে যায় বৈশাখী মেলায়। বাবা পরে সবুজ পাঞ্জাবি। মা হলুদ শাড়ি। কুশিয়ারা লাল। কুলসুমও লাল।মেলায় পৌঁছে খুশিতে হাত ধরাধরি করে নাচতে থাকে কুলসুম-কুশিয়ারা। কত মানুষ! কত লাল, কত হলুদ আর কত সবুজ! কত দোকান, কত খেলনা! ‘এটা কিনে দাও, ওটা কিনে দাও।’ বলে কুশিয়ারা। ‘এটা কিনে দাও, ওটা কিনে দাও।’ বলে না কুলসুম। কুশিয়ারা বলে, ‘তুমি কিছু কিনবে না, কুলসুম?’ কুলসুম কিছু বলে না। মাথা নিচু করে ফেলে। মা বলে, ‘কিনবে না কেন, কিনবে তো।’ বাবা বলে, ‘চলো, আগে পান্তা-ইলিশ খেয়ে নিই।’ কুশিয়ারা হাততালি দিয়ে ওঠে। দেখাদেখি কুলসুমও হাততালি দিয়ে ওঠে।একটা টেবিলের চারপাশে গোল হয়ে বসে চারজন। দোকানদার চার থালা পান্তা-ইলিশ দিয়ে যায়। থালা দেখে অবাক হয় কুশিয়ারা। অবাক হয় কুলসুম। কুশিয়ারা বলে, ‘প্লেটগুলো এমন কেন বাবা?’ বাবা বলে, ‘এগুলো প্লেট নয়, বাসন। মাটির বাসন।’ মাটির বাসনে মজা করে খেতে থাকে চারজন। কুলসুমকে ইলিশের কাঁটা বেছে দেয় মা। কুশিয়ারাকে ইলিশের কাঁটা বেছে দেয় বাবা। কুশিয়ারা বলে, ‘তোমার কেমন লাগছে, কুলসুম?’ কুলসুম বলে, ‘স্বাদ লাগতাছে।’ ‘তুমি কি আর কখনো পান্তা খেয়েছ?’ কুশিয়ারা আবার বলে। কুলসুম বলে, ‘পত্তিদিন খাই।’ কুশিয়ারা অবাক হয়: ‘তাই নাকি? তুমি প্রতিদিন পান্তা-ইলিশ খাও?’ কুলসুম হাসে। হেসে বলে, ‘ইলিশ পামু কই? খালি পান্তা খাই। নুন দিয়া, মরিচ দিয়া।’ কুশিয়ারা বলে, ‘পান্তা-ইলিশ কিন্তু অনেক মজা। শোনো মা, তুমি যেদিন ইলিশ রান্না করবে, সেদিন আমি কুলসুমকে দাওয়াত দেব।’ ‘আচ্ছা দিও।’ মা বলে।পান্তা-ইলিশ খেয়ে তারা বেরিয়ে পড়ে মেলা দেখতে। কুশিয়ারা বলে, ‘ও মা, কত্ত বড় হাতি! বাবা, আমি হাতির পিঠে চড়ব। এ মা, ঘোড়াও তো আছে।’ একটা দোকানের সামনে গিয়ে কুশিয়ারা বলে, ‘বাবা, এটা কী?’ কুলসুম বলে, ‘এইটা তো ছিক্কা। আমগো ঘরে আছে।’ কুশিয়ারা বুঝতে পারে না। বলে, ‘ছিক্কা আবার কী জিনিস?’ এবার বাবা বলে, ‘ছিক্কা নয় মা, শিকে। এটাতে খাবারদাবার ঝুলিয়ে রাখা হয়, যাতে বিড়াল নাগাল না পায়।’ ওরা শিকে কিনে নেয়। আরেকটা দোকানের সামনে গিয়ে কুশিয়ারা বলে, ‘বাবা, এটা কী? ওটা কী?’ বাবা বলে, এটা খড়ম, ওটা ডুলা।’ কুশিয়ারা অবাক হয়ে জানতে চায়, ‘খড়ম আর ডুলা দিয়ে কী করে?’ বাবা বলে, ‘খড়ম হচ্ছে কাঠের জুতা। আর ডুলা হচ্ছে মাছ রাখার পাত্র। তোমার দাদা খড়ম পরতেন। আর তিনি যখন মাছ ধরতে যেতেন নদীতে বা খালে, আমি তাঁর সঙ্গে যেতাম ডুলা নিয়ে।’ ‘ও মা, তোমাদের খড়ম ছিল? ডুলাও ছিল?’ কুশিয়ারা অবাক হয়। অবাক হয় কুলসুমও। ওরা খড়ম কিনে নেয়। ডুলাও কিনে নেয়। তারপর ঘুরে ঘুরে কেনে চিনিবাতাসা, বেলুন, লাড্ডু, হাওয়াই মিঠাই।সন্ধ্যা হয়ে আসে। মা বলে, ‘চলো, এবার বাসায় ফিরি।’ বাবা বলে, ‘চলো, এবার বাসায় ফিরি।’ ওরা ফিরে যেতে থাকে। কুলসুমের এক হাতে ডুলা, খড়ম, শিকে। অন্য হাতে লাল-নীল বেলুন। কুশিয়ারার এক হাতে চিনিবাতাসা, লাড্ডু, হাওয়াই মিঠাই। অন্য হাতে গোলাপি-হলুদ বেলুন। যেতে যেতে কুশিয়ারা জিজ্ঞেস করে, ‘আচ্ছা বাবা, বৈশাখী মেলায় এসব পুরোনো জিনিসপত্র বিক্রি হয় কেন?’ বাবা বলে, ‘বৈশাখী মেলা আমাদের ঐতিহ্যের মেলা। তাই আমাদের ঐতিহ্যের জিনিসগুলো এই মেলায় বিক্রি হয়।’ কুশিয়ারা প্রশ্ন করে, ‘ঐতিহ্য মানে কী, বাবা?’ বাবা বলে, ‘আমাদের, তোমাদের পূর্বপুরুষেরা যেসব ব্যবহার করে এসেছেন, সেই প্রসিদ্ধ জিনিসগুলো, ব্যাপারগুলো।’ বুঝতে পারার ভঙ্গিতে ওপর-নিচ মাথা নাড়ে কুশিয়ারা। মাথা নাড়ে কুলসুমও। তারপর একটা ডুলা, এক জোড়া খড়ম, একটা শিকে কুশিয়ারার হাতে দেয় কুলসুম। তারপর চিনিবাতাসা, লাড্ডু, হাওয়াই মিঠাই কুলসুমের হাতে দেয় কুশিয়ারা।