বড় ছোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীপ আব্বুর কোলে। নিটোল আব্বুর পাশে দাঁড়ানো। বিকেলে ঘুম থেকে উঠেছে দীপ। এখনো ঘুমের রেশ কাটেনি। আব্বু চোখে পানি দিয়ে দিয়েছে। তাড়া দিয়ে বলে, যাও রেডি হয়ে নাও। আমরা এখুনি বাইরে হাঁটতে যাব। —না, না, আমি যাব না, যাব না, বলে দীপ হাত পা ছুড়তে থাকে। পাশে দাঁড়ানো নিটোল বলে, থাক বাবা, না যেতে চাইলে তুমি আর আমি চলো। ও তো এখনো ছোট। বড়ো হলে যাবে। —ইহ, আমি বলো। দীপের ঘুম ঘুম ভাব কেটে যায়। কান্নাও থেমে যায়। —বড়ো, বড়ো হলে তুমি কোলে উঠেছ কেন?—এই যে দেখ, আমি তোমার চেয়ে বলো। বাবার কাঁধে মাথা রাখা ছিল দীপের। নিটোলের কথা শুনে সোজা হয়ে যায় মাথা। আব্বুকে ঠেলে নিটোলের পাশ বরাবর নিয়ে আসে। দুজন এখন সমান্তরাল। নিটোলের মাথা হাত দিয়ে ছুঁয়ে সে খিল খিল করে হাসে—এই যে তুমি ছোট। —ইস্। এভাবে অন্যের কোলে উঠে বড়ো হওয়া যায় না। নিজের পায়ে দাঁড়াও তো দেখি। নিটোল ভেংচি কেটে বলে। ২—এই শফিক, এক গ্লাস পানি দিয়ে যাও। পড়ার টেবিলে বসে পড়তে পড়তে বলে নিটোল। শফিক নিটোলদের বাসায় কাজ করে। দু-তিন বছর ধরে আছে ওদের বাসায়। শফিক পানি দিয়ে যায়। নিটোল ঢক ঢক করে পানি গলায় ঢালে। আবার পড়া শুরু করবে। তখুনি আব্বু এসে পাশে দাঁড়ান। ‘তুমি ওকে শফিক বলে ডাকো কেন, ও তো বয়সে তোমার বড়ো। এখন থেকে শফিক ভাইয়া ডাকবে।’—আমি ভাইয়া ডাকতে পারবো না। —কেন মা? বড়োদের ভাইয়া ডাকতে হয়, তুমি কি জানো না?—কিন্তু তুমিই তো বলেছ, যারা পড়ালেখা করে না, তারা বড়ো হতে পারে না। আব্বু একটু দ্বিধায় পড়ে যান। তার কথাতেই তাকে জব্দ করতে চাইছে নিটোল। —হ্যাঁ বলেছি, কিন্তু যাদের সামর্থ্য আছে কিন্তু পড়াশোনা করে না, তাদের জন্য বলেছি। ওদের তো সামর্থ্য নেই। —সামর্থ্য কী? —এই যে, টাকাপয়সা নেই। —আমাদের কি টাকাপয়সা আছে?—হ্যাঁ, আছে। —কই, আমার কাছে তো নেই। —আমার কাছে আছে। সে টাকাই তো খরচ করছি তোমাদের জন্য। ওদের তুলনায় আমরা বড়লোক। —মানে ওর আব্বার চেয়েও তুমি বড়ো?—হ্যাঁ মা। এই তো তুমি বুঝেছ। —ওর আব্বু তো অনেক বুড়ো। ওনার চেয়ে তুমি কী করে বড়ো হও? নিটোলের চোখে মুখে যুদ্ধ জয়ের উল্লাস চকচক করে। আব্বু চুপ দেখে নিজেই উপসংহার টানে: তাহলে তো আমিও শফিকের চেয়ে বড়ো। আমি কেন শফিককে ভাইয়া ডাকব? ৩এক সন্ধ্যায় আব্বু আর আম্মু বাইরে যান। অফিসের পার্টিতে দাওয়াত ছিল দুজনের। বাসায় দীপ আর নিটোল একা। হঠাত্ বিদ্যুত্ চলে যায়। জেনারেটর আছে নিটোলদের ফ্ল্যাটে। কিন্তু কী কারণে যেন সেদিন জেনারেটর কাজ করে না। শফিক বাইরে গেছে। দোকানে। নিটোল পড়ছিল। এ সময় লাইট চলে যায়। সব অন্ধকার। দীপ কাঁদতে থাকে। ‘আমাল ভয় কলে। আমাকে আম্মুর কাথে দিয়ে আথো।’নিটোলেরও ভয় করছিল। কিন্তু তবুও প্রকাশ করে না। আম্মু যাওয়ার সময় বলে গিয়েছিল দীপকে দেখে রাখতে। বলেছিল, তুমি বড়ো। ওকে দেখে রাখবে। নিটোলের তাই ভয় লাগলেও কাঁদতে পারে না। কান্না গিলে ফেলতে হয়। বড়দের কি কান্না করা সাজে? —অন্ধকাল। আমাল ভয় কলে। দীপের কান্না থামে না। নিটোল দেখেছে, জেনারেটর না থাকলে আম্মু মোমবাতি ধরান। নিটোল তো এখন বড়ো। তার এখন আম্মুর মতোই ব্যবস্থা নেওয়া উচিত। সে রান্নাঘরে যায়। লাইট চলে গেলে আম্মুকে দেখেছে চুলা ধরাতে। দেশলাই কাঠি ম্যাচ বাক্সে ঘসলেই ফস করে জ্বলে ওঠে। একদম সোজা ব্যাপার। ম্যাচ খুঁজে বের করে নেয় সে। চুলার নিচেই ছিল। নিটোল দেখেছে, আম্মু প্রথমে চুলা জ্বালান। তারপর সেখান থেকে মোমবাতি। চুলা জ্বালানোটা একদম সহজ ব্যাপার। একটা নব ঘোরালেই হয়। ফস ফস করে গ্যাস বেরোয়। খুব সহজেই চুলা ধরায় নিটোল। নিজের ওপর নিজে খুব খুশি। সে তো সত্যি বড়ো হয়েছে। আম্মু তো এ জন্যই তাকে দীপের দায়িত্ব দিয়ে গেছেন। আগুন জ্বলছে চুলায়। এবার মোমবাতি জ্বালাতে হবে। নিটোল একহাতে মোমবাতি ধরে চুলোর আগুনের দিকে মোমবাতির সুতো বাড়ায়। আগুন ধরে। কিন্তু চুলোর কাছ থেকে মোমবাতি সরাতে গেলেই সঙ্গে সঙ্গে নিভে যায়। আবার চেষ্টা করে। আবার নিভে যায়। নিটোল হতাশ। কী করে? কী করে? হঠাত্ মনে পড়ে যায়, আম্মু মাঝে মাঝে কাগজ দিয়ে আগুন ধরান। চারদিকে খুঁজে পেতে একটা কাগজ নিয়ে আসে। ভাঁজ করে তাতে আগুনে ধরায়। জ্বলে না। আবার নতুন করে ভাঁজ করে আগুনে বাড়ায়। হঠাত্ দাউ দাউ করে জ্বলে ওঠে। নিটোলের হাতে আঁচ লাগে। ‘মাগো, বাবাগো’ বলে চেঁচায়। আগুন বাড়ছে। নিটোল কী করবে, ভেবে পায় না। হাউমাউ করে কাঁদতে থাকে। শফিক গিয়েছিল দোকানে। ফেরত এসে ঘরে ঢুকেছে মাত্র। নিটোলের চিত্কার শুনে দৌড়ে রান্না ঘরে ঢোকে। এক ঝটকায় নিটোলের হাত থেকে কাগজের টুকরোটা নিয়ে ছুড়ে ফেলে দেয়। তারপর পা দিয়ে লাথি মেরে নিভিয়ে ফেলে আগুন। নিটোলের হাত ধরে এক ঝটকায় রান্নাঘর থেকে বের করে আনে। কিছুটা ধমক দিয়েই বলে, তোমাকে কে বলেছে আগুন ধরাতে? রান্নাঘরে গেলেই বা কেন? নিটোল দুই হাতে চোখ ঘসতে ঘসতে ফুঁপিয়ে বলে, লাইট চলে গেছে তো, তাই মোমবাতি ধরাতে গেলাম। —আম্মু বলেছে না, ছোট মানুষ চুলা ধরাতে নেই? —কিন্তু বড়োরা না থাকলে আমি কী করবো? তুমিও তো বাইরে চলে গেলে। —আমি তো কিছুক্ষণের জন্য গেলাম। চলে তো আসতাম। ততক্ষণ অপেক্ষা করতে পারলে না? রাতে আম্মু আসার পর পুরো ঘটনাটা খুলে বলে নিটোল। কোনো কিছু ঘটলে আম্মুকে দাঁড়ি, কমাসহ না বলা পর্যন্ত পেট ফেঁপে থাকে তার। মুখ চুলবুল করে। আম্মু সব শুনে মাথায় হাত দিয়ে বলেন, আজ কী যে হতো আমার মেয়েটার? আমি বাইরে গেলেই একটা না-একটা অঘটন ঘটে। আর বাইরে যাব না। তারপর শফিককে ধমকে বলেন, তুই বাইরে গেলি কেন? —আপনিই তো বললেন ডিম আনতে....—তাই বলে যখন কারেন্ট গেল তখন যাবি নাকি? —আমি যখন যাই, তখন তো কারেন্ট ছিল। আমি বেরোবার পরই তো গেল। নিটোল দাঁড়িয়ে শুনছিল আম্মু আর শফিকের কথাবার্তা। হঠাত্ বলে ওঠে, ‘আম্মু, শফিক ভাইয়াই তো আমাকে বাঁচিয়েছে। শফিক ভাইয়া না থাকলে আজ যে কী হতো’? আম্মু ইশারায় শফিককে সরে যেতে বলে নিটোলকে ধমকান: ‘শফিক ভাইয়া যে কী? আদিখ্যেতা দেখে বাঁচি না।’—বাহ্, শফিক ভাইয়া তো আমার বড়ো। ভাইয়া ডাকবো না? —অশিক্ষিত। পড়াশোনা জানে না। —পড়াশোনা না জানলেও বড়ো হওয়া যায়। তুমিই তো বলেছ। শফিক ভাইয়া তো অনেক কাজ জানে।—কিন্তু ওরা আর আমরা তো এক না। —কেন নয়? ওরা কী? আর আমরা কী?—ওরা ছোট লোক। আম্মু দ্বিধা ঝেড়ে ফেলে বলেন। —আর আমরা? —আমরা বড়লোক। —বড়লোক মানে কী? —মানে জানতে হবে না। আব্বু তখন দীপকে কোলে নিয়ে ঘরে ঢুকেছেন। রাত এগারোটা। আব্বু-আম্মু ঘুমোয়নি, তাই দীপও ঘুমোয়নি তখনো। নিটোলের মনে পড়ে যায় দীপের সঙ্গে ঝগড়ার কথা। দীপ আব্বুর কোলে। মাপলে ও তো আমার চেয়ে লম্বা হবে। তাই না? কিন্তু সেটাকে কি ‘বড়ো হওয়া’ বলে? টাকা থাকলেও তেমনি কেউ বড়ো হয় না। হওয়া যায় না।নিটোল ভাবছে।