বোল ফোটাল বিড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তানের মুখে মিষ্টি ‘মা’ ডাক মায়ের কানে সুধা ঢালে। শিশুপুত্র লরকান ডিলনের এই ডাক থেকে বঞ্চিত ছিলেন যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বাসিন্দা জেন ডিলন। কীভাবে কথা বলতে হয়, সাত বছর পার করেও শেখেনি লরকান। অথচ ওর চার বছর বয়সী ছোট ভাই লিউক স্পষ্ট কথা বলে!একদিন ঘটে গেল এক অভাবনীয় কাণ্ড! মা জেন ডিলনের সামনে লরকান বলে উঠল, ‘আমি তোকে ভালোবাসি রে!’তবে এই মমতাভরা কথা আপনজনকে বলেনি লরকান। বলেছে নিঃসঙ্গ জীবনের একমাত্র সঙ্গী পোষা বিড়াল জেসিকে। এত দিনে খেলার সঙ্গী জেসি অবশ্য লরকানের ঘরের আপনজনের চেয়ে কম নয়। একজন চিকিৎসক অনেক চেষ্টা করেও যে কাজ করতে পারেননি, জেসি তা-ই করেছে। বন্ধুত্বের জোরে বোল ফুটিয়েছে নির্বাক লরকানের মুখে। এর পুরস্কারও পেয়েছে জেসি। ক্যাটস প্রটেকশন অ্যাওয়ার্ডসের প্রথম পুরস্কারটি জুটেছে তার। গত মাসে লন্ডনের স্যাভয় হোটেলে ঘটা করে এ পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে অনলাইনের ইউটিউবে ছাড়া হয়েছে লরকান ও জেসির আনন্দময় সময় কাটানোর কিছু ছবি। এর মধ্যে লক্ষাধিক দর্শক এই ভিডিওচিত্র উপভোগ করেছে। নিঃসঙ্গ লরকান আসলে বুকভরা কথা নিয়ে নির্বাক দুনিয়ায় বাস করছিল এত দিন। এর পেছনে ছিল একটি সমস্যা। এই সমস্যার নাম ‘সিলেক্টিভ মিউটিজম’। এক জরিপের ফলাফলে দেখা গেছে, যুক্তরাজ্যে প্রতি এক হাজারে একজন করে শিশু এই জটিল সমস্যায় ভুগছে। ওদের কথা বলার ক্ষমতা আছে, কিন্তু মুখে বোল ফোটাতে পারছে না। এমনকি অভিব্যক্তি প্রকাশের ক্ষমতাও নেই। বিশেষজ্ঞরা বলেন, স্নায়ুর ওপর প্রচণ্ড চাপ থেকে এ সমস্যা দেখা দিতে পারে। ওরা নিজের ভেতর এক নির্বাক দুনিয়ায় বন্দিজীবন কাটায়। দেখা যায়, এসব শিশু ঘরের ভেতর হয়তো দু-একটা কথা বলে, কিন্তু বাইরের কারও সামনে গুটিয়ে যায়। মা জেন বলেন, এটা আসলে বুকচাপা এক কষ্টের ঘটনা। লরকান যে লাজুক, তা নয়। দোকান-টোকানে কেনাকাটায় নিয়ে গেলে দেখা যেত, সবার সামনে লাফালাফি করছে ও; নেচে বেড়াচ্ছে। এত লোক দেখছে, কিন্তু ওর লজ্জা করছে না। সমস্যা ছিল যত কথা বলায়।’লরকানের মুখে স্বাভাবিক কথা ফোটাতে অনেক চেষ্টা করা হয়েছে। কথা বলানোর বিশেষ কৌশল হিসেবে পাঁচ বছর বয়স থেকে দেওয়া হয়েছে স্পিচ থেরাপি। এর পরও কিছুতেই কিছু হচ্ছিল না। বন্ধুহীন লরকানের নিঃসঙ্গতা কাটাতে বিড়াল জেসিকে নিয়ে এলেন তিনি। শিগগিরই জেসির সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল লরকানের। এর পরের ঘটনা তো এখন সবারই জানা। শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: ডেইলি মেইল।