বোকা জমিদার ও হতভাগ্য টিয়া
আজ তোমাদের একটি টিয়া পাখির গল্প শোনাব। গল্পটা আমাকে অনেক দিন আগে বলেছিলেন আমার গল্পমামা। গল্প শোনাতে ওস্তাদ ছিলেন বলে তাঁর ওই নাম দেওয়া হয়েছিল।টিয়া পাখি তো তোমাদের সবার চেনা। সারা শরীর স্নিগ্ধ সবুজে ছাওয়া। বাঁকানো টুকটুকে লাল ঠোঁট। গোল গোল হলুদ চোখ। গলায় লাল রঙের রিং বা কাঠি। পোষমানা এই টিয়া পাখি কিন্তু প্রাণী হিসেবে খুব ভালো। এ রকম একটি ভালো টিয়ার গল্প এটি।বিক্রমপুর পরগনার নাম তো তোমাদের সবার জানা। সেই পরগনায় ছিলেন এক জমিদার। তিনি টিয়া পাখি খুব ভালোবাসতেন। তাঁর নিজের একটি চমত্কার টিয়া ছিল। রোজই জমিদার সাহেবের সঙ্গে খেলত আর তাঁকে খুব মজা দিত সে। এর বাড়ি ছিল আমাদেরই আরেক পরগনা বরেন্দ্রে। ওর মা-বাবা উড়ে উড়ে কবে ওখানে এসেছিল, সে খবর তো আর কেউ রাখে না। তো, ওই টিয়াটির জন্ম হয়েছিল বিক্রমপুরে। ওর মা-বাবা কিন্তু আবার বরেন্দ্রে ফিরে গিয়েছিল। সে থেকে গিয়েছিল বিক্রমপুরে।একদিন টিয়াটির মা-বাবা আর ভাইবোনদের কথা খুব মনে পড়ল। সে জমিদারের কাছে গিয়ে সেই কথাটি বলে এক মাস ছুটি চাইল। এ কথা শুনে তো জমিদার আকাশ থেকে পড়লেন, ‘বলিস কী তুই, এক মাস! সে তো লম্বা সময়, তখন আমি কার সঙ্গে খেলব, আমোদ করব? তা ছাড়া তুই গেলে তো আর ফিরবি না।’টিয়া তখন খুব কাকুতি-মিনতি করে বলল, ‘আমি আপনাকে কথা দিচ্ছি, এক মাসের মধ্যেই ফিরে আসব।’‘না রে, টিয়া, তোকে এত দিন সময় আমি দিতে পারব না। ১৫ দিনের মধ্যে ফিরতে হবে তোকে।’নিরুপায় টিয়া তাতেই রাজি হয়ে গেল, আর জমিদার খাঁচা খুলে একে মুক্ত করে দিলেন। পাখিটি অল্প কিছুক্ষণের মধ্যেই তাঁর দৃষ্টিসীমার বাইরে চলে গেল। জমিদার মনে মনে ভাবলেন, ও আর কোনো দিনও ফিরে আসবে না। বন্দিশালা থেকে বেরিয়ে গিয়ে কেউ কি আবার সেখানে ফিরে আসে?টিয়াটি দেশে ফিরে মা-বাবা, ভাইবোন, বন্ধুবান্ধব আর আত্মীয়স্বজনের সঙ্গে মহা সুখে দিন কাটাতে লাগল। এ-বাড়ি ও-বাড়ি ঘুরে, আমোদ-ফুর্তি করতে করতে জমিদারের দেওয়া নির্ধারিত সময় পেরিয়ে গেল। এখন আবার তাকে খাঁচায় গিয়ে বন্দিজীবন বরণ করে নিতে হবে। মন তার ভারি খারাপ হয়ে গেল। বিদায়ের আগে সবাই এল তার সঙ্গে দেখা করতে। তাদের অনেকেই বলল, ‘থেকে যাও বরেন্দ্রে। ওখানে গিয়ে খাঁচায় বন্দী হয়ে কী লাভ?’টিয়াটি বলল, ‘না, সে হয় না, আমি তাকে কথা দিয়েছি ফিরে যাব।’ ‘কথা না রাখলে কী হবে? তোমার মনিব ভদ্রলোকটিও তো মানুষ হিসেবে খুব একটা সুবিধের নন। না হলে নিজের ফুর্তির জন্য তোমাকে খাঁচায় আটকে রাখবেন কেন! বাদ দাও ওসব, থেকে যাও...’ওদের প্ররোচনা সত্ত্বেও টিয়া তার মত পরিবর্তন করল না। তখন তার মা তাকে বলল, ‘আমাদের অঞ্চলে এক ধরনের অদ্ভুত ফল জন্মে, এর নাম জীবনফল। ওই ফল খেলে বুড়ো জোয়ান আর বুড়ি তরুণী হয়। তোর মালিকের জন্য ওই ফল নিয়ে যা। আর এর বিনিময়ে তাঁর কাছ থেকে চেয়ে নে তোর মুক্তি।’তার ওই কথায় সমবেত সবাই সায় দিল। তখন তার মা তাকে তিনটি ফল এনে দিল জমিদারকে দেওয়ার জন্য।তখন সে সবাইকে বিদায় জানিয়ে আকাশে পাড়ি জমাল। মনিবের বাড়িতে পৌঁছাতে বেশ কদিন লেগে গেল তার।ফল তিনটি মনিবের হাতে দিয়ে টিয়া সবকিছু খুলে বলল তাঁকে। বুড়ো জমিদার এ কথা শুনে তো মহা খুশি। তিনি বললেন, ‘এ রকম হলে তোমার মুক্তি নিশ্চিত। একটি ফল তিনি তাঁর স্ত্রীকে দিয়ে বাকি দুটি একটি পাত্রে রেখে দিলেন।কেমন করে যেন ওই খবর নায়েবের কানে গিয়ে পৌঁছাল। হিংসায় জ্বলেপুড়ে মরতে লাগল সে, ‘কী, বুড়ো জমিদার জোয়ান হবে!’ এই ইচ্ছা মাটি করতে এক ফন্দি আঁটল সে। জমিদারকে গিয়ে বলল, ‘পরীক্ষা না করে ফল খাবেন না, হুজুর! সর্বনাশ হবে!’ সে তখন কৌশলে একটি ফলের ভেতর বিষ ঢুকিয়ে দিল, আর ওটি খেতে দিল দুটি বিড়ালকে। ফলটি খাওয়া মাত্র ছটফট করতে করতে বিড়াল দুটি মরে গেল। তা দেখে তো জমিদার মহা খাপ্পা। নায়েব বলল, ‘ভাগ্যিস আপনি খাননি, হুজুর, তাহলে আপনাকেও এভাবে মরতে হতো।’ ক্রুদ্ধ জমিদার টিয়াটিকে খাঁচা থেকে বের করে গলা টিপে মেরে ফেললেন। ওই ঘটনার পর তাঁর মেজাজ বিগড়ে গেল। একজন বুড়ো চাকরের ওপর তিনি কী কারণে যেন খুব রাগারাগি করলেন। শেষ পর্যন্ত তার গর্দান নেওয়ার হুকুম দিলেন তিনি। ওই কঠিন কাজটি না করে জমিদারের লোকজন তাকে দিয়ে পাখির আনা একটি ফল খাইয়ে দিল আর তাতে সে মরে যাওয়ার বদলে চোখের পলকে তরতাজা যুবকে পরিণত হলো। তার বয়স ৮০ বছর থেকে নেমে কুড়িতে এসে দাঁড়াল।এই কাণ্ড দেখে জমিদার তাঁর ভুল বুঝতে পারলেন। টিয়াটির জন্য তাঁর মন খুব খারাপ হয়ে গেল। কোনো বিচার-বিবেচনা না করে অন্যের কথায় কান দিয়ে নিরীহ একটি পাখিকে হত্যা করে মহা অন্যায় করেছেন, এই অনুতাপ নিয়ে তিনি বেঁচে রইলেন।